'গণমাধ্যমে ইতিবাচক সংবাদ তুলে ধরতে হবে'
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে ও মানুষকে উদ্বুদ্ধ করার জন্য গণমাধ্যমে ইতিবাচক সংবাদ বেশি করে তুলে ধরতে হবে। এ ব্যাপারে ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
১৫ সেপ্টেম্বর মিরসরাই প্রেসক্লাবের উদ্যোগে ‘মিরসরাইয়ের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। চট্টগ্রামের মিরসরাই উপজেলা সদরের জেলা পরিষদ মিলনায়তনে বেলা দুইটায় শুরু হওয়া এই সভা চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত।
মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দীনের সভাপতিত্বে ও বর্তমান সভাপতি শারফুদ্দীন কাশ্মীরের সঞ্চালনায় সভায় অংশ নেন জনপ্রতিনিধি, পেশাজীবী, রাজনৈতিক দলের নেতা, সংস্কৃতি কর্মী ও গণমাধ্যমের কর্মীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আলম। মতবিনিময় সভায় প্রতিবেদন তুলে ধরেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এনায়েত হোসেন।
সভায় মতামত তুলে ধরেন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা মেহমুদ, বাংলাদেশ কলেজশিক্ষক সমিতি মিরসরাইয়ের সভাপতি নুরুল আবছার, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌরসভার মেয়র মো. নিজাম উদ্দিন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন প্রমুখ।