
প্রায় ৪০ বছর আগের কথা। বর্ষাকাল। এলাকার বড়খালের মোকামবাজারের কাছে কালভার্ট নেই। পানি বেশি থাকায় খাল পার হতে পারছে না এক স্কুলছাত্রী। দেখে রবি মিয়ার মনে দাগ কাটে। দেড় দিনে একাই পাশের জমি থেকে মাটি কেটে খাল পারাপারে সরু বাঁধ তৈরি করে দেন। সেই বাঁধ দিয়েই চলতেন এলাকাবাসী। সেখানে এখন কালভার্ট হয়েছে।
রবি মিয়ার বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের সোয়াবালি গ্রামে। তাঁর বয়স এখন ৭৫। এই এলাকায় রাস্তাঘাট ভাঙলে, রাস্তায় গর্ত হলে, বর্ষায় রাস্তার গর্তে পানি জমে গেলে, রাস্তার দুই পাশ অপরিষ্কার হয়ে গেলে কাউকে কিছু বলতে হয় না। নিজ থেকেই রাস্তা ঠিক করে দেন রবি মিয়া। চার দশক ধরে বিনা পারিশ্রমিকে গ্রামের রাস্তা মেরামত করছেন তিনি। এর সঙ্গে যুক্ত হয়েছে রাস্তার পাশে গাছ লাগানো।
জীবনব্যাপী করা এ কাজের জন্য কোনো পারিশ্রমিক কিংবা প্রশংসা পাওয়ার চিন্তা আসেনি রবি মিয়ার মাথায়। উল্টো পাগল উপাধি জুটেছে। তবে কাজটি তাঁর নেশা। মানুষের উপকার হবে, এতেই তাঁর শান্তি।
সম্প্রতি একদিন দুপুরে গ্রামে রবি মিয়ার খোঁজে গেলে তাঁর বাড়িটি চিনতে অসুবিধা হলো না। এলাকার সবারই যে এই বাড়িটি চেনা। তবে অনেকের চোখেই বিস্ময় এ রকম আত্মভোলা, স্বার্থশূন্য কাজপাগল মানুষকে খোঁজা হচ্ছে দেখে। রবি মিয়ার সম্পর্কে একটু জানার আগ্রহ দেখাতেই গড়গড় করে অনেকে তাঁর কাজের ফিরিস্তি দিতে থাকলেন।
ফতেহপুর ইউনিয়নের সোনাপুর সড়কের পাশে টিন ও বাঁশ-বেতের বেড়ার ছাপরামতো ঘর। ডাক দিতেই ভেতর থেকে বেরিয়ে এলেন কাঁধে লাল কাপড় ঝোলানো ঝাঁকড়া, উষ্কখুষ্ক চুলের হালকা-পাতলা এক বৃদ্ধ। ইনিই রবি মিয়া।
সরাসরি তাঁর কাজের বিষয়ে জানতে চাওয়া। বললেন, তখন বয়স আনুমানিক ৩৫ বছর। মাত্র বিয়ে করেছেন। এখানে-ওখানে ঘুরে বেড়াতেন। কেমন একধরনের অস্থিরতা ছিল নিজের ভেতর। এ রকম একটা সময় হঠাৎ মনে হলো, কিছু করতে হবে। মানুষের উপকার করতে পারলে ভালো হয়। খেয়াল করলেন, এলাকার সব রাস্তাই কাঁচা। অনেক স্থানে খাল, কিন্তু সাঁকো নেই। বর্ষাকালে নারী ও শিশুদের খাল পারাপারে সমস্যায় পড়তে হয়। এ অবস্থায় একদিন কোদাল হাতে কাজে নেমে পড়লেন রবি মিয়া। রাস্তার যেখানে গর্ত, পাশের জমি থেকে মাটি কেটে সেই গর্ত ভরাট করা শুরু করলেন। যেখানে পানি জমেছে, সেই পানি যাতে গড়িয়ে যেতে পারে, সে জন্য নালা তৈরি করে দিলেন। রাস্তার যেখানে ঝোপঝাড়-আগাছা; পরিষ্কার করে দিলেন। একই সঙ্গে শুরু করলেন রাস্তার পাশে নানা জাতের গাছ রোপণ।
