দস্যি মেয়ের জয়গাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানিজ সুলতানা বিএনসিসিতে হয়েছেন সেরা মহিলা ক্যাডেট। অভিনয়, বিতর্ক ও খেলাধুলায়ও বিচরণ তাঁর l জুয়েল শীল
কানিজ সুলতানা বিএনসিসিতে হয়েছেন সেরা মহিলা ক্যাডেট। অভিনয়, বিতর্ক ও খেলাধুলায়ও বিচরণ তাঁর l জুয়েল শীল

ছোটবেলা থেকেই ডানপিটে। সমবয়সী আর দশটা মেয়ের মতো পুতুল খেলায় মন বসেনি তার। সারাক্ষণ ছুটে বেড়ানো-গাছে চড়া, নয়তো ফুটবল নিয়ে মাঠে কিংবা ক্রিকেট। মা-বাবা স্কুলে ভর্তি করানোর পর দস্যিপনা বেড়ে গেল কয়েক গুণ। অবশ্য মা-বাবা, শিক্ষক তাতে বিরক্ত হননি, বরং তাকে আশকারাই দিলেন! স্কুলে কোনো অনুষ্ঠান হলে আগ বাড়িয়ে সব কাজ করতে প্রস্তুত ‘পুঁচকে’ মেয়েটি। ঠিকঠাক তার কাজটা করত বড়দের মতোই। এভাবেই এগিয়ে যাওয়া শুরু। রপ্ত করেছেন নেতৃত্বের কৌশল। এই গল্প উদ্যমী তরুণী কানিজ সুলতানার শৈশবের।
কে এই কানিজ সুলতানা। একটু খোলাসা হোক—কানিজ পড়ছেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক তৃতীয় বর্ষে। কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অভিনয়, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, বিতর্কে বিজয়ীর তালিকায় অবধারিতভাবেই থাকে যার নাম। তবে এসব ছাপিয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) চট্টগ্রাম জোনের ২০১৩ সালের সেরা মহিলা ক্যাডেট। এ ছাড়া ঢাকায় অনুষ্ঠিত বিএনসিসির ২০১৩-১৪ সালের কেন্দ্রীয় প্রশিক্ষণ অনুশীলনে দায়িত্ব পালন করেছেন ‘সেন্ট্রাল লেডি ক্যাডেট অ্যাডজুট্যান্ট’ হিসেবে। সারা দেশ থেকে আসা নারী ক্যাডেটদের নেতৃত্ব দেন যিনি। এই পদে এর আগে চট্টগ্রাম থেকে কোনো নারী ক্যাডেট দায়িত্বে ছিলেন না। নেতৃত্বগুণের জন্য সেখানে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সেরা মহিলা ক্যাডেটের স্মারক হাতে‍ l ছবি: সংগৃহীত
সেরা মহিলা ক্যাডেটের স্মারক হাতে‍ l ছবি: সংগৃহীত


সম্প্রতি প্রথম আলো কার্যালয়ে কথা হয় তাঁর সঙ্গে। সাফল্যের পেছনে কোন মন্ত্র কাজ করেছে? এক গাল হেসে বললেন, ‘আমার আত্মবিশ্বাস। যে ভিত গড়ে উঠেছে ছোটবেলা থেকেই। কারণ, আমাকে কখনো কোনো কাজে বাধা পেতে হয়নি। ফলে কোনো কিছুই এখন অসাধ্য মনে হয় না। বাধা যেখানে আছে সেখানে ডিঙানোরও দিকনির্দেশনা থাকে। এটা মেনেই চলি আমি।’
কীভাবে এত দূর আসা? এবার চেহারায় দৃঢ়তা। বললেন, ‘পটিয়ার কৈয়গ্রামে আমার বেড়ে ওঠা। গ্রামের স্কুল থেকে এসএসসি পাস করেছি। তখনো আমি স্কাউটের সঙ্গে ছিলাম। গ্রামে একজন মেয়ে স্কাউটে থাকা খুব একটা সহজ নয়। কিন্তু আমার মা-বাবা সব সময় বোঝাতেন “কোনো বাধাই বাধা নয়, তুই পারবি এগিয়ে যা”। কথাগুলো সব সময় আমার কানে বাজে। এই প্রেরণা আমার পুঁজি। গ্রাম থেকে শহরে এলাম। কলেজের স্যাররাও উৎসাহ দিলেন। এরপরেরটা আমার কাজের স্বীকৃতি।’
একটানা বলে আবার যোগ করলেন, ‘নারীরা এখন আর নিজেকে গুটিয়ে রাখেন না। শৃঙ্খল ভেঙে বেরিয়ে এসেছেন। সমান তালে পাল্লা দিচ্ছেন সব কাজে।’
কানিজ বিএনসিসিতে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ২০১৩-১৪ সালে চট্টগ্রাম জোনের (কর্ণফুলী রেজিমেন্ট) বার্ষিক অনুশীলনে ক্যাডেট কোয়াটার মাস্টার হিসেবে নিয়োগ পাওয়া। এই পদে চট্টগ্রামের সব স্কুল-কলেজের বিএনসিসির ক্যাডেটদের মধ্য থেকে একজনকে নির্বাচিত করা হয়। যিনি সারা বছর ক্যাডেটদের দেখভাল করেন। এই পদে এর আগে কোনো নারী দায়িত্ব পালন করেননি। এ ছাড়া ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ছিলেন সরকারি মহিলা কলেজের বিএনসিসির ক্যাডেট ইনচার্জ হিসেবে। অংশ নিয়েছেন বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায়।
এ তো গেল বিএনসিসিতে সাফল্য। অন্য ক্ষেত্রে? সেখানেও সাফল্যের ধারা ঊর্ধ্বমুখী। তাঁর দল কলেজের ২০১৫ সালের ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটে চ্যাম্পিয়ন, ব্যাডমিন্টনে রানার্সআপ। আর ব্যক্তিগতভাবে নানা পুরস্কার তো আছেই।
এসবের বাইরে কানিজ কাজ করেন সমাজের পিছিয়ে পড়া নারীদের আলোর পথে আনতে। তাঁর গ্রামে ইয়েস (দ্য ইল্ড অ্যানলাইটেন্ড সোসাইটি) ক্লাব নামে একটি সংগঠন গড়ে তুলে সচেতন করছেন নারীদের। বাল্যবিবাহ প্রতিরোধ, নারীদের শিক্ষায় উদ্বুদ্ধ করা ও স্বাস্থ্যসচেতনতা তৈরিতে কাজ করেন তাঁরা। এ ছাড়া লিও ক্লাব, দুর্নীতি দমন কমিটি কলেজ শাখা ও ব্র্যাকের নিরক্ষরতা দূরীকরণ প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন।
কথায় কথায় সময় গড়ায়। শেষ দিকে এসে প্রশ্ন কানিজের স্বপ্ন কী? ‘স্নাতক শেষ করে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা আছে। যদি পরীক্ষায় উত্তীর্ণ হই।’ বললেন কানিজ।