আপনাদের নিশ্চয় মনে আছে, ফুটবল বিশ্বকাপের সময় খেলার মাঠগুলো ভরে উঠেছিল ফুটবলারে। নানা বয়সী শিশু-কিশোর-যুবক তখন চামড়ার গোলকটি নিয়ে মহা ব্যস্ত। ফুটবলের এই আমেজ ছিল বেশ কিছুদিন। এরপর বাংলাদেশ-নিউজিল্যান্ডের একদিনের ক্রিকেট সিরিজ। সিরিজে বাংলাদেশ যখন একটি খেলায়ও জিততে দিল না নিউজিল্যান্ডকে বরং বাংলাওয়াশের গ্লানি শরীরে জড়িয়ে ভেট্টোরিরা বিদায় নিলেন, তখন বদলে গেল মাঠের চেহারা। আবার তিনটি উইকেট, আবার ব্যাট, আবার বল। দেশটা হয়ে গেল ক্রিকেটীয়।দুপুর ১২টার প্রখর রোদে ধানমন্ডি চার নম্বর থেকে খেলার সরঞ্জাম নিয়ে দুই যুবককে হাঁটতে দেখলাম। সরঞ্জামগুলো ক্রিকেটের। এই ভরদুপুরে কোত্থেকে আসছেন ওঁরা?ওঁদেরই একজনের সঙ্গে কথা শুরু হয়। কোত্থেকে আসছেন?‘প্র্যাকটিস ছিল।’কোথায়?‘ধানমন্ডি চার নম্বরে।’আপনি কোন দলে খেলেন?‘ইস্কাটন সবুজ সংঘে।’এ কথা বলতেই ফিরে আসে আমার শৈশব। ইস্কাটনের বিভিন্ন মাঠে আমরা কত খেলেছি ফুটবল। আশির দশকে ফুটবলই ছিল বেশি আকর্ষণীয়। গাউস নগর মাঠ, দিলু রোড মাঠ আর ইস্কাটন সবুজ সংঘের মাঠে তখন টুর্নামেন্ট হতো। পাড়ার দলগুলো বেশ প্রস্তুতি নিয়েই নামত মাঠে। বড়রাও উপস্থিত থাকত অনুপ্রেরণাদায়ক হিসেবে। মনে আছে, চার ফুট ১০ ইঞ্চি উচ্চতার ছেলেদের নিয়ে সবুজ সংঘ মাঠে ছিল টুর্নামেন্ট। আমাদের বিপক্ষ দলে ডাকসাইটে এক খেলোয়াড় এসেছে। দেখেই বোঝা যাচ্ছে, আমাদের তুলনায় ওর বয়স অনেক বেশি। দাড়ি-গোঁফের আভা, শারীরিক গঠন সবই বলে দেয়, এই বয়সে প্রথম বিভাগেই খেলা উচিত ওর। একটি স্কেল ছিল, যা দিয়ে মাপা হতো শারীরিক উচ্চতা। ছেলেটি উতরে গেল। অর্থাৎ খেলতে পারবে। কিন্তু পরক্ষণেই আমাদের এক শুভার্থী ফিসফিস করে আমাদের অধিনায়কের কানে পৌঁছে দিল এক বার্তা, ‘ও টাইট করে বেল্ট পরেছে। বেল্ট খুলিয়ে আবার ওর উচ্চতা মাপতে বলো। আমাদের ‘প্রোটেস্ট’ গৃহীত হলো। দেখা গেল, বেল্টের সুবাদে দুই ইঞ্চি উচ্চতা লুকিয়ে রেখেছিল ছেলেটি। ও আর খেলতে পারল না। ‘দেখে নেব’ বলে শাসিয়েছিল ছেলেটি, কিন্তু আর কোনো দিন কিছুই দেখে নেয়নি ও।এসব স্মৃতির কথা বলতেই ‘ইসহাক সজল নামের ছেলেটি হাসতে থাকে। আমরা ওর কথা শুনতে চাই।আপনার দল কোন বিভাগে খেলে?‘ফার্স্ট ডিভিশনে।’কবে থেকে ক্রিকেট খেলেন?‘আমি ক্রিকেট খেলি প্রায় টেন ইয়ার্স।’১০ বছর! পড়াশোনা করছেন?‘আমি জগন্নাথ থেকে অনার্স করেছি।’এখন কি খেলাধুলার দিকেই মন দেওয়ার ইচ্ছা? আপনি বোলার, না ব্যাটসম্যান?‘অলরাউন্ডার।’দলে কতজন খেলোয়াড়?‘টোয়েন্টি থ্রি। রেগুলার সবাই আসে প্র্যাকটিসে।’এই যে বাংলাদেশ ৪-০তে সিরিজ জিতে নিল, কেমন লাগল আপনার?‘অবশ্যই খুব ভালো লেগেছে।’ভেট্টোরিরা এমন ফল করলেন কেন?‘আসলে ওঁরা ভাবতেই পারেননি বাংলাদেশ এতটা ভালো খেলবে।’আপনার সকাল শুরু হয় কীভাবে?‘সকাল সাড়ে সাতটার দিকে মাঠের দিকে রওনা দিই। তার আগে মা নাশতা তৈরি করে দেন। খেয়েই নারিন্দা থেকে চলে আসি এখানে।’প্রশিক্ষণ শুরু হয় কটায়? কয় নম্বরে বল করেন?‘আটটা থেকে ১২টা। আমি তো অফ স্পিনার, তাই যখন করতে বলে তখন করি। আমি অবশ্য বোলিংয়ের চেয়ে ব্যাটিং বেশি পছন্দ করি।’ব্যাটিংয়ে কত নম্বরে নামেন?‘টু ডাউন বা থ্রি ডাউন। মিডলঅর্ডার।’পড়াশোনা আর করবেন না?‘হ্যাঁ, করব। তবে এখন খেলাটাই চালিয়ে যেতে চাই। খেলায় এখন প্রচুর টাকা আছে।’প্রশিক্ষণের পর কী করেন?‘দুপুরে খাওয়া-দাওয়া করে জিমে যাই। সবজি বেশি খাই।’বই পড়েন?‘ক্রিকেটের বই পড়ি। আমাদের একজন কোচ আছেন, জালাল আহমেদ চৌধুরী। তাঁর বই পড়ি।’এরপর আমরা বিদায় নিই। এই ছেলেরা সারাটা দিন ক্রিকেটকে দিয়ে দিচ্ছে, ভেট্টোরিরা তো আমাদের ভয় পাবেই!