জাতীয় তথ্য কমিশনের সদস্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, তথ্য অধিকার আইনটি ক্ষমতাবানের সঙ্গে ক্ষমতাহীনদের লড়াইয়ের হাতিয়ার। এ আইনের ফলে জনগণ অনেক তথ্য জানার সুযোগ পাচ্ছে। দেশ একসময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এ আইনের ফলে অবস্থার অনেক উন্নতি হয়েছে। জনগণকে আইন সম্পর্কে জানতে হবে। ফেনী জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গত সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক। সাদেকা হালিম আরও বলেন, জনগণের তথ্য জানা থাকলে দুর্নীতিবাজেরা দুর্নীতি করতে সাহস পাবে না। সরকারি-বেসরকারি সব অফিস-আদালতের বিশেষ কিছু রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় ছাড়া সব তথ্য জনগণকে দিতে বাধ্য। সভায় জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশ নেন।