'ক্রীড়া মানুষকে শুধু আনন্দই দেয় না, সুদৃঢ় করে সম্প্রীতি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং l প্রথম আলো
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং l প্রথম আলো

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে অনূর্ধ্ব ১৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২ এপ্রিল থেকে শুরু হয়েছে। টুর্নামেন্ট উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, ক্রীড়া মানুষকে শুধু আনন্দই দেয় না, সুদৃঢ় করে সম্প্রীতি। তিনি ফুটবলের সোনালি সময় ফিরিয়ে আনতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন।
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা ও রাঙামাটি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে চিংহা মং চৌধুরী মারী স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন ও পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান।
টুর্নামেন্টে জেলার ১৪টি দল অংশ নিচ্ছে। প্রথম রাউন্ড চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। এরপর দ্বিতীয় রাউন্ড ১৭ এপ্রিল শুরু হয়ে ২২ এপ্রিল পর্যন্ত চলবে। এর মধ্যে সেমিফাইনালও শেষ হবে। পরে ফাইনালের তারিখ নির্ধারণ করা হবে।
টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি হিসেবে গত ৩১ মার্চ রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আয়োজকেরা জানান, উদীয়মান ফুটবল প্রতিভা খুঁজে বের করতে ১৯৯২ সালে তৎকালীন রাঙামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ অনূর্ধ্ব ১৪ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। মাঝে চার বছর টুর্নামেন্ট বন্ধ থাকে। এ বছর আবার চালু হলো।
উদ্বোধনী খেলায় শাপলা যুব কল্যাণ সংঘ দি মর্নিং স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে ও রংধনু স্পোর্টিং ক্লাব সাপছড়ি রিবেং ক্লাবকে ২-১ গোল পরাজিত করে এবং কলেজ গেট স্পোর্টিং ক্লাব বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। টুর্নামেন্টের অন্য দলগুলো হলো অভিলাষ ক্রিকেট ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, সৃষ্টি স্পোর্টিং ক্লাব, বিলাইছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা, রিজার্ভ বাজার একাদশ ক্লাব, রাঙামাটি রিজেন্সি ক্লাব, জেলা মুকুল ফৌজ, লাল সবুজ স্পোর্টিং ক্লাব ও ফুরোমোন স্পোর্টিং ক্লাব।