'কেউ গোপনে তরুণদের সঙ্গে বৈঠক করছে কি না নজর রাখতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে কক্সবাজারের পেকুয়ায় গ্রাম পুলিশের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পেকুয়া থানা-পুলিশের উদ্যোগে থানা চত্বরে গত বুধবার সকালে এ সমাবেশ হয়। অপরাধী বা জঙ্গিদের বিষয়ে তথ্য লিপিবদ্ধ করতে গ্রাম পুলিশের কাছে একটি করে ডায়েরি ও কলম সরবরাহ করা হয়েছে।
গ্রাম পুলিশদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া বলেন, ইসলাম শান্তির ধর্ম। এটা প্রকাশ্যে প্রচার করা যায়। কিন্তু কেউ গোপনে তরুণদের সঙ্গে বৈঠক করছে কি না, নজর রাখতে হবে। সন্দেহ হলে পুলিশকে দ্রুত জানাবেন।’
ওসি বলেন, ১৫ থেকে ২৫ বছরের কোনো যুবক ১০ দিনের বেশি সময় ধরে নিখোঁজ আছেন কি না খোঁজ নিতে হবে। এ ছাড়া এই বয়সী বাইরের কেউ মেসে থাকলে এবং রাতে অপরিচিত লোকের আনাগোনা দেখলেও খোঁজখবর নিন। বাসার ভাড়াটিয়া ও মালিকের নাম–ঠিকানা সংগ্রহ করবেন। আপনারা গ্রামে গ্রামে সঠিকভাবে দায়িত্ব পালন করলে জঙ্গি ও সন্ত্রাসীদের ঠাঁই কোথাও হবে না।’
সমাবেশে প্রতিটি ইউনিয়নের পক্ষে একজন করে গ্রাম পুলিশ বক্তব্য দেন। তাঁরা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভ টিজিং ও নারী নির্যাতন রোধে পুলিশের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।