'খুদে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে'
মহালছড়ি পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২৪ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। মহালছড়ি উপজেলা প্রশাসন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহালছড়ির নির্বাহী কর্মকর্তা মো. নাদিম সারওয়ার। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার তামান্না নাসরীন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান উন্নতির স্বপ্ন দেখায়। খুদে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে। প্রাকৃতিক সম্পদ ব্যবহারেও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে হবে।
মেলায় ১২টি উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।