'গণিত সোজা, সৃজনশীল বোঝা'
‘গণিত সোজা, কিন্তু সৃজনশীল বোঝা। আমরা কি, শিক্ষকেরাও তো ঠিকমতো বুঝতে পারছেন না। যার কারণে গত প্রথম সাময়িক পরীক্ষায় গণিতে জেলার সব বিদ্যালয়ে শিক্ষার্থীরা খারাপ করেছে। সামনের এসএসসিতেও বেশির ভাগ শিক্ষার্থীর গণিতে ফেল করার আশঙ্কা রয়েছে।’
ক্ষোভের সঙ্গে কথাগুলো বলে কক্সবাজার উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ফাহিম কুদ্দুস। তার পাশে থাকা একই বিদ্যালয়ের শাহ ইমরানের হতাশা যেন আরও বেশি। তার কাছে এটি হাত-পা বেঁধে পানিতে সাঁতরাতে দেওয়ার মতো।
ইমরানের কথায় সায় দিল সাইফ উল্লাহসহ অনেকে। তাদের দাবি, নবম শ্রেণীর গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিল এবং ২০১৫ সাল থেকে নবম শ্রেণীতে এই পদ্ধতি চালু করা। কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী তৃষিতা দাশ বলে, ‘দেশের কোনো বিদ্যালয়ে শিক্ষককে গণিতে সৃজনশীল পদ্ধতির ওপর প্রশিক্ষণ দেওয়া হয়নি। এক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত মানতে হলে বিদ্যালয় কর্তৃপক্ষ নিজ উদ্যোগে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিতে পারে। আমি মনে করি বিষয়টি সবার ভাবা উচিত।’
গত সোমবার সকালে কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই দাবির সমর্থনে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে সমবেত হয়েছিল তারা সবাই।
আগের দিন রোববার দুপুরে জেলার ১৫টি উচ্চবিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বরাবর স্মারকলিপি পাঠিয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, অন্যান্য বিষয়ে ষষ্ঠ শ্রেণী থেকে সৃজনশীল পদ্ধতি চালু থাকলেও গণিতে সৃজনশীল ছিল না। এখন হঠাৎ নবম শ্রেণীতে এসে গণিতে সৃজনশীল পদ্ধতি চাপিয়ে দেওয়ায় শিক্ষার্থীদের মারাত্মক ক্ষতি হচ্ছে। তা ছাড়া অন্যান্য বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতির ওপর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকলেও গণিতের নেই।
কক্সবাজারের সকল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীর ব্যানারে এই আন্দোলনে অভিভাবকেরাও সমর্থন দিচ্ছেন। এ আন্দোলন এখন ছড়িয়ে পড়ছে আশপাশের উপজেলায়ও।
কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র জসিম উদ্দিনের বাবা সালামত উল্লাহ বলেন, বিদ্যালয়ে গণিত বিষয়ে সৃজনশীল বোঝেন, এমন শিক্ষক নেই। জেলার অন্যান্য বিদ্যালয়েও একই অবস্থা। ফলে শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। এসব শিক্ষার্থী এসএসসিতে গিয়ে নিশ্চিত ফেল করবে। তাই প্রতিটি বিদ্যালয়ে অন্তত একজন করে গণিত শিