‘কাঁদব না, এখন লড়ব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী খুন হলেন। চোখে শুধুই অন্ধকার। দুটি সন্তান নিয়ে কী করবেন? ভেবে কূল পাচ্ছিলেন না। পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল। বারবার মনে পড়ছে গুলিতে ক্ষতবিক্ষত স্বামীর দেহ। বাঁচার আকুতি ছিল। কিন্তু পারলেন না। শোকে পাথর হয়ে গেলেন। নাওয়া-খাওয়া নেই। এর মধ্যে প্রতিদিন দঙ্গলে দঙ্গলে মানুষ আসতে লাগল। তাঁরা সান্ত্বনা দেন। সাহস জোগান। একসময় নিজের মধ্যেও পরিবর্তন অনুভব করলেন। সিদ্ধান্ত নিলেন: ‘আর কাঁদব না, এবার লড়ব।’ এভাবেই স্বামীর মৃত্যুর পর ঘুরে দাঁড়ানোর কথা বলছিলেন সাতকানিয়ার নলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান তসলিমা আকতার (৩৩)। ২০১২ সালের ১১ এপ্রিল উপনির্বাচনে সাত পুরুষ প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়ে নির্বাচিত হন তিনি। সম্প্রতি তাঁর সঙ্গে কথা হয় নলুয়ার মুন্সিরপাড়ার বাড়িতে।একেবারে সাদামাটা জীবন। ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এখন জনপ্রতিনিধি। বিষয়টি কীভাবে দেখছেন? তসলিমা বলেন, ‘স্বামী যখন ইউপি চেয়ারম্যান ছিলেন, তখন তাঁর কর্মকাণ্ড দেখে বিরক্ত হতাম। আমাদের সময় দিত না। এ নিয়ে ঝগড়াও কম হয়নি। এখন বুঝি, এ দায়িত্ব কতটা কঠিন। সবার কথা শোনা আবার সমাধান দেওয়া। ঝক্কি অনেক। তার পরও এখন নলুয়ার মানুষই আমার কাছে সব। সব সময় তাঁদের পাশে থাকতে চাই।’ ইউপি চেয়ারম্যান থাকা অবস্থায় স্বামী খুন হলেন। একই চেয়ারে বসলেন আপনিও। নিজের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা কি আছে? কথাটা বলার সঙ্গে সঙ্গে তসলিমার চেহারায় ফুটে ওঠে দৃঢ়তা। তিনি বললেন, ‘আমি আল্লাহকে ভয় করি, কোনো দুর্বৃত্তকে নয়। এখন লড়ব। নলুয়ার মানুষই আমার শক্তি।’ কাজ করার সময় কি কোনো বাধা আসছে? ‘বাধা অনেক। আমার স্বামীর হত্যাকারীরা এখনো সক্রিয়। তারা নানাভাবে বেকায়দায় ফেলতে চায়। তার পরও যেকোনো কাজে সঠিক সমাধান দিচ্ছি। এটাই বড় জবাব।’ বললেন তসলিমা। তসলিমা আকতার এসএসসি পাস করেছেন যশোর বিমানবন্দর উচ্চবিদ্যালয় থেকে। এইচএসসি ঢাকার তেজগাঁও কলেজ আর স্নাতক (পাস) পাস করেন নাসিরাবাদ সরকারি মহিলা কলেজ থেকে। বাবার বিমানবাহিনীর চাকরির কারণে পড়ালেখা করতে হয়েছে বিভিন্ন স্থানে। এখন দুই সন্তান নওশীন (৯) ও জায়েদকে (৮) নিয়ে কাটছে দিন।