'কুংফু দাদি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লোকে তাঁকে ‘কুংফু দাদি’ বলে ডাকে। নাম ঝাং হেশিয়ান। বয়স ৯৩ ছাড়িয়েছে। চীনের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের বাসিন্দা।
আত্মরক্ষার উপায় হিসেবে কুংফু শিখতে শুরু করেন মাত্র চার বছর বয়সে। তারপর থেকে এই চীনা ক্রীড়াই তাঁর জীবন। টানা ৮৯ বছর ধরে এ সাধনায় মগ্ন আছেন ঝাং। তবে এখন তিনি কেবল শারীরিক সুস্থতা ধরে রাখার ব্যায়াম হিসেবেই কুংফুচর্চা চালু রেখেছেন।
ঝাংয়ের পরিবারের সবাই কুংফু অনুশীলন করেন। এটা তাঁদের প্রায় ৩০০ বছরের উত্তরাধিকার। বয়স অনেক বাড়লেও শিগগিরই কুংফু ছেড়ে দেওয়ার পরিকল্পনা নেই ঝাংয়ের। এখনো সজোরে ঘুষি চালাতে পারেন। সম্প্রতি তাঁর অনুশীলনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে প্রকাশ হলে শোরগোল পড়ে যায়।
ঝাং বললেন, কুংফু সবাইকে নিয়মশৃঙ্খলা ও শক্তির মাহাত্ম্য শেখায়। তিনি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে এই অনুশীলন শুরু করেন। ১৯২৪ সালে তাঁর জন্ম। তখন অন্যান্য দেশের সঙ্গে চীন যুদ্ধ করছিল। তাই আত্মরক্ষার কৌশল হিসেবে কুংফু শেখেন।
ঝাং যে কুংফুর চর্চা করেন, সেটার উৎপত্তি ফুজিয়ান প্রদেশে।
এই ক্রীড়ার ১৫টি প্রকারভেদ আছে। প্রতিটির মধ্যে আবার ৩৬টি করে কৌশল আছে। সবগুলো রপ্ত করতে ঝাংয়ের বছর তিনেক লেগে গিয়েছিল। এখন তিনি সবগুলোতেই পারদর্শী। বললেন, একেবারে শুরুর সময়টাই সবচেয়ে কঠিন মনে হয়েছিল। উবু হওয়ার একটা কৌশল শিখতে গিয়ে তাঁর মাংসপেশিতে খুব যন্ত্রণা হতো। মনে পড়ে, তিনি একসময় বাথরুমে পর্যন্ত যেতে পারতেন না। তা ছাড়া তাঁদের পরিবার দরিদ্র ছিল। অনুশীলনের পর খুব খিদে পেত। কিন্তু খাবার জুটত না।
এসব প্রতিকূলতার পরও ঝাং প্রতিদিন অনুশীলন করতেন। বাঁশের লাঠি নিয়ে প্রতিপক্ষের মোকাবিলা করতে এখনো তিনি খুব পছন্দ করেন। কুংফুচর্চার কারণেই তাঁর ঘুম খুব ভালো হয়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ধরে রেখেছেন। মূলত শাকসবজি খান। তবে সুস্থতার জন্য মাঝে মাঝে অল্পস্বল্প মাংস খান। গর্ব করে বলেন, কখনোই তাঁকে হাসপাতালে যেতে হয়নি। সুস্থ শরীর পেতে হলে ব্যায়াম এবং ইতিবাচক আচরণ করতে হবে। অন্যদের যতটা পারেন সাহায্যও করতে হবে।
পরিবারের সদস্যরা সবাই প্রয়াত হয়েছেন। ঝাং এখন প্রতিবেশীদের কুংফু শেখান। ইন্টারনেটের বদৌলতে খ্যাতি অর্জন প্রসঙ্গে বিনয়ী হেসে বলেন, ‘খ্যাতির কথা কখনো ভাবিনি। লোকে যদি কুংফু ভালোবাসে, তাদের আমার পরিবারের সদস্যরা শেখাতে পারে। আমরা এখানে থেকেই মানুষকে শেখাচ্ছি—কখনো চিন্তা করিনি বাইরের জগতের মানুষজন আমাদের খেয়াল করবে।’