'কিছুই লাগবে না শুধু বাঁধ চাই'

গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলার তিন দিকে প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। তিন মাস পার হলেও এখনো সংস্কার করা হয়নি বাঁধ। ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে ঢুকে পড়ছে জোয়ারের পানি। ফলে কষ্টে দিন কাটছে উপজেলার উত্তর ধুরুং, কৈয়ারবিল, আলীআকবরডেইল ও বড়ঘোপ ইউনিয়নের লাখো মানুষের।
২২ আগস্ট সকালে উত্তর ধুরুং ইউনিয়নের আকবরবলী পাড়ায় গিয়ে দেখা গেছে, ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে শত শত ঘরবাড়ি। গৃহহীন অনেকে ভাঙা বেড়িবাঁধের ওপর অস্থায়ী ঝুপড়িঘর তৈরি করে বসবাস করছেন। পাশের জহিরআলী সিকদারপাড়া, চাটিপাড়া, চুল্লারপাড়া ও জুন্মাপাড়াতেও দেখা গেছে একই অবস্থা। জোয়ারের পানির কারণে ঘরের আঙিনায় হাঁটু সমান কাদার আস্তর জমে আছে।
আকবরবলী পাড়ার গৃহবধূ সালমা খাতুন (৪৬) বলেন, ‘ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে আমরা ঘরবাড়ি হারিয়েছি। মাঠের লবণ-ফসল ভেসে গেছে। অভাব অনটনে চলছে সংসার। তারপরও আমাদের কিছুই লাগবে না, শুধু বাঁধ চাই।’
স্থানীয় কৃষক আমজাদ আলী (৫৫) বলেন, ভাঙা রাস্তাঘাট আর বেড়িবাঁধ জোড়া লাগছে না। এলাকার সমস্যা নিয়ে কথা বলার যেন কেউ নেই। কাজকর্ম না থাকায় শ্রমজীবী মানুষগুলো সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ না হলে এখানকার কারও জীবন নিরাপদ হবে না।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্টের সমৃদ্ধি প্রকল্প সমন্বয়কারী ফজলুল হক বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুতে উত্তর ধুরুং ইউনিয়নে প্রায় দুই হাজার পুকুরে লবণ পানি ঢুকে পড়ে। এতে এলাকায় পানীয়জলের তীব্র সংকট দেখা দেয়। এ ছাড়া বেড়িবাঁধ না থাকায় এই ইউনিয়নের অন্তত পাঁচ হাজার মানুষ প্রতিদিন প্লাবনের শিকার হচ্ছেন। জলোচ্ছ্বাসে আজমসড়কটি ভেঙে পড়ায় গত তিন মাস (২১ মের পর থেকে) ধরে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
উত্তর ধুরুং ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী বলেন, ‘এখানকার মানুষের প্রধান দাবি ‘স্থায়ী বেড়িবাঁধ’ নির্মাণ। আমরাও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সময়ের মধ্যে ভাঙা বেড়িবাঁধ সংস্কারের চেষ্টা চালাচ্ছি।’
স্থানীয় লোকজন বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে কক্সবাজার উপকূলে অন্তত ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। এর মধ্যে কুতুবদিয়ায় মারা গেছে প্রায় ৩৪ হাজার। সেই ঘূর্ণিঝড়ের ২৫ বছর পরও কুতুবদিয়ার মানুষ অরক্ষিত। এখন দ্বীপের চারদিকের ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ২০ কিলোমিটারই ভাঙা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সে হারে উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধের উচ্চতা বাড়ানো হচ্ছে না। বেড়িবাঁধের উচ্চতা অন্তত ৩০ ফুট উঁচু না হলে সেই বাঁধ স্থায়ী হবে না।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ঘূর্ণিঝড় রোয়ানুতে এই উপজেলার ছয়টি ইউনিয়নে সম্পূর্ণভাবে ভেঙে গেছে ৬ হাজার ৮০০টি ঘরবাড়ি। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৫ হাজার ১০০টি ঘরবাড়ি। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ হাজার ৪৫০ পরিবারের ৩৩ হাজার ৫০০ লোক। বেড়িবাঁধ না থাকায় এসব পরিবারের দিন কাটছে কষ্টে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সাবিবুর রহমান বলেন, কুতুবদিয়ার ১৪ কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ নির্মাণের জন্য পানিসম্পদ মন্ত্রণালয় প্রায় ৯৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু এখন সাগর উত্তাল থাকায় নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না। শুষ্ক মৌসুমে (নভেম্বর-ডিসেম্বর) এই কাজ শুরু হবে।
বেড়িবাঁধ নির্মাণ নিয়ে গোলটেবিল বৈঠক: ২০ আগস্ট কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে ‘কুতুবদিয়ায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ: সমস্যা ও সমাধানের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। কুতুবদিয়া সমিতি, কুতুবদিয়া প্রেসক্লাব ও কোস্ট ট্রাস্ট যৌথভাবে বৈঠকের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক। তিনি বলেন, কুতুবদিয়ায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সমাপ্ত হবে।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কুতুবদিয়ায় সিসি ব্লকের মাধ্যমে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হয়। অবশিষ্ট কাজও দ্রুত সম্পন্ন করা হবে। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের নারী সাংসদ খোরশেদ আরা হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুতুবদিয়া সমিতি-কক্সবাজারের সভাপতি আ ন ম শহীদ উদ্দিন।
বৈঠকে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের ক্ষেত্রে কিছু সুপারিশ তুলে ধরা হয়। এগুলো হচ্ছে ১. শতভাগ মাটি ব্যবহার করে প্রথমে বাঁধ নির্মাণ এবং তার ওপর সাগরের দিকে স্থায়ী বাঁধের কাজ করা। ২. বাঁধের বর্তমান উচ্চতা আরও পাঁচ ফুট বৃদ্ধি করা। ৩. ছোট ছোট সিসি ব্লকের পরিবর্তে ৪০ ফুট বাই ৪০ ফুট দ্বিস্তরবিশিষ্ট আরসিসি ঢালাইয়ের মাধ্যমে বাঁধ নির্মাণ। ৪. নিচে ও ওপরে উভয় দিকে ৫ ফুট গভীর ও ১২ ইঞ্চি পুরুত্বের প্রতিরোধ দেয়াল নির্মাণ। ৫. দুটি ব্লকের মাঝখানে রাবার দিয়ে তার ওপর বিটুমিন দিয়ে সিল করা, যাতে পানি প্রবেশ করে মাটি স্পর্শ করতে না পারে।