'ক্যারিয়ার গড়ার প্রথম ধাপ আত্মবিশ্বাসী হওয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ‘জিপি ইউর ডেভেলপমেন্ট পার্টনার’ শীর্ষক কর্মশালায় অ​িতথিদের সঙ্গে শিক্ষার্থীরা
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ‘জিপি ইউর ডেভেলপমেন্ট পার্টনার’ শীর্ষক কর্মশালায় অ​িতথিদের সঙ্গে শিক্ষার্থীরা

ক্যারিয়ার গড়ার প্রথম ধাপ আত্মবিশ্বাসী হওয়া। এই আত্মবিশ্বাস এক দিনে তৈরি হয় না। এ জন্য পড়ালেখার পাশাপাশি নানামুখী সৃষ্টিশীল ও গঠনমূলক কাজে বেশি করে জড়িত হতে হবে। তবেই ভেতরে একটা পরিবর্তন আসবে।
গত সোমবার নগরের প্রবর্তক মোড়ে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের (ইডিইউ) বর্ধিত প্রশাসনিক ভবনে ‘জিপি ইউর ডেভেলপমেন্ট পার্টনার’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও ইডিইউর পরিচালক, ডিন, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে গ্রামীণফোনের উপমহাব্যবস্থাপক মো. মেহেদী হাসান বিন গণি বলেন, ‘আমরা সব সময় গুণগত মানের সেবা দেওয়ার চেষ্টা করে থাকি। ইডিইউ যেহেতু উচ্চশিক্ষায় গুণগত ও আন্তর্জাতিক মানের শিক্ষা নিয়ে কাজ করছে, তাই আশা করব এখানকার চৌকস ও উদ্যমী ছেলেমেয়েরা একদিন বিশ্বে নিজেকে নতুনভাবে মেলে ধরবেন।’ জীবনবৃত্তান্ত (সিভি) লেখা ও ইন্টারভিউ দেওয়ার খুঁটিনাটি বিষয় তুলে ধরে তিনি বলেন, বড় প্রতিষ্ঠানে নিজের জীবনবৃত্তান্ত দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সেখানে ক্যারিয়ার অবজেকটিভ, সামারি ও কাজের অভিজ্ঞতার বিবরণ সুস্পষ্টভাবে দেওয়া আছে কিনা। কখনোই দুই পৃষ্ঠার বেশি সিভি তৈরি করা উচিত নয়। আর সাক্ষাৎকার দেওয়ার আগে আয়নায় নিজের সঙ্গে কথা বলে জড়তা ভাঙার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সার্কেল এইচআর আবদুল্লাহ আল হারুন, হিসাব ব্যবস্থাপক রায়হান হোসাইন, ইডিইউর অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ।
ইডিইউর পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) শাফায়েত চৌধুরী বলেন, গ্রামীণফোন প্রতিবছর ইন্টার্নশিপ ও ট্রেইনি শাখায় দুই ক্যাটাগরিতে
বাছাইয়ের মাধ্যমে ইস্ট ডেল্টার শিক্ষার্থীদের কাজ করার সুযোগ দেবে।