‘ক্রিয়েটিভ চ্যালেঞ্জে’ সেরা চুয়েট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্জ্য অব্যবস্থাপনার কারণে বিপর্যস্ত হচ্ছে পরিবেশ। কিন্তু এ বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনা করে লাগানো যায় অনেক কাজে। তেমনি গৃহস্থলি বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বায়োগ্যাস প্লান্ট করে ‘ক্রিয়েটিভ চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় সেরা হয়েছেন চুয়েটের তিন শিক্ষার্থী।দেশের বিভিন্ন সমস্যা ও সমাধানে তরুণদের ভাবনাকে বিকশিত করার প্রয়াসে সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ক্রিয়েটিভ চ্যালেঞ্জ’ নামের এ প্রতিযোগিতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান (ফিনান্স) বিভাগ এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একটি নির্দিষ্ট সমস্যার সম্ভাব্য সব সমাধান বের করে যুক্তি দিয়ে তা প্রমাণ করতে বলা হয়। সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান বের করে এ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘চুয়েট চারণ’ দল। বিজয়ী দলের সদস্যরা হলেন: সবুক্তগীন আহমেদ, মামনোন আহমেদ ও পানিনি আমিন চৌধুরী।বিজয়ী দলের সদস্য সবুক্তগীন আহমেদ বলেন, ‘বিজয় সব সময়ই আনন্দের। এ বিজয়ের মধ্য দিয়ে চুয়েটের সুনাম বৃদ্ধি করতে পেরে ভালো লাগছে।’জানা যায়, দুই দিনের এ প্রতিযোগিতা ৪ জুন ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তনে শেষ হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৫১টি দল অংশ নেয়। প্রতিযোগিতার প্রথম দিনে ১০টি দল নির্বাচন করা হয় চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা করার জন্য। শেষ দিনে অংশগ্রহণকারী নয়টি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ‘চুয়েট চারণ’ দলটি। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ ও জেনিটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। আয়োজক কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী তামান্না ফেরদৌসি বলেন, ‘সমাজের নানামুখী সমস্যায় ছাত্ররা যাতে উদ্ভাবনী প্রস্তাব তৈরি করে প্রয়োজনীয় সমাধান বের করতে পারে, সে জন্য এ ধরনের প্রতিযোগিতার প্রয়োজন বলে আমরা মনে করি।’