‘জীবনের প্রতিটি বাঁকেই লুকিয়ে আছে সৌন্দর্য। যতই ব্যর্থতা-হতাশা আসুক না কেন, সবকিছুর মধ্য থেকে সহজভাবে জীবনকে উপভোগ করতে হবে। খুব বেশি চিন্তিত না হয়ে সহজভাবেই এগিয়ে যেতে হবে। তবেই জীবনের সেই সৌন্দর্যকে খুঁজে নেওয়া সম্ভব।’ এভাবেই জীবন সম্পর্কে সহজ ব্যাখ্যা দিয়েছেন গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী মাসরুর বিন আনসারী। এমনিতেই ভর্তিযুদ্ধে ভালো একটা জায়গায় অবস্থান করা অনেক বেশি কঠিন, তার ওপর আবার লক্ষাধিক শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করা মাসরুরের জীবনে অনেক বড় পাওয়া। তবে যেকোনো কাজে যে বিষয়টি সবচেয়ে বেশি জরুরি, তা হলো আত্মবিশ্বাস। মাসরুর অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে তিনি ভর্তি হতে পারবেন। তবে এত যে ভালো ফল হবে, তা ছিল তাঁর চিন্তাজগতের বাইরে। ‘আত্মবিশ্বাসের সঙ্গে আরও যে বিষয়টি শিক্ষার্থীদের মনে রাখতে হবে তা হলো, এটা একটা চ্যালেঞ্জিং জায়গা, অর্থাৎ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ। এ ক্ষেত্রে ভালো ফলের পেছনে একজন শিক্ষার্থীর কঠোর পরিশ্রম ও ভাগ্য—দুটোই জড়িয়ে আছে।’ কথাগুলো জানালেন ‘খ’ ইউনিটে দ্বিতীয় স্থান অধিকারী আবদুল আলিম। এ জন্য কোনো কিছুতেই হতাশ হওয়া যাবে না। নিরুৎসাহিত হয়ে ভেঙে পড়লে চলবে না। যে কাজটি যত্নসহকারে করতে হবে, তা হলো সময়ের সদ্ব্যবহার। কারণ, সময়টা খুবই অল্প। এ সময়কে ভালোভাবে ব্যবহার করতে পারলেই সাফল্য অর্জন সম্ভব।এ সময়কে ভালোভাবে ব্যবহার করার ক্ষেত্রে এই দুই মেধাবী শিক্ষার্থী কিছু পরামর্শ দিয়েছেন। মাসরুরের মতে, এ সময় শিক্ষার্থীরা অনেক বেশি কোচিংনির্ভর হয়ে পড়ে। ‘এটা অনেক বড় ক্ষতির কারণ। কোচিং একটা গাইডলাইন মাত্র, তবে পড়াটা নিজের মতো গুছিয়ে পড়তে হবে। আবার অনেক সময় দেখা যায়, কোচিংয়ের লেকচার শিটে অপ্রাসঙ্গিক অনেক বিষয় থাকে। মূল পাঠ্যবইকে বেশি প্রাধান্য দিতে হবে। মূল বইটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে তেমন কিছু অজানা থাকে না। এ ছাড়া যে বিষয়টি অতি গুরুত্বপূর্ণ তা হলো, পড়াটাকে আনন্দের সঙ্গে গ্রহণ করতে হবে। তাহলে কোনো কিছুই কঠিন বলে মনে হবে না। সে সঙ্গে বিগত বছরের প্রশ্নগুলো চর্চা করতে হবে।’ কথাগুলোকে সমর্থন জানিয়ে আলিম আরও একটু যোগ করেন, ‘পড়ালেখাটা করতে হবে কৌশল অবলম্বন করে, কোনো বিষয়কে কোনো উদাহরণ বা কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত করে পড়লে মনে থাকবে। বিভিন্ন ধরনের মডেল টেস্টের পরীক্ষা দিলে তা নিজের মানোন্নয়নের জন্য সহায়ক হবে।’‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয় তিনটি বিষয়ের ওপর। আর তা হলো বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান। এ ক্ষেত্রে তিনটি বিষয়েই আলাদাভাবে পাস করতে হয়। তাই দুজনেরই একই মতামত—তিনটি বিষয়কেই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। বাংলা ব্যাকরণ কঠিন মনে হলেও নবম ও দশম শ্রেণীর বোর্ডের পাঠ্যবইটি অনুসরণ করলে অনেক কাজে আসে। এ ছাড়া ইংরেজির ক্ষেত্রে পাঠ্যবইয়ের পাশাপাশি ব্যাকরণের ক্ষেত্রে দক্ষ হতে হবে। আর সাধারণ জ্ঞানের জন্য সংবাদপত্র ও টেলিভিশনের সংবাদের বিকল্প কিছু নেই। নিয়মিত সংবাদপত্র পড়লে কোনো কিছুই তেমন অজানা থাকে না।এই দুই কৃতী শিক্ষার্থীর বক্তব্যে বোঝা গেল, ভালো ফল পেতে হলে তেমন বেশি কিছুর প্রয়োজন নেই। শুধু নিয়ম করে পড়তে হবে এবং সংক্ষিপ্ত সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তাই এখনই পড়ার একটা ছক তৈরি করে ফেলুন। আনন্দের সঙ্গে অজানাকে জানার চেষ্টা করুন। আর পাশাপাশি আগের জানা বিষয়গুলোকে ঝালাই করুন। তবেই সাফল্য এসে ভাগ্যের দরজায় কড়া নাড়বে।