'কিছু বিপথগামীর হাতে গোটা দেশ জিম্মি হতে পারে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম বলেছেন, ইসলাম ধর্মের নাম ব্যবহার করে সন্ত্রাসী ও জঙ্গিবাদী কাজে লিপ্ত হয়ে মানুষ হত্যা করছে কিছু বিপথগামী। ইসলামে এসবের কোনো ভিত্তি নেই। তাঁদের হাতে গোটা দেশ জিম্মি হতে পারে না। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

গত বৃহস্পতিবার সকালে কক্সবাজারের চকরিয়া পৌর শহরের বিজয় মঞ্চে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভাপতি রেজাউল করিম।

ডিআইজি শফিকুল ইসলাম বলেন, কারও ছেলে যদি আসরের নামাজের পর বাড়িতে না এসে মসজিদে বসে থাকে অথবা অন্য কোনো জায়গায় যায়, বুঝতে হবে সে কোনো না কোনো সন্ত্রাসী কাজে লিপ্ত হচ্ছে। বাড়িতে যদি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, বুঝতে হবে সে ছেলে বিপথগামী হচ্ছে।

সদস্যসচিব খালেদ মোহাম্মদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তাফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, কক্সবাজার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ মতিউল ইসলাম ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।