‘ক্ষমতাহীন’ নারী ভাইস চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচিত হওয়ার পর তিন বছর কেটে গেলেও এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারেননি উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যানরা। চেয়ার টেবিল থাকলেও কোনো কাজ নেই তাঁদের। অনেকেই নির্বাচিত হওয়ার আগে এলাকার নারীদের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনে কাজ করবেন—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সরকারের কাছ থেকে কোনো বরাদ্দ না পাওয়ায় এসব কাজ করতে পারছেন না তাঁরা। নারী ভাইস চেয়ারম্যানদের প্রাপ্তি-অপ্রাপ্তি ও কাজের অভিজ্ঞতা নিয়ে আজকের বিশেষ আয়োজন। সাক্ষাৎকার নিয়েছেন আমাদের কক্সবাজার, রাঙামাটি ও ফেনীর নিজস্ব প্রতিবেদক এবং টেকনাফ, মহেশখালী, কাপ্তাই, খাগড়াছড়ি, পটিয়া ও মিরসরাই প্রতিনিধি সরকার আমাদের কোনো ক্ষমতা দেয়নি — নাসিমা আকতার ‘নানা সমস্যা নিয়ে প্রতিদিন এলাকার অসহায় নারীরা আমার কাছে ছুটে আসেন। অথচ তাঁদের কোনো ধরনের সাহায্য করতে পারি না।’ এমন হতাশার কথা শোনালেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার। তিনি বলেন, ‘বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর কক্সবাজারের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারছি না। কারণ, আমার মতো মহিলা ভাইস চেয়ারম্যানদের কোনো ক্ষমতা দেওয়া হয়নি।’ নাসিমা আকতার জানান, নির্বাচনের আগে এলাকাবাসীকে তিনি একটি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ ও একটি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর তিন বছরেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে পারেননি বলে হতাশ তিনি। তবে সরকার বরাদ্দ দিলে তিনি নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় কাজ করবেন বলে জানালেন। নাসিমা আকতার জানান, সুনির্দিষ্ট দায়িত্ব না থাকলেও তিনি বসে নেই। শহরের পর্যটন এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় তিনি প্রশাসনকে সহযোগিতা করছেন। নারীদের কর্মসংস্থান ও নির্যাতিত নারীদের আইনি সহায়তা দিতে তিনি নানাভাবে সহযোগিতা করছেন। তবে সরকার সুনির্দিষ্ট দায়িত্ব দিলে তিনি আরও ভালোভাবে কাজ করতে পারতেন বলে জানালেন। নাসিমা আকতার বলেন, ‘কক্সবাজার শহরের প্রধান সমস্যা বাঁকখালী নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়া। এতে শহরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। মশা-মাছির উৎপাতও বাড়ছে। এসব নাগরিক সমস্যা সমাধান করা জরুরি। কিন্তু গত তিন বছরে নানাভাবে চেষ্টা করেও এসব সমস্যা নিয়ে কাজ করতে পারিনি। সরকার যদি আমাকে কাজ করার সুযোগ দেয় তবে দ্রুত সমাধানের চেষ্টা করব।’ আমরা নিধিরাম সর্দার — মুসরাত জাহান কক্সবাজারের রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান বলেন, ‘জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার তিন বছর পার হয়ে গেল, অথচ জনগণের জন্য কিছুই করতে পারছি না। অফিস আছে কিন্তু আমাদের কোনো ক্ষমতা নেই। সরকার মহিলা ভাইস চেয়ারম্যানের তত্ত্বাবধানে উপজেলা পর্যায়ের ১৪টি সরকারি দপ্তর ন্যস্ত করার ঘোষণা দেয়। কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। ক্ষমতা না থাকায় আমরা এখন নিধিরাম সর্দার।’ মুসরাত জাহান গত মঙ্গলবার দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় আরও বলেন, ‘ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে এলাকার নির্যাতিত নারীদের সহায়তা করার জন্য সেল (আইনি সহায়তাকেন্দ্র) গঠনের ঘোষণা দিয়েছিলাম। কিন্তু গত তিন বছরে নানাভাবে চেষ্টা করেও তা করতে পারিনি। এই উপজেলার ১১টি ইউনিয়নের নারীরা বেশি অবহেলিত এবং নির্যাতিত।’ এক প্রশ্নের জবাবে মুসরাত বলেন, ‘বয়স্ক ও বিধবা-ভাতা থেকে গ্রামের দুস্থ নারীরা বঞ্চিত হচ্ছেন। ইউনিয়ন পরিষদের সদস্যরা টাকার বিনিময়ে এবং স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে অযোগ্যদের ওই সুবিধা দিচ্ছেন। তালিকা নিয়ে আমাদের কথা বলার কোনো সুযোগ রাখা হয়নি।’ অবশ্য কিছু সাফল্যের কথাও শোনালেন। তিনি বলেন, ‘গত তিন বছরে এডিবির সহয়তায় ফতেখাঁরকুল ইউনিয়নে দুইটি রাস্তা এবং কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের আওতায় কয়েকটি রাস্তা তৈরি করে দিতে পেরেছি। এর পরও এলাকায় আরও অনেক সমস্যা আছে। এসব নিয়ে কেউ ভাবেন না।’ তিনি জানান, ‘সামনে বর্ষা আসছে। বর্ষার আগে তেমুহনী-আতিক্কাবিবির ঘাট এলাকার সেতুটির দুই পাশের ভাঙা অংশ সংস্কার করা না হলে রামু-মরিচ্যা সড়কটি ঢলের পানিতে তলিয়ে যাবে। এ নিয়ে প্রতিদিন লোকজন আমার কাছে ছুটে আসেন, তাঁরা প্রতিকার চান। কিন্তু আমিতো-নিধিরাম সর্দার।’ উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনে মুসরাত ৪৬ হাজার ৫১৪ ভোট পেয়ে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।নারীর ক্ষমতায়ন চাইলে বিশেষ বরাদ্দ দিতে হবে— মিনতি চাকমানারীদের জন্য কাজ করতে না পারায় অতৃপ্ত রাঙামাটি সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মিনতি চাকমা। সরকারের যথাযথ নির্দেশনার অভাবে জনপ্রতিনিধি হিসেবে মূল্যায়নও পাচ্ছেন না। তাঁর মতে, নারীর ক্ষমতায়ন চাইলে তাঁদের জন্য বিশেষ বরাদ্দ দিতে হবে। গত সোমবার সন্ধ্যায় নিজ বাসভবনে বসে প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলছিলেন মিনতি চাকমা। তিনি বলেন, ‘অনেক আশা নিয়ে নির্বাচন করেছিলাম। কিন্তু এখনো নারী ও শিশুদের উন্নয়নে তেমন কোনো কাজ করতে পারছি না।’ মিনতি চাকমা জানান, সরকারি নির্দেশে উপজেলা পরিষদের আওতাধীন সরকারের বিভিন্ন বিভাগ নিয়ে দপ্তরভিত্তিক স্থায়ী কমিটি হয়েছে। সেসব কমিটিতে তাঁদের সভাপতি করা হয়েছে। কিন্তু কমিটিগুলোর কোনো কার্যকারিতা নেই। সরকারি কর্মকর্তারা তাঁদের কাছে জবাবদিহি করেন না। এখন বলা হচ্ছে, সরকারি কর্মকর্তারা যে স্থায়ী কমিটির কাছে জবাবদিহি করবেন, সেটার জন্য আরও একটি সরকারি প্রজ্ঞাপন আসতে হবে। তারপর সে কমিটিগুলো কার্যকর হবে। মিনতি চাকমা বলেন, প্রায় সময় বিভিন্ন এলাকা থেকে নারীরা কাজের জন্য আসেন। সাধ্যমতো চেষ্টা করি তাঁদের সহযোগিতা করতে। তারপরও মনের অনেক অতৃপ্তি রয়ে যায়। নারীদের নিয়ে কাজ করার যে নির্বাচনী প্রতিশ্রুতি সেটা করা যাচ্ছে না। কারণ নারী উন্নয়নে কোনো বিশেষ বরাদ্দ নেই। নারীর ক্ষমতায়ন চাইলে অবশ্যই নারীদের জন্য বিশেষ বরাদ্দ প্রয়োজন। তিনি বলেন, ‘আদিবাসী নারীরা অনেক কর্মঠ। তাঁদের নিয়ে আর্থ-সামাজিক উন্নয়নে কোনো প্রকল্প গ্রহণ করা হলে সেটা সফল হবে। এ ছাড়া বাঙালি নারীদের নিয়ে শহরভিত্তিক কার্যক্রম গ্রহণ করা যায়।’ এখনো নিজের সম্মানী ভাতাও পাইনি— রায়সোনা চাকমানারী উন্নয়নসহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন দূরের কথা, নিজের সম্মানী ভাতাও পাচ্ছেন না রাঙামাটির বরকল উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রায়সোনা চাকমা। তার ওপর রয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর করা মামলার ঝামেলা।রায়সোনা চাকমা গত সোমবার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও সমাজ উন্নয়নে নিজের ভাবনার কথা প্রথম আলোর কাছে বলছিলেন। রায়সোনা জানান, তাঁদের বিভিন্ন সভায় ডাকা হলেও উন্নয়ন বরাদ্দের কোনোটাই দেওয়া হয় না। নির্বাচিত হওয়ার পর উন্নয়নের সম্ভাবনা, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে কয়েকবার প্রশিক্ষণে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কাজের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। রায়সোনা চাকমা বলেন, ‘বরকল উপজেলা পরিষদের নিজস্ব আয়ের উৎস নেই বললে চলে। হাটবাজার ইজারা, বিভিন্ন টোল, সবকিছু রাঙামাটি জেলা পরিষদের অধীনে আদায় হয়। ফলে উপজেলা পরিষদের কোনো আয় নেই। এ কারণে এখনো পর্যন্ত এক টাকাও সম্মানী ভাতা পাইনি। এ ছাড়া আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পুরুষ ভাইস-চেয়ারম্যানের মতো ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের মূল্যায়ন করা হয় আমরা যেন বিশেষ কিছু সুবিধা নিয়ে নির্বাচিত হয়েছি।’ রায়সোনা আরও বলেন, ‘নির্বাচনের সময় আমাদের কিছু কিছু প্রতিশ্রুতি দিতে হয়েছে। বিশেষ করে একজন নারী হিসেবে নারীদের কাছে আমাদের প্রতিশ্রুতি বেশি ছিল। কিন্তু নারীদের উন্নয়ন ও স্বাবলম্বী করার মতো কোনো কার্যক্রম গ্রহণ করতে পারছি না, যা আমার জন্য খুবই দুঃখজনক।’রায়সোনা জানান, বরকল রাঙামাটি জেলার অন্যতম পশ্চাৎপদ উপজেলা। এখানকার নারীরা অনেক ক্ষেত্রে পিছিয়ে। তবে নারীদের নিয়ে সম্ভাবনাময় অনেক কাজ করার সুযোগ আছে। তিনি সরকারিভাবে তাঁদের মূল্যায়ন করা এবং নারী ও শিশু বিষয়ে প্রকল্প দিয়ে নারী ভাইস-চেয়ারম্যানদের বাস্তবায়নের দায়িত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আমাদের রাখা হয়েছে শোভা বাড়ানোর জন্য — শতরূপা চাকমা‘ভেবেছিলাম নির্বাচিত হয়ে অনেক দায়িত্ব পাব কিন্তু এখনো জানি না আমাদের কাজটা কী। উপজেলা পরিষদে আমাদের রাখা হয়েছে যেন শোভা বাড়ানোর জন্য।’ একরাশ হতাশার সঙ্গে কথাগুলো বললেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শতরুপা চাকমা।উপজেলা পরিষদের নির্বাচনের পর তিন বছর কেটে গেলেও এখনো জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে পারেননি বলে জানালেন শতরুপা চাকমা। ১৯৯৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বিভিন্ন উন্নয়ন সংস্থায় কাজ করেছেন তিনি। এলাকার মানুষজনের সমস্যা নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করার ইচ্ছে থেকেই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে নির্বাচিত হয়েছেন। শতরুপা চাকমা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নারী ভাইস চেয়ারম্যানের পদটি সরকার কেন সৃষ্টি করেছে তা এখনো বুঝতে পারিনি। মাসে সাড়ে সাত হাজার টাকা ভাতা পাই। তবে এলাকায় কাজ করার জন্য কোনো বরাদ্দ পাই না। এলাকাবাসীর অনেক দাবি কিন্তু একটিও পূরণ করতে পারছি না।’