রবি মিয়ার এসব কাজকর্মে এলাকাবাসীর মনে জন্ম নেয় কৌতূহল, বিস্ময়। কেউ কেউ প্রশ্ন তোলেন, মতলবটা কী? কেউ ভাবেন রবি মিয়ার মাথায় হয়তো সমস্যা দেখা দিয়েছে। না হলে নিজের খেয়ে কার অত শখ বনের মোষ তাড়ানোর! কিন্তু এসবে কান দেওয়ার লোক নন সোয়াবালির রবি মিয়া। রোদে-বৃষ্টিতে কোদাল নিয়ে আপন মনে কাজ করে চলছেন। ৭৫ বছর বয়স হয়েছে, কিন্তু থামেননি তিনি।
গোবিন্দপুর গ্রামের বৃদ্ধ কৃষক শ্যামা মিয়াসহ (৮২) কয়েকজন জানান, রবি মিয়া মোকামবাজারের বিভিন্ন দোকানের ফাঁকা জায়গায় কুমড়া-কদুর গাছ লাগান। সেগুলো দোকানের চাল বেয়ে বেড়ে ওঠে। দোকানিরাই সেগুলো খান। কেউ ইচ্ছা করলে রবি মিয়াকে কিছু দেন। না দিলেও কোনো দুঃখ নেই তাঁর।
সরেজমিনে লাউয়ের চারা লাগানোর নমুনাও দেখা গেল। তাঁর বাড়ি থেকে আসার বেশ খানিকটা পরে মোকামবাজার এলাকায় কোদালে করে একটি লাউয়ের চারা নিয়ে যেতে দেখা গেল তাঁকে। হয়তো কোথাও প্রাকৃতিকভাবে জন্মেছিল চারাটি। এখন ফাঁকা জায়গা খুঁজছেন, যেখানে চারাটি রোপণ করা যাবে।
এলাকাবাসী জানান, একসময় রাস্তা ঠিকঠাক করার পাশাপাশি রাস্তার পাশে আম, জাম, বট, কাঁঠাল, শিরীষসহ নানা জাতের গাছ লাগাতেও শুরু করেন রবি মিয়া। এলাকার সোনাপুর উচ্চবিদ্যালয় সড়ক, রাজনগর-বালাগঞ্জ খেয়াঘাট সড়ক, মেদিনীমহল সড়কে এরই মধ্যে বিভিন্ন জাতের ৩০০ থেকে ৪০০ গাছ লাগিয়েছেন। গাছের যত্ন করেছেন। অনেক গাছই এখন ডালপালা মেলে আকাশছোঁয়া। অনেক গাছে ফল ধরেছে। কিন্তু কখনো নিজে সেই ফলের দিকে নজর দেননি। এ নিয়ে রবি মিয়া বলেন, ‘মাইনসের দরকারে লাগাইছি। মাইনসে নিব, ফল ধরলে খাইব। গাছে পাখি বইব। আমার আর কিতা! এতেই আমি খুশি।’
মোকামবাজারের ব্যবসায়ী মোস্তফা কামাল চৌধুরী (৩৮) বলেন, ‘ছোট থেকে দেখে আসছি লোকটাকে। নিজের ঘরদুয়ার নাই। কিন্তু অন্যের কাম করতে আছেন।’ ক্লাস শেষে বাড়ি ফেরার পথে সোনাপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী লিজা; কলি, অষ্টম শ্রেণির হবিবা ও ফারজানা জানাল, কোদাল ছাড়া একদিনও তারা রবি মিয়াকে দেখেনি।
রবি মিয়ার সেবামূলক কাজের পরিধি তাঁর নিজ গ্রাম সোয়াবালি বা ফতেহপুর ইউনিয়নেই সীমাবদ্ধ নেই। তা ছাপিয়ে এখন উপজেলার মুন্সিবাজার ও পাঁচগাঁও ইউনিয়নেও ছড়িয়ে পড়েছে। এসব ইউনিয়নের বিভিন্ন কাঁচা-পাকা সড়কে পাওয়া যাবে তাঁর কাজের ছাপ। কাজটা শুরু হয়েছিল রবি মিয়ার বাড়ির পাশ দিয়ে চলে যাওয়া সোনাপুর সড়ক দিয়ে। একালে তা ছড়িয়েছে মোকামবাজার থেকে দক্ষিণে মধুরবাজার এবং উত্তরে বালাগঞ্জ খেয়াঘাট পর্যন্ত। কাউয়াদীঘি হাওরে গরিব কৃষকদের যাতায়াতের রাস্তাগুলোতেও আছে তাঁর কাজের স্বাক্ষর।
যেভাবে সংসার চলে: বাড়ির পাশেই রবি মিয়ার স্ত্রী মালিকা বিবির (৬০) সঙ্গে দেখা। জানালেন, স্বামীর নিজের ঘরের দিকে খেয়াল নেই। বছরে কিছু ধান পান। সেটা আর শাকপাতা দিয়ে খেয়ে না-খেয়ে দিন চলে তাঁদের।
স্থানীয় কয়েকজন জানান, হাওরে আসা-যাওয়ার রাস্তা ঠিকঠাক করার জন্য কৃষকেরা নিজেরাই ফসল তোলার মৌসুমে রবি মিয়াকে যাঁর যাঁর মতো কিছু ধান দিয়ে যান। তাতেই তাঁর ভাত-কাপড়ের ব্যবস্থা হয়। তবে এ ধানের জন্য কারও কাছে তিনি যান না। নিজের ও সংসারের উন্নতি—এসব বিষয় মাথাতেই আসে না রবি মিয়ার। তারপরও স্ত্রী ও আট ছেলেমেয়ে কারও নেই তাঁর প্রতি কোনো ক্ষোভ বা আফসোস। তাঁর সেবার নেশাকে মেনে নিয়েছেন সবাই।
রবি মিয়ার দুই ছেলে অটোরিকশা চালান। মেয়েদের বিয়ে দিয়েছেন। অন্যরা ছোট ছোট। অভাবের হলেও শান্তির এ সংসার নিয়ে খুব সাদামাটা কথা রবি মিয়ার, ‘একটা পেঁয়াজ আর মরিচ পুড়ি খাইয়া কাম করতাম পারি। সবাই সালাম দেয়। ইজ্জত দেয়। কেউর কাছে কোনো দিন কিছু চাইনি। কেউ কিছু দিলে ইচ্ছা অইলে নেই। নাইলে না।’
বাবাকে নিয়ে মেয়ে সুন্দরজান বেগমের গর্বের শেষ নেই, ‘রাস্তা পরিষ্কার করইন। রাস্তা ঝাড়ু দেইন। আমরার ভালাই লাগে। মন খারাপ অয় না। আমরার বাবা তো অরকমই। মাইনসের লাগি কাজ করি আনন্দ পাইন।’ এই আনন্দের ব্যাখ্যা রবি মিয়ার কাছে এ রকম, ‘কেউ আমারে কাম করার জন্য কয়নি। কেউ বাধাও দেয়নি। প্রত্যেকের একটা আনন্দ আছে। কাজ করি আনন্দ পাই। মনে শান্তি লাগে। দিনে দুই থাকি পাঁচ ঘণ্টা কাম করি। কাম না করলে অসুখ অই যায়।’
কাজের স্বীকৃতি!: ফতেহপুর ইউনিয়নের এমন কোনো রাস্তা নেই, যেখানে রবি মিয়ার কোদাল পড়েনি। রাস্তা ঠিক করার জন্য কারও কাছে টাকা চান না। না খেয়ে থাকলেও হাত পাতেন না। ইউনিয়ন অফিসের সামনে দোকানদারেরা নানা আবর্জনা ফেলে রাখেন। কিন্তু তাঁর কারণেই অফিসের সামনে পরিষ্কার থাকে। সারা জীবন ধরেই এটা করছেন তিনি।—জানালেন ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মঈন উদ্দিন। এই ওয়ার্ডেই রবি মিয়ার বাড়ি।
মঈন উদ্দিন বলেন, রবি মিয়া না চাইলেও তাঁর কাজের জন্য যতটুকু সম্ভব তিনি সহযোগিতা করেন। বয়স্ক ভাতার ব্যবস্থা করে দিয়েছেন নিজ থেকেই।
আর দীর্ঘদিন ধরে নীরবে যে মানুষটি এলাকাবাসীকে সেবা দিয়ে গেছেন, তাঁর জন্য আরও কিছু করা গেলে ভালো হতো বলে মন্তব্য করলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান। তিনি বলেন, এখন স্বার্থ ছাড়া তো কেউ কিছু করেন না। কিন্তু এই মানুষটির কাজের পেছনে এ পর্যন্ত কোনো স্বার্থের খোঁজ মিলল না। পরিচিত সবারই এটা জানা। আর এটাই তো তাঁর কাজের স্বীকৃতি।