নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের মতো দেশে বাংলাদেশি গণতন্ত্রের স্টাইল অনুসরণ করার খবরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন খ্যাতিমান পাইরেসিবিদ জনাব কপিল চৌধুরী। এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বিরোধী দল দমন-পীড়নে আমাদের দেশে উদ্ভাবিত পদ্ধতিগুলো বেশ কার্যকর, টেকসই আর উন্নত মানের। পৃথিবীর অন্যান্য দেশে বিরোধী দল দমনের প্রচলিত পদ্ধতিগুলো খুবই পরিবেশবান্ধব হওয়ায় অতটা কার্যকর নয়। বিরোধীদের যথাযথ টাইট দিতে না পারায় অনেক দেশেই সরকারকে বেকায়দায় পড়তে হয়। এত দিন দেশে সীমাবদ্ধ থাকলেও যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়ার মাধ্যমে আমাদের দেশীয় পদ্ধতিগুলোর বাজার খুলে গেছে।’
তিনি আরও বলেন, মুক্তবাজার অর্থনীতির এই যুগে এটা অপার সম্ভাবনার হাতছানি। কপিল চৌধুরীর পরামর্শ, অচিরেই বালুর ট্রাকসহ অন্য পদ্ধতিগুলো যেমন গুম, হামলা-মামলা, হুমকি-ধমকি ও ভয়ভীতি, জেল-জুলুম, সভা-সমাবেশ নিষিদ্ধকরণ এবং নতুন নতুন আরও পদ্ধতি আবিষ্কার করে বিশ্ববাজারে রপ্তানির ব্যবস্থা করতে হবে।