নির্বাচনের আগে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে জনগণকে নানা প্রতিশ্রুতি ও উন্নয়নের আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু এখন এসব প্রতিশ্রুতি কীভাবে বাস্তবায়ন করবেন তা জানেন না শতরুপা। তিনি বলেন, ‘ভেবেছিলাম উপজেলা পরিষদে আমাদের দায়িত্ব অনেক। নির্বাচিত হয়ে পরিষদে এসে দেখছি কোনো কাজ নেই।’শতরুপার দাবি, নারী ভাইস চেয়ারম্যানদের সুনির্দিষ্ট দায়িত্ব দিতে হবে সরকারকে। পাশাপাশি উন্নয়নকাজ করার জন্য প্রয়োজনীয় বরাদ্দও দিতে হবে তাঁদের।নির্বাচিত হয়েও নারী বলে মূল্যায়ন হয় না — নুরুন নাহার ‘সমাজে পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করার স্পৃহা থেকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলাম। ভোটে নির্বাচিতও হলাম। কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও নারী বলে মূল্যায়ন হয় না।’ বললেন কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন নাহার বেগম। নির্বাচিত হওয়ার তিন বছর পরও অবহেলিত ও পিছিয়ে পড়া নরীদের উন্নয়নে কাজ করতে না পারার আক্ষেপ রয়েছে তাঁর মধ্যে।নুরুন নাহার প্রথম আলোকে বলেন, ‘একে তো নারী তার ওপর বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি। ফলে কোনো ধরনের সহযোগিতা পাই না।’ তিনি জানান, শত অবহেলায়ও পিছিয়ে যাবেন না। নারীদের অধিকার রক্ষায় সোচ্চার থাকবেন সব সময়। নুরুন নাহার বলেন, ‘অবহেলা আর বঞ্চনার শিকার হয়ে প্রতিবাদ করতে শিখেছি। এজন্য সব নারীকে ঐক্যবদ্ধ হতে হবে।’পুরুষ সহকর্মীদের মানসিকতা পরিবর্তন প্রয়োজন— বাঁশরী মারমাখাগড়াছড়ি সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান বাঁশরী মারমার আকাঙ্ক্ষা একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে উপজেলার নারী শিক্ষা এবং মা ও শিশুদের কল্যাণে কাজ করার। কিন্তু আকাঙ্ক্ষা পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে উপজেলা পরিষদের সহকর্মীদের বৈষম্যমূলক মনোভাব। তিনি ভোটে নির্বাচিত হয়ে তিন বছরের দায়িত্ব পালনের অভিজ্ঞতা বর্ণনা করেন প্রথম আলোর কাছে। বাঁশরী মারমা মনে করেন, পরিষদের পুরুষ সহকর্মীদের মানসিকতার পরিবর্তন হলে কাজের ক্ষেত্র আরও বিস্তৃত হবে। বাঁশরী বলেন, ‘নির্বাচনের আগে স্থানীয় সরকার পরিষদ (উপজেলা) আইনের ক্ষমতার পরিধি দেখে জনগণকে সেবা করার আগ্রহ জন্মেছিল। সে সময়ে মিডিয়ায় উপজেলা সম্পর্কে যে প্রচারণা ছিল তাতে আমি উদ্বুদ্ধ হয়েছিলাম। নির্বাচনের সময় জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতিও দিয়েছি। কিন্তু এখন রক্ষা করতে পারছি না। উপজেলা পরিষদ আইনেও কাজের ক্ষেত্রটা সীমিত। কিন্তু একজন নির্বাচিত নারী প্রতিনিধি হিসেবে অনেক দায়িত্ব আমার ওপর বর্তায়। অথচ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহকর্মীরা সে বিষয়টি কখনো চিন্তা করেন না।বাঁশরী জানান, ‘কাজের ক্ষেত্র কম হলেও নারীরা কোনো সমস্যা নিয়ে এলে ব্যক্তিগতভাবে সাহায্য করে আসছি। তাঁদের আইনি ও প্রশাসনিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করি।’ ব্যক্তিগত খরচে নারীদের সাহায্য করছি— শামীম আরামহেশখালী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শামীম আরা বলেছেন, ‘সরকারি বিভিন্ন সেবা দানকারী প্রতিষ্ঠানে নারীরা সবচেয়ে অবহেলিত। তাঁদের সহযোগিতার জন্য প্রশাসনের বিভিন্ন শাখায় ধরনা দিয়েও কাজ হচ্ছে না। এ রকম অসহায় নারীদের পুনর্বাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য কাজ করছি আমি। ব্যক্তিগত উদ্যোগে একটি মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠার প্রক্রিয়াও চলছে। এক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন।’ দায়িত্ব নেওয়ার পর থেকে গত তিন বছরে অসহায় নারীদের উন্নয়নের জন্য কী ভূমিকা পালন করছেন জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, ‘ব্যক্তিগত খরচে নারীদের নানাভাবে সাহায্য সহযোগিতা করেছি। সরকারি কোনো বরাদ্দ পাইনি।’ শামীম আরা বলেন, ‘মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে উপজেলার মহিলাবিষয়ক অধিদপ্তর, সমাজসেবা, ভূমি কার্যালয়ের জলমহাল কমিটি ও পরিবার পরিকল্পনার উন্নয়ন কমিটির দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এসব কার্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আমার সঙ্গে কোনো আলাপ না করেই কর্মকর্তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে কাজ করছেন। এ কারণে এসব কার্যালয়ে সরকারি নানা সেবা থেকে অসহায় নারীরা বঞ্চিত। এরপরও নারীদের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি।’সুনির্দিষ্ট ও কার্যকর নীতিমালা প্রয়োজন— মিছ বাহার ইউছুফ কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রায় তিন লাখ মানুষের একমাত্র নারী প্রতিনিধি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা, ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় সংরক্ষিত নারী আসনে নির্বাচিত নারীদের অধিকার ও ক্ষমতা সম্পর্কে তিনি বলেন, ‘ইউনিয়ন বা পৌরসভায় পুরুষেরা এক ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেন। কিন্তু নারীরা করেন তিন ওয়ার্ডের প্রতিনিধিত্ব। উপজেলায় নারী ভাইস চেয়ারম্যানরা সমান ভোটারের সঙ্গে লড়াই করে নির্বাচিত হন। অথচ সে হিসেবে নারীরা কোনো কাজ বা সিদ্ধান্ত গ্রহণে গুরুত্ব পান না। পুরুষ ভাইস চেয়ারম্যানের সমান মর্যাদা আমরা পাই না। অনেক সময় প্রকল্প এলে আমাদের বলা হয় না। আমাদের অগোচরে অনেক প্রকল্পবিষয়ক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন হয়ে যায়।’ মিছ বাহারের প্রশ্ন, ‘আমরা প্রকল্প না পেলে পরিষদের এসে জনগণের উপকার করব কীভাবে?’ মিছ বাহার ইউছুফ জানান, পুরো উপজেলায় সরকারিভাবে একটি গাড়ি দেওয়া হয়েছে। সেটা চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যান ব্যবহার করছেন। নারীদের পৃথকভাবে গাড়ির ব্যবস্থা করা প্রয়োজন।নারীদের অধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে কী কী বাধা আছে, জানতে চাইলে মিছ বাহার ইউসুফ বলেন, নির্বাচিত নারী সদস্যরা নানা কারণে অধিকার বঞ্চিত হচ্ছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে পুরুষ নেতৃত্বের একচ্ছত্র আধিপত্য, ক্ষমতার অপপ্রয়োগ এবং সরকারের সদিচ্ছার অভাব।’ তিনি সালিসে নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করা, স্বাধীনভাবে নিরাপদে চলাফেরার সুযোগ সৃষ্টি, নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করার ক্ষেত্রে সরকারিভাবে সহায়তা দেওয়ার দাবি জানান। মিছ বাহারের মতে, নারীদের ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পুরুষের চেয়ে ভাতা বাড়ানো, সিদ্ধান্ত গ্রহণে নারীদের মতামতকে গুরুত্ব দেওয়া, প্রকল্প বাস্তবায়নের সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ও কার্যকর নীতিমালা গ্রহণ প্রয়োজন। এ ব্যাপারে নারীদের নিয়ে কার্যকর সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।এখন পর্যন্ত একটি ফাইলেও সই করিনি— রেহানা আখতার‘অবহেলিত নারীদের ভাগ্য বদলের স্বপ্ন নিয়েই নির্বাচন করেছিলাম। কিন্তু এমন স্বপ্নের বাস্তবায়ন এই দুর্বল উপজেলা পরিষদ দিয়ে সম্ভব নয়। তাই কাজ করতে না পারার কষ্টটা থেকেই যাবে।’ মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহানা আখতার বললেন এমন কথা।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উপজেলা পরিষদ কাঠামো যেমন হবে বলে শুনেছিলাম সে রকম হয়নি। উপজেলা পরিষদ শক্তিশালী না হলে মহিলা ভাইস চেয়ারম্যানরা কাজ করতে পারবেন না। নির্বাচিত হওয়ার পর থেকে আমি এখনো কোনো ফাইল সই করিনি। দাপ্তরিক কোনো কাজের ক্ষমতা দেওয়া হয়নি আমাদের। এ কারণে নারীনেতৃত্ব সৃষ্টি হচ্ছে না।’ রেহানা বলেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যানকেই তেমন কোনো ক্ষমতা দেওয়া হয়নি। তাঁরাও ঠিকমতো কাজ করতে পারছেন না। দেশের সব উপজেলা পরিষদেরই অবস্থা এমন। এই ধরনের কাঠামোর ভেতর নারীরা কীভাবে কাজ করবেন?’আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নারী ভাইস চেয়ারম্যানের দায়িত্ব নির্দিষ্ট করা থাকলে ভালো হতো। তাঁদের কাজের পরিধি আরও বাড়ানো উচিত।’আবার নির্বাচন করবেন কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নির্বাচন করেছি কাজ করার জন্য। সংসারের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেড়ে জনপ্রতিনিধি হয়েছি। কিন্তু এখনো পর্যন্ত জনগণের জন্য কোনো কাজ করতে পারিনি। তাই আবার নির্বাচন করে কী হবে?’সভা-সেমিনারে আসন অলংকৃত করা ছাড়া কোনো কাজ নেই— রেহেনা আখতার বেগম রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের মাহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আখতার বেগম বলেন, ‘যে অধ্যাদেশের অধীনে উপজেলা নির্বাচন হলো তার যথাযথ প্রয়োগ হলে স্থানীয় সরকার শক্তিশালী হতো, দেশের উন্নয়ন হতো। এখন বিভিন্ন সভা-সেমিনারে আসন অলংকৃত করা ছাড়া আমাদের কোনো কাজ নেই। অবশ্য যেকোনো কাজে রাঙ্গুনিয়ার সাংসদ এবং বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ সহযোগিতা করছেন।’গত মঙ্গলবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি তুলে ধরেন জনপ্রতিনিধি হিসেবে তাঁর তিন বছরের অভিজ্ঞতা। তিনি বলেন, ‘পুরুষশাসিত সমাজে নারীরা কমবেশি বৈষম্যের শিকার হয়ে থাকে। তবে নারীরা যে মেধা ও মননে অব্যাহত সফলতার স্বীকৃতি রাখছেন, তার যথাযথ মূল্যায়ন হলে সমাজ তথা দেশ অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হতো। এজন্য পুরুষ সহকর্মীদের মানসিকতার পরিবর্তন জরুরি। