‘কষ্টমাখা শ্মশানে’ বিচ্ছেদের কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুর রবের সঙ্গে বিয়ে হয় সালমা আকতারের (ছদ্মনাম)। বিয়ের সময় রব ছাত্র ছিলেন। ঘরজামাই হিসেবে ছিলেন তিনি। রব-সালমার সংসারে জন্ম হয় দুই সন্তানের। সুখের সংসারে ভালোবাসার অভাব ছিল না, কিন্তু সন্দেহ-অবিশ্বাস থেকে একদিন অশান্তি নেমে আসে। চট্টগ্রাম সিটি করপোরেশনের সালিসি পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান তাঁদের বিবাহবিচ্ছেদ কার্যকর করার আদেশ দেন। আদেশের চুম্বক অংশ তুলে ধরা হলো উভয়পক্ষ হাজির হয়েছে। আপসনামার আবেদন দাখিল করেছে। দেখলাম। আইনগত বাধ্যবাধকতা না থাকলেও উভয়পক্ষের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হয়েছেন। সালমা আকতার করুণ স্বরে বলেন, ‘আমি আমার বাচ্চাদের দিকে তাকিয়ে সংসার টিকিয়ে রাখতে চাই।’ রব বলেন, ‘স্যার, আমার পক্ষে সম্ভব নয়। এ ধরনের দুর্ব্যবহার আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়।’সালমা বলেন, ‘ওকে ছাত্রাবস্থায় বিয়ে করেছি, তার পড়াশুনার খরচ চালিয়েছি। ও আমাদের বাড়িতে ঘরজামাই ছিল। তার দুইটি সন্তানও পেটে ধরেছি। লালন-পালন করছি। শেষপর্যন্ত এ প্রতিদান পেলাম! বিচার একদিন হবেই।’রব বলেন, ‘যা হোক, আমি সব দেনা-পাওনা মিটিয়ে দিয়েছি। ওরা আমাকে মামলায় জড়িয়েছে। সেই মামলা প্রত্যাহার হলেই ভালো হয়। আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। আমার মান-সম্মান সব গেছে। আর কোনো ভাবেই সংসার করা সম্ভব নয়।’এ সময় সালমার দুই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। কেমন জানি শূন্য-নির্বাক দৃষ্টিতে সালমা একদিকে তাকিয়ে ছিলেন। এ অসহায় দৃষ্টির শেষসীমা কোথায় তা বিধাতা ছাড়া কেউ জানে না। সালিসি কক্ষে সম্পূর্ণ নীরবতা নেমে আসে। বিশাল এক শোক যেন পুরো সালিসি কক্ষকে আচ্ছন্ন করে ফেলেছে। পুরো পরিবেশটা যেন কষ্টমাখা শ্মশানের প্রতিমূর্তি হয়ে ওঠে। আদেশে বলা হয়, গুমোট পরিবেশ কিছুটা স্বাভাবিক হলে নথি পর্যালোচনা করা হয়। ইতিমধ্যে বিধিবদ্ধ সময় অতিক্রান্ত হয়েছে। অতএব, সালিসি পরিষদের রীতি অনুসারে দ্য মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স, ১৯৬১-এর ৭(৩) ধারায় আনুষ্ঠানিকভাবে তালাক কার্যকর করা হলো।