'কবিতায় সুদৃঢ় ভ্রাতৃত্বের বন্ধন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কবিতা সবার, সব জায়গার মানুষের। কবিতায় সুদৃঢ় হচ্ছে দুই দেশের ভ্রাতৃত্বের বন্ধন।’ ভারতের আগরতলা থেকে আসা আবৃত্তিশিল্পী মনীষা পাল চৌধুরীর এই কথা ধ্বনিত হয় চট্টগ্রামের শিল্পীদের মনেও। গত ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় নগরের ফুলকির একে খান মিলনায়তনে সম্মিলিত আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম আয়োজিত অনুষ্ঠানে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

আসরে শুরুতে মনীষা পাল চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের শিল্পীরা। এরপর সম্মিলিত আবৃত্তি পরিষদের সভাপতি আবৃত্তি রাশেদ হাসানের সভাপতিত্বে আয়োজন করা হয় কথামালা। মনীষা পাল চৌধুরীর সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

অনুষ্ঠানে শিল্পীরা আবৃত্তি করেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, পূর্ণেন্দু পত্রী, নির্মলেন্দু গ‌ুণসহ তরুণ কবিদের কবিতা। প্রমার আচরারুল হক পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাঁশি’। রাবেয়া সুলতানা ও পার্থ প্রতিম মহাজন শোনান শুভ দাশ গুপ্তের ‘কাল্লু’ কবিতাটি। প্রমার পর আবৃত্তি নিয়ে মঞ্চে আসেন নরেন আবৃত্তি একাডেমির রাফাহ নানজীবা, রিপন ধর ও শেখ ফাহাদ মিয়া। নির্মাণ আবৃত্তি অঙ্গনের পুষ্পা সর্ববিদ্যা আবৃত্তি করেন জয় গোস্বামীর ‘বেনি মাধব’। চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের ফাহমিদা ইয়াসমিন, ফারহানা মিলি ও ফারুক আজমের কণ্ঠে সুবোধ সরকারের ‘শাড়ি’, হুমায়ুন আজাদের ‘বিশ্বাস’ ও ‘সূর্য সেনের চিঠির অংশ বিশেষ’ মুগ্ধ করে শ্রোতাদের। বিভাস আবৃত্তি চর্চাকেন্দ্রের গৌরী নন্দিতা, সুচয়ন ললিতকলা কেন্দ্রের ফারিহা তাহসিন, কামনাশীষ চক্রবর্তী ও সর্বনী রায় আবৃত্তি করেন ‘ছাড়পত্র’, ‘প্রশ্ন’ ও ‘ক্ষমা কর হযরত’। বর্ণ আবৃত্তি পাঠশালার জাহানারা করিম আবৃত্তি করেন সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’, কণ্ঠনীড় আবৃত্তি চর্চাকেন্দ্রের জিনাত আকতার ও তাজুল ইসলাম শোনান আবুল হাসানের কবিতা ‘উচ্চারণগুলো শোকের’ ও ‘ভারত এক খোঁজ’।

সবশেষে মঞ্চে আসেন মনীষা পাল চৌধুরী। তিনি পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের কবিতা ‘বিদ্রোহী’, ‘সৃষ্টি সুখের উল্লাসে’, ‘অন্তর মম বিকশিত কর’ ও ‘পরিচয়’।