'কোনোমতে শাক-ভাত খাইয়া বাঁচি আছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিনারা বেগম
মিনারা বেগম

খালার নাম কী?
‘মিনারা বেগম’
কী করেন?
‘দ্যাখেন না কী করি? কাগুজ টুকাই।’
খালার মেজাজ কি আজ বেশি খারাপ?
এ কথা বলতেই হেসে ওঠেন মিনারা। বসে পড়েন শিখা চিরন্তন বেদিতে।
মিনারার সঙ্গে দেখা হয় ১০ ফেব্রুয়ারি ভোরে, সোহরাওয়ার্দী উদ্যানে। বিড়বিড় করতে করতে সন্তানের হাত ধরে পিঠে বস্তা নিয়ে কাগজ, বোতল খুঁজে বেড়াচ্ছিলেন উদ্যানজুড়ে।
নিজের পরিচয় দিয়ে কথা বলা শুরু করি। তাঁর পরিচয় জানতে চাই। শুনতে চাই তাঁর কথা।
এবার মুখটা একটু ম্লান করে বলেন, ‘আমার কথা শুইন্যা কী করবা! তাও কই। বাপ-মায়ের বড় আদরের মেয়ে ছিলাম। বাপে শখ কইরা নাম রাখছিল মিনারা।’ নিজের কপাল দেখিয়ে বলে, ‘এতটুস (ছোট) কপালে সুখ সইল না। বাপে কাশতে কাশতে পরান দিল, আর হামার কপাল পুড়ল।’
মিনারা বেগমের বাড়ি লালমনিরহাট জেলায়। সাত বছর বয়সী এক সন্তানের মা। ৩২ বছরের মিনারাকে দেখলে মনে হয়, বয়স পঞ্চাশের কোঠা ছাড়িয়ে গেছে। পুষ্টিহীনতা কেড়ে নিয়েছে মুখের সব লাবণ্য।
মিনারা বলে চলেন, ‘অল্প বয়সেই আমার বাপ মরে। দাদা-দাদি, ভাইবোন মিলে নয়জনের সংসার। মায় সবাইর খাওনের জোগার করতে পারত না। এক বেলা কইরা খাইতাম। পাশের বাড়ির এক মহিলার লগে মায় অামারে ঢাকাত কামে পাডায়। বাসায় কাম করি, বাড়িত ট্যাকা পাডাই। এর মদ্দেই ঘটে সর্বনাশ।’
মানে?
একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করেন, ‘এক সইয়ের লগে হাইকোর্ট মাজারে যাওয়া-আসা শুরু করি। মাজারের এক ভক্তরে পছন্দ হয়। ওই ভক্তের লগে অামার বিয়ে হয়। কিন্তু তার লগে ঘর করা হয় নাই। বিয়াডা ভক্ত বিয়াই রইয়া গেছে।’
কয়েক অঞ্চলের ভাষার মিশেলে কথা বলেন মিনারা। থাকেন সোহরাওয়ার্দী উদ্যানে পলিথিনের এক ঝুপড়িঘরে। একটু দম নিয়ে আবার শুরু করেন, ‘ওই ভক্ত স্বামী অামারে ইন্ডিয়াতে নিয়া বেইচা দেয়। সেইহানে কী অত্যাচার! ঠিকমতো খাওন দিত না, নানা কামে বাধ্য করত। একসময় সুযোগ পাইয়া পলাইয়া দ্যাশে আহি। বাড়িত গেলে সবাই অামার নামে কুৎসা কয়। দুঃখে আবার ঢাকা আহি। আবার মাজারে যাই।’
জানতে চাই, তারপর কী হয়?
‘অনেক দিন বিয়া-শাদি ছাড়াই ছিলাম। এরপর মাজারের আরেক ভক্তের লগে বিয়া হয়। দুই বছর ভালাই ছিলাম। কিন্তু ছাওয়ালের জন্মের পর তার বাপ কোতায় যেন চইলা গ্যাছে। কত খুঁজছি, পাইনাই। এরপর থাইক্যা ছাওয়ালরে নিয়া একাই থাহি।’
‘খালা আপনার খাওন–দাওনের কথা বলেন। সকালে কী খেয়েছেন?’
মিনারা বলেন, ‘গরিব মানুষ। ভালো-মন্দ খাওন লাগে, হেইডাত বুজি। কিন্তু খামু ক্যামনে। কাগুজ-বোতুল টুকাইয়া যা পাই, তাতে ছাওয়ালের খাওন হয়, অামারটা হয় না। কোনোমতে শাক-ভাত খাইয়া বাঁচি আছি।’ একটু থেমে বলেন, ‘আবার কত দিন থাইক্যা দ্যাশের অবস্থা ভালা না।’
দেশের অবস্থার সঙ্গে আপনার খাওয়ার কী সম্পর্ক?
‘আরে, হেইডাও বুজ না? কত দিন থাইক্যা হরতাল, মানুষ পার্কে আহে না। মানুষ না আইলে কাগুজ-বোতুল পামু ক্যামনে? কাগুজ-বোতুল নাই, খাওনও নাই।’