‘কোয়াসিক্রিস্টাল বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে দেখা হচ্ছে’
অধ্যাপক রসায়ন বিভাগবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়নিয়মের বাইরে কেউ হঠাৎ কিছু করে বসলে একটা ‘গেল গেল’ রব ওঠে চারদিকে। আর তেমন তোলপাড়টাই হয়েছিল ইসরায়েলি বিজ্ঞানী ড্যানিয়েল শেচম্যানের ক্ষেত্রে, ১৯৮২ সালে। কারণ, বিজ্ঞানী শেচম্যান ক্রিস্টাল অর্থাৎ স্ফটিকের এমন এক ধরনের গঠন খুঁজে পান, যা কিনা স্ফটিকের এত দিনকার সুপ্রতিষ্ঠিত সংজ্ঞাকেই আমূল বদলে দেয়! ‘অসম্ভব’ মনে হওয়া এ আবিষ্কারের জন্য শেচম্যানকে অনেক গঞ্জনাও সইতে হয়েছিল। তবে এ ধরনের স্ফটিক, যাকে বলে ‘কোয়াসিক্রিস্টাল’, গঠিত হওয়া সত্যিই সম্ভব তা আজ স্বীকৃত। অবশেষে প্রায় ২৯ বছর আগের যুগান্তকারী এই আবিষ্কারের জন্য জড়বস্তু-বিজ্ঞানী ড্যানিয়েল শেচম্যান ২০১১ সালে রসায়ন বিভাগে নোবেল পুরস্কারে ভূষিত হলেন। ক্রিস্টালোগ্রাফির তত্ত্ব অনুসারে নির্দিষ্ট একটি গাঠনিক এককের পুনরাবৃত্তি দ্বারা স্ফটিক গঠিত হয়ে থাকে। কিন্তু কোয়াসিক্রিস্টালে নির্দিষ্ট গাঠনিক এককগুলো সুবিন্যস্ত থাকলেও তাদের কোনো পুনরাবৃত্তি হয় না। শুধু তা-ই নয়, এ ধরনের স্ফটিক পাঁচ গুণ সিমেট্রি বা প্রতিসাম্য দেখায়, যা সাধারণ স্ফটিকের হয় না। কোয়াসিক্রিস্টালের বৈশিষ্ট্যগুলো স্ফটিকের প্রচলিত সংজ্ঞার বাইরে, তা সত্ত্বেও এটি স্ফটিক গঠন করে। বিজ্ঞানী শেচম্যান দেখেছেন এই নতুন পদার্থটি ৪০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় অপরিবর্তিত থাকে। সুতরাং, কোয়াসিক্রিস্টাল ধাতুর মতো দৃঢ়, কিন্তু তেমন তাপ পরিবাহী নয়। এখন কোয়াসিক্রিস্টাল বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে দেখা হচ্ছে, যেমন দাড়ি কামানোর রেজর ব্লেডে, আবার রান্নার পাত্রের আবরণ হিসেবে, যেখানে অতিমাত্রায় তাপসহনশীল পদার্থ ব্যবহারের প্রয়োজন হয়।