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে কাজের ক্ষেত্র আরও বিস্তৃত করতে হবে।’রেহেনা আখতার আরও বলেন, ‘আমরাও জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। বিশেষ করে আমাদের কাছ থেকে নারীদের প্রত্যাশা বেশি। কিন্তু দায়িত্ব সুনির্দিষ্ট না থাকায় এখন সমাজের অসহায় নারীদের জন্য যথাযথভাবে কাজ করতে পারছি না।’ আমাদের কোনো কাজই নেই— মাজেদা বেগম‘উপজেলা পরিষদ নির্বাচনের তিন বছর পার হতে চলেছে। এই সময়ে পটিয়া উপজেলায় আশানুরূপ কাজ করতে পারিনি। এই নিয়ে মনে খুব দুঃখ জমেছে।’ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডসহ নারীদের উন্নয়নে কতটুকু ভূমিকা পালন করতে পেরেছেন—এমন প্রশ্নের উত্তরে হতাশার সুরে এসব কথা বললেন পটিয়া উপজেলার নারী ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম। মাজেদা বেগম বলেন, ‘নির্বাচনে জনগণের কাছে অনেক ওয়াদা করেছিলাম। কিন্তু তিন বছরে সরকারিভাবে উপজেলা পরিষদের জন্য তেমন কোনো বরাদ্দ আসেনি। সরকার আমাদের কোনো কাজ না দেওয়ায় এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে তেমন ভূমিকা রাখতে পারিনি।’ মাজেদা বেগম ক্ষোভের সঙ্গে আরও বলেন, ‘আমাদের তো কোনো কাজই নেই। নামেমাত্র উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছি। নির্বাচনের পর মহিলা, কৃষি, স্বাস্থ্য ও বন বিভাগসহ সাতটি সরকারি অধিদপ্তরের সভাপতি করা হয়েছে আমাকে। তা-ও নামেমাত্র। এসব দপ্তরে কোনো কাজকর্ম নেই। এ ব্যাপারে আমরা অনেক আন্দোলন-সংগ্রাম করলেও কোনো কাজ হয়নি।’ মাজেদা বেগম জানান, গত তিন বছরে সাংসদ ও উপজেলা পরিষদের মাধ্যমে মাত্র ১১ টন টিআর ও পাঁচ টন কাবিখার বরাদ্দ পেয়েছেন তিনি। তা কয়েকটি মসজিদ ও ক্লাবে বরাদ্দ দিয়েছেন। এ ছাড়া দুই-তিনটি এডিবি প্রকল্প তালিকাভুক্ত করা হয়েছে। তবে এক্ষেত্রে পুরুষ ভাইস চেয়ারম্যান সাংসদের মাধ্যমে তুলনামূলক অনেক বেশি কাজ করার সুযোগ পেয়েছেন। মাজেদা জানান, ব্যক্তিগতভাবে তিনি এলাকার নির্যাতিত নারী ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। কাজের পরিবেশ সৃষ্টি করেনি সরকার— সেলিনা আক্তারফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার বলেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। কিন্তু তিন বছরেও সরকার কাজের কোনো পরিবেশ সৃষ্টি করেনি।’ গত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ ভবনের নিজ কার্যালয়ে বসে প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, ‘উপজেলা পরিষদের মাধ্যমে আসা সরকারি বরাদ্দ বণ্টন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। শুধু কিছু কিছু উন্নয়নকাজে তদারকির সুযোগ রয়েছে। তবে নির্দিষ্ট কোনো কাজ নেই।’ সেলিনা বলেন, ‘দরিদ্র মহিলাদের স্বাবলম্বী করার ও সবসময় নির্যাতিত নারীদের পাশে থাকার চেষ্টা করি। এ ছাড়া বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে আমার কণ্ঠ সোচ্চার।’ তিনি নারী নেতৃত্বের বিকাশে নারী ভাইস চেয়ারম্যানদের কাজের ক্ষেত্র আরও বিস্তৃত করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।