‘গণিত শেখো স্বপ্ন দেখো’
সেন্ট প্লাসিডস স্কুলের দশম শ্রেণীর ছাত্র সমরেশ্বর সিনহা গণিতসহ বিভিন্ন অলিম্পিয়াডে অংশ নেয়। তাই পাঠ্যবইয়ের বাইরেও তাকে গণিত চর্চা করতে হয়। ঘরে বসে সেই চর্চার সুযোগ নেই। সমরেশ্বরের মতো যাদের ভাবনার বিষয় গণিত, যারা গণিতকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে তাদের কথা ভেবেই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রাম (আইইউবিসি) গণিত কর্নার চালু করেছে। শিক্ষার্থীদের ভাবনার সহযোগী হতে আর গণিতের মজার মজার শাখার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই বিশ্ববিদ্যালয়টির এই উদ্যোগ। এ জন্যই তাদের স্লোগান—‘গণিত শেখো স্বপ্ন দেখো’। গত ১৯ ডিসেম্বর থেকে এর যাত্রা শুরু। আইইউবিসির সমন্বয়ক অধ্যাপক এম নুরুজ্জামান এটি উদ্বোধন করেন।আইইউবিসির জামাল খান ক্যাম্পাসে স্থাপিত গণিত কর্নারে মঙ্গলবার গিয়ে দেখা যায়, নানা বয়সের বিভিন্ন শিক্ষার্থী গণিতের রাজ্যে বুঁদ হয়ে আছেন। একেকজনের হাতে একেকটি বই—গণিত রাজ্যের জটিল সমস্যা ও সমাধান, কেউ পড়ছেন ম্যাথ ম্যাজিক, আবিষ্কারের কথা, রসায়ন অলিম্পিয়াড, যাদবের পাটীগণিত, একুশ শতকের জ্যোতির্বিজ্ঞান। আবার কেউ সমস্যা সমাধানের চেষ্টা করছেন, কেউবা পাশের জনের সঙ্গে আলোচনা করছেন। কিন্তু সবার ভাবনার বিষয় ওই গণিত। সমরেশ্বর সিনহা বলল, ‘বাইরে কোথাও ম্যাথ অলিম্পিয়াড বিষয়ে বাংলায় এত বই একসঙ্গে পাওয়া যায় না। এসব বই একসঙ্গে পেয়ে আমার খুব ভালো লাগছে, মজা পাচ্ছি।’কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজের ছাত্রী রিয়া চক্রবর্তী বলেন, ‘গণিত কর্নার শুরু হওয়ার পর থেকেই আসছি, গণিতের বই তো পাচ্ছিই তা ছাড়া সবার সঙ্গে আলোচনার সুযোগটাও পাচ্ছি।’ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক সৌমিত্র পালিত বলেন, ‘বিজ্ঞান, প্রকৌশলবিদ্যা থেকে শুরু করে ব্যবসায় প্রশাসনের যেকোনোটিতে ভালো করতে হলে গণিতকে আত্মস্থ করতে হবে। এই কারণেই বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহযোগিতায় এই গণিত কর্নারটি চালু করা হয়েছে।’ আইইউবির ডেপুটি গ্রন্থাগারিক জিল্লুর রহমান জানালেন, এই লাইব্রেরিতে গণিতের ওপর লেখা প্রায় তিন শ বই স্থান পেয়েছে। প্রতি সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সবাই কর্নার ব্যবহার করতে পারবেন।