‘কাজের সময় তো আনন্দই লাগে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলাবাগানের পূজামণ্ডপে তখনো কাজ চলছে। ষষ্ঠীর দিন। ঠুকঠাক শব্দ হচ্ছে হাতুড়ির। রঙের কাজও হয়ে গেছে। যাঁরা কাজ করছেন, তাঁরা এই পড়ন্ত বেলায়ও দুপুরের খাবার খাওয়ার সময় পাননি। রান্না হয়েছে, কিন্তু কাজ শেষ না করে কি খাওয়া যায়?আয়োজনটা অনেক বড়। মাঠের বড় একটি জায়গাজুড়ে প্যান্ডেল করা হয়েছে। সেখানে চেয়ার বসছে। এখনো বাদ্যি-বাজনা শুরু হয়নি। র‌্যাব আর পুলিশের কিছুসংখ্যক সদস্য বসে আছেন। উৎসুক জনতার কেউ কেউ কলাবাগান মাঠে ঢুকে কাজ দেখছেন। এই কর্মযজ্ঞে ঢুকে আমরা খুঁজে বের করি যতীন্দ্র সূত্রধরকে। ৪৭ বছর বয়স তাঁর। মণ্ডপের কাঠ আর রঙের কাজের তত্ত্বাবধান করছেন তিনি।কত দিন ধরে এই কাজ করছেন?‘২৭ বছর ধরে।’সব সময়ই কলাবাগানে কাজ করেন?‘না। এইবারই করলাম। যখন যেইখানে সুযোগ পাই, সেইখানেই কাজ করি। এই কাজই তো আমারে বাঁচায় রাখে।’আপনার দোকান কোথায়?‘দোকান নাই। সবাই আমারে চিনে। কাজটাজ দেয়।’অন্য সময়ও একই কাজ করেন?‘এইটাই তো আমার পেশা। ধরেন, বাণিজ্য মেলার কাজ করি। যেখানে যে মেলা বসে, সেখানেই কাজ খুঁইজ্যা নিই।’প্রতিমাও কি গড়েন?‘না। কলাবাগান মণ্ডপে প্রতিমা গড়েছেন মুন্সিগঞ্জের শ্রীনগরের গকুল পাল। আমি বাইরের সাজসজ্জার কাজটা করি।’কেমন লাগে কাজ করতে?‘কাজের সময় তো আনন্দই লাগে।’এই পেশায় এলেন কেন?‘এটা তো আমাদের জাতিগত পেশা। এই পেশাতেই থাকব।’এখনো তো মানুষজন আসছে না। পূজা জমবে কখন?‘আজ রাতে ষষ্ঠী হবে। আশপাশের লোকজন আসবে। এরপর যে তিন দিন, তখন দেখবেন, মানুষের ভিড়।’আপনি কি এবার শুধু ঢাকার কলাবাগানেই কাজ করলেন?‘না। কলাবাগান ছাড়াও গুলশানের মণ্ডপে কাজ করছি।’বৌদি আসবেন না পূজা দেখতে?‘যদি বাড়িতে না যায়, তাহলে অবশ্যই আসবে।’বাড়ি কোথায়?‘হবিগঞ্জ।’বাচ্চাকাচ্চা আছে?‘দুই ছেলে আমার। অনিক সূত্রধর আর মানিক সূত্রধর। বড়টা পড়ে ক্লাস সিক্সে। ছোটটা একেবারেই ছোট। সাড়ে তিন বছর বয়স।’কাজ করে কেমন আয় করেন?‘চইলা যায় আরকি। অবশিষ্ট কিছু থাকে না, আবার ধারও করতে হয় না। কাউরে ধার দিতেও পারি না।’শুনলাম, এই চারটার সময়ও দুপুরের খাবার খাননি?‘না, খাইতে পারি নাই। কাজ শেষ না হইলে কি খাইতে মন চায়? তবে দুইটা সমুচা আর একটা ম্যাঙ্গো জুস খাইছি।’আমরা সাজসজ্জার দিকে দৃষ্টি ফেরাই। প্রতিটি কাজের মধ্যেই শিল্পীমন খুঁজে পেতে কষ্ট হয় না। পূজার সাজসজ্জার কাজটি যে যেনতেন রকমে করা যায় না, সে কথা এখানে কাজ করতে আসা প্রত্যেকেই জানেন। ফলে যতটা নিখুঁত করা যায়, সে চেষ্টা চালিয়ে যান সবাই। যতীন্দ্র সূত্রধর যাঁদের নিয়ে কাজ করছেন, তাঁদের বারো আনাই তাঁর স্বজন। ভাগনে, ভাতিজা, নাতি—সবাই এসেছেন কাজ করতে। কাজের শেষে যে আয় হবে, তা দিয়ে কিছুদিন নিশ্চয়ই ভালোভাবে কেটে যাবে তাঁদের, এরপর আবার নতুন কাজ। আপাতত উৎসবের আনন্দে তাঁদের মন ভরে যাক। পূজা দেখতে আসা একজন মানুষও যদি বলে ওঠে, বাহ! অসাধারণ মণ্ডপ তো! তাহলেই যতীন্দ্র সূত্রধরসহ কর্মঠ মানুষেরা পেয়ে যাবেন ওড়ার আকাশ।