'কর্তৃপক্ষের কাছে আমরা চিরঋণী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটজ্বর চলে গেলেও চিকুনগুনিয়ার জ্বর যাচ্ছে না। এই জ্বর নাকি থাকবে সেপ্টেম্বর পর্যন্ত। এডিস মশার নতুন প্রজন্মই দায়ী এই জ্বরের জন্য। যেকোনো সময় আক্রান্ত হওয়ার আগেই এই প্রজন্মের এক এডিস মশার সঙ্গে কথা বললেন মাসউদ ফোরকান
আঁকা: রাজীব
আঁকা: রাজীব

রস+আলো: আপনাদের পূর্ববর্তী প্রজন্ম ডেঙ্গু জ্বরের বাহক। আপনারা সেই পথে না গিয়ে নতুন এ কী ভাইরাস নিয়ে এলেন?

এডিস মশা: বাবার হোটেলে বসে আর কত খাওয়া যায়? বাপ-দাদাদের গল্পই-বা আর কত? আমরা মশা হয়ে উড়ে বেড়াই বলে ভাববেন না যে আমাদের নিজের পায়ে দাঁড়াতে হয় না। তাই আমরা এই তরুণ প্রজন্ম বাপ-দাদাদের পথে না হেঁটে নতুন কিছু করার চেষ্টা করেছি। কী বলেন, কাঁপিয়ে দিয়েছি না?

র.আ.: তা তো বটেই। আপনাদের পূর্ববর্তী প্রজন্মের পদবি ছিল ডেঙ্গু, কিন্তু আপনাদেরটা কেন চিকুনগুনিয়া রাখা হলো?

এ.ম.: নাম তো চিকুনই হওয়া উচিত, মোটা হলে তো স্মার্ট হতো না। আমাদের মা-বাবারা মনে করতেন, ‘কী আছে জীবনে, কত দিনই-বা বাঁচব! মরব যখন খেয়েই মরি।’ আমরা আধুনিক যুগের স্মার্ট মশা। ডাক্তাররা বলেছেন, কম খেলে নাকি বেশি দিন বাঁচা যায়। আবার জিরো ফিগারেরও অন্য রকম মর্যাদা আছে বর্তমান বিশ্বে।

র.আ.: আপনাদের লক্ষ্য কী? এভাবে জ্বর ছড়িয়ে কী লাভ হচ্ছে আপনাদের?

এ.ম.: দেখেন, আপনারা অনেক অলস। আমরা কামড় দিলে বাসায় সাত-আট দিন বিশ্রামেই তো থাকছেন। আমাদের ধন্যবাদ না দিয়ে বরং উল্টো ধিক্কার জানাচ্ছেন। আপনারা এত অকৃতজ্ঞ কেন?

র.আ.: আপনারা এত উপকারী, আগে ঠিক বুঝে উঠতে পারিনি। তবে আপনারা ঢাকাকেই কেন বেছে নিলেন?

এ.ম.: ও ভুলেই গেছিলাম। সাক্ষাৎকারের শুরুতেই স্মরণ করা উচিত ছিল আপনাদের যথাযথ কর্তৃপক্ষদের। তাদের কাছে আমরা চিরঋণী। ঢাকা আমাদের জন্য স্বর্গ। এ রকম অসম্ভব সুন্দর জায়গা মশাদের জন্য পৃথিবীতে খুব কমই আছে। কর্তৃপক্ষ এত আন্তরিক না হলে আমাদেরও হয়তো তিলে তিলে মরতে হতো। আমাদের কতজনের মা-বাবা আগে মশার স্প্রেতে মারা গেছেন!

র.আ.: কবে যাচ্ছেন আপনারা, সেটা কি বলা যায়?

এ.ম.: গোপন তথ্য ফাঁস করে দেব? এখন যেমন বৃষ্টি হচ্ছে, আপনারা তো আমাদের আপন ভাবতে পারেননি। ফলে কবিগুরুর ভাষায় বলতে পারছি না, ‘এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিষায়।’ তাই কিছু কথা থাক না গোপন!

র.আ.: আচ্ছা, একটা কথা। আপনারা সাধারণ মানুষদেরই শুধু কামড় দেন কেন? কর্তৃপক্ষের কাউকে তো কামড় দেন না!

এ.ম.: তাদের কেন কামড় দেব? তাদের স্নেহেই তো আমরা লালিত-পালিত। তারা আপনাদের জন্য ঢাকাসহ পুরো দেশকে বসবাসের উপযোগী করে তুলেছে। আর আমাদের জন্য উপযোগী পরিবেশ কিন্তু সাধারণ জনগণই তৈরি করে। যা হোক, অনেক কথা বলে ফেললাম। এখন কাউকে কামড়াতে ইচ্ছা করছে। আপনাকে একটা কামড় দিই, কেমন?

র.আ.: সরি সরি! দয়া করে আমার সর্বনাশ করবেন না!

এ.ম.: বললেই হলো! কুটুস...