‘ক্যাম্পাস ফ্রান্স’ এখন বাংলাদেশে
ফ্রান্সের রয়েছে শিল্প-সংস্কৃতির বহু প্রাচীন এক ইতিহাস। সৃষ্টিশীল কাজের অবাধ সুযোগের দেশ ফ্রান্স। কিন্তু শুধু কলা আর সমাজবিজ্ঞানই নয়, প্রকৌশল, চিকিৎসাসহ ব্যবসায় শিক্ষাতেও যে ফ্রান্সের বেশ কিছু বিশ্ববিদ্যালয় দুনিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে, তা কি জানা আছে সবার।ফ্রান্সে রয়েছে ২২৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ২২০টি বিজনেস স্কুল, ২৯১টি ডক্টরেট স্কুল, ১ হাজার ২০০-এর বেশি গবেষণাগার। ফ্রান্সে পিএইচডি গবেষণা করছেন, এমন এক-তৃতীয়াংশ গবেষকই এসেছেন বাইরের দেশ থেকে।ফ্রান্সে লেখাপড়াসংক্রান্ত কোনো তথ্যই এখন আর বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে অজানা থাকবে না। কারণ ‘ক্যাম্পাস ফ্রান্স’ এখন বাংলাদেশে। কী এই ক্যাম্পাস ফ্রান্স? ফরাসি সরকারের শিক্ষাবিষয়ক একটি উইং (বাতায়ন) হলো ক্যাম্পাস ফ্রান্স। বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্পর্কে জানানোর জন্যই কাজ করে ক্যাম্পাস ফ্রান্স। এক কথায় বললে বলা যেতে পারে, ফ্রান্সে উচ্চশিক্ষার যাবতীয় তথ্যগত সেবা ও দিকনির্দেশনা দিয়ে থাকে ক্যাম্পাস ফ্রান্স। সারা বিশ্বে ১২১টি শাখা রয়েছে এর। বাংলাদেশের শিক্ষার্থীদের সুবিধার্থে বাংলাদেশেও শুরু হলো এর যাত্রা। ১ ডিসেম্বর ঢাকার ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ছোট্ট এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো ক্যাম্পাস ফ্রান্সের আনুষ্ঠানিক যাত্রা।ফরাসি দূতাবাসের সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা ফ্লোর মাইন জানালেন, ফ্রান্স সরকার নিজ দেশের জিডিপির প্রায় ২০ শতাংশ বরাদ্দ রাখে শিক্ষা খাতে। এ কারণে ফ্রান্সে পড়াশোনার খরচ অন্যান্য উন্নত দেশের তুলনায় বেশ কম। সরকারি-বেসরকারি বিভিন্ন বৃত্তি এই খরচ আরও কমিয়ে দেয় শিক্ষার্থীদের।আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বস্ত্র প্রকৌশলের শিক্ষার্থী মাহবুব মোর্শেদ ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ফার্মাসির শিক্ষার্থী সুমন হাসানুজ্জামান এসেছিলেন ক্যাম্পাস ফ্রান্স সম্পর্কে জানতে। ‘ফ্রান্সে যে উচ্চশিক্ষার এত সুযোগ আছে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য, তা জানা ছিল না। ফরাসি ভাষা না জেনেও যে ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য যাওয়া যায়, তাও জানলাম। সে জন্য মনে হচ্ছে, আমাদের মতো শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস ফ্রান্স বেশ সহায়ক হবে।’ অনুষ্ঠান শেষে এমনটাই মত দিলেন এই দুই বন্ধু। ক্যাম্পাস ফ্রান্সের বাংলাদেশ প্রতিনিধি শাখাওয়াত হোসেন জানান, ফ্রেঞ্চ ভাষা জানা না থাকলেও বর্তমানে ফ্রান্সে লেখাপড়ার অসুবিধা নেই। বর্তমানে ছয় শতাধিক কোর্স রয়েছে, যেগুলোতে ইংরেজি ভাষায় লেখাপড়া করা যায়। তবে ফ্রেঞ্চ জানা থাকলে তা বাড়তি সুবিধা হিসেবে কাজে লাগে। বাংলাদেশি শিক্ষার্থীরা ‘ক্যাম্পাস ফ্রান্স’ থেকে ফ্রান্সে উচ্চশিক্ষাবিষয়ক কোনো তথ্য, পরামর্শ, নির্দেশনা নিতে পারবেন বিনা মূল্যে।যোগাযোগ: বৃহস্পতিবার (সন্ধ্যা ছয়টা-রাত নয়টা), শুক্রবার (দুপুর দুইটা-রাত আটটা), শনিবার (বিকেল পাঁচটা-রাত আটটা)২৬ মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা।ফোন: ৯৬৭৫২৪৯, ৯৬৭৫২৫৮।ই-মেইল: [email protected], ওয়েবসাইট: www.campusfrance.org