‘কাজির গরু কেতাবে আছে গোয়ালে নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজ-কলমে সাতকানিয়া উপজেলার কেওচিয়া বন গবেষণাকেন্দ্রের আওতাধীন জমির পরিমাণ এক হাজার ৮৪ একর। তবে তা শুধু হিসাবেই সীমাবদ্ধ। বেদখল হতে হতে সেই আয়তন ঠেকেছে এখন মাত্র ১৫০ একরে। ‘কাজির গরু কেতাবে আছে গোয়ালে নেই’ অবস্থা। বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরই) দখলদারদের বিরুদ্ধে মামলা করেছে। বছরের পর বছর চলছে এসব মামলা। এখনো একটি মামলারও সুরাহা হয়নি। দখলদারেরাও আছেন বহাল তবিয়তে।বিএফআরই সূত্র জানায়, স্বাধীনতার পর থেকে এ গবেষণাকেন্দ্রের জমি দখল চলছে। দখলে নেয় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। তাঁরা এসব জমিতে বাগান করে গাছ বিক্রি করছেন। কেউ কেউ করেছেন মাছের খামার। আবার কেউ জমি বিক্রি করে দিয়েছেন অন্যজনের কাছে। এখন নামেমাত্র কয়েকটি বাগান নিয়ে টিকে আছে এটি। তারপরও এখনো থামেনি দখল তৎপরতা। দখলদারদের রুখতে হিমশিম খেতে হচ্ছে কর্মকর্তা-প্রহরীদের।সরেজমিনে দেখা গেছে, ইনস্টিটিউটের কার্যালয় থেকে ৫০ গজের মধ্যে জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে মাছের খামার। আরও ভেতরে বাগানের দিকে যেতেই দেখা যায় একরের পর একর দখল করে গড়ে তোলা বাগান। এসব বাগানে দখলদারেরা রোপণ করেছেন একাশিয়া ও মেনজিয়াম প্রজাতির গাছ। কারণ এসব গাছ দ্রুত বড় হয়। ফলে তিন-চার বছর পর পর গাছ কাটা যায়। কেন্দ্রের স্টেশন কর্মকর্তা সুশান্ত চক্রবর্তী জানান, গবেষণাকেন্দ্রের প্রায় ৭০০ একর জমি নিয়ে মামলা চলছে জেলা প্রশাসনের সঙ্গে। কারণ বিএস রেকর্ডে এসব জমি খাস দেখানো হয়। পরে ১৯৯৯ সালে পটিয়া সাব জজ আদালতে রেকর্ড সংশোধন মামলা করে গবেষণাকেন্দ্র। ২০০৮ সালে মামলার রায় হয় গবেষণাকেন্দ্রের পক্ষে। এরপর জেলা প্রশাসন উচ্চ আদালতে আপিল করে। মামলাটি এখন সেখানে বিচারাধীন। এ ছাড়া বিভিন্ন সময় জমি দখলের অভিযোগে মামলা করা হয় ইলিয়াস চৌধুরী, তসলিম উদ্দিন চৌধুরী, বুলবুল আর বেগম, খায়রুন্নেছা, মো. নুরুল কাদের ও মো. নুরুন্নবীর বিরুদ্ধে। এসব মামলার বেশির ভাগ এখন উচ্চ আদালতে বিচারাধীন।কেন্দ্র সূত্র জানায়, ১৯৬৬ সালে কেওচিয়া, ছাদহা ও মাহালিয়া মৌজার তিন কিলোমিটার এলাকা নিয়ে গড়ে তোলা হয় কেওচিয়া বন গবেষণাকেন্দ্র। নগরের ষোলশহরের বন গবেষণা ইনস্টিটিউটের অধীনে বন চাষপদ্ধতির (সিলভি কালচারস) কার্যক্রম পরিচালিত হয় কেন্দ্রটিতে। কিন্তু এখন গবেষণাও চলছে খুঁড়িয়ে। আধুনিক কোনো যন্ত্রপাতি নেই। নতুন বাগান সৃজনের চেয়ে রক্ষা করতে সময় ব্যয় হচ্ছে বেশি। কেন্দ্রের প্রহরী ইদ্রিস মাহমুদ বলেন, ‘বনজ সম্পদ পাহারায় আছি আমরা মাত্র চারজন প্রহরী। তাও কোনো অস্ত্র নেই। একমাত্র ভরসা লাঠি। তার ওপর দখলদারেরা স্থানীয় প্রভাবশালী। নিজেরা ঝুঁকি নিয়ে বন রক্ষার চেষ্টা করছি।’দেখা গেছে, বীজতলারও করুণ হাল। নামেমাত্র কিছু চারা রয়েছে। কেন্দ্রের বাগানের পরিচিতি ফলকে (সাইনবোর্ড) ৫৫ প্রজাতির গাছের উল্লেখ থাকলেও বেশির ভাগ গাছের অস্তিত্ব নেই। পরিচিতি ফলকের সত্যতা দেখানোর জন্য কিছু প্রজাতির নামেমাত্র কয়েকটি গাছ রাখা হয়েছে। তবে ৩ ও ২ দশমিক ৩২ হেক্টরে আগর ও পামওয়েলের বাগান রয়েছে। স্থানীয় কয়েকটি সূত্র জানায়, কেন্দ্রের কর্মকর্তাদের যোগসাজশে জমি দখল চলে। বিশেষ করে ছাদহা এলাকায় দখলের তৎপরতা বেশি। যে কয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে দখলদারের সংখ্যা তার দ্বিগুণ। এসব কর্মকর্তারা অবগত আছেন। দখলদারেরা বাগানের গাছ কাটার সময় বগানপ্রতি টাকাও দেন কর্মকর্তাদের।এ প্রসঙ্গে বিএফআরইয়ের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘যোগসাজশের প্রশ্নই আসে না। আমরা গত এক বছরের মধ্যে প্রায় সাত একর জমি দখলমুক্ত করেছি।’ গবেষণা কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে বলেন, যেটুকু জমি আছে তাতেও গবেষণা কার্যক্রম চলছে। তবে দখলদারের পেছনে দৌড়াতেই সময় যাচ্ছে বেশি। তা ছাড়া সাইনবোর্ডে যেসব গাছের পরিচিতি আছে, কমবেশি সবগুলোই আছে।