দেশে খাদ্য উৎপাদনে কৃষি ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করছে। ঋণ বিতরণ, আদায়, আমানত বৃদ্ধি ও মুনাফা অর্জনের মাধ্যমে এ ভূমিকা আরও জোরদার করতে হবে। এ ছাড়া, খাদ্য উৎপাদনসহ লাভজনক খাতে ঋণ বিতরণ বাড়াতে হবে। বাংলাদেশ কৃষি ব্যাংক পটিয়া ও বান্দরবান অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের পর্যালোচনা সভায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম এসব কথা বলেন। ১৯ জানুয়ারি চন্দনাইশের দোহাজারী সড়ক ও জনপদ (সওজ) বিভাগের বিশ্রামাগারে অনুষ্ঠিত সভায় কৃষি ব্যাংকের ২৮টি শাখার ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। ব্যাংকের চট্টগ্রাম বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভুইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শাখা নিয়ন্ত্রণ ও ব্যবসা উন্নয়ন বিভাগের উপমহাব্যবস্থাপক এ টি এম আনিসুর রহমান। আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপকদের মধ্যে বক্তব্য দেন খ ম আবুল কালাম আজাদ ও চন্দন কুমার দেব। সঞ্চালক ছিলেন সুবোধ রঞ্জন আচার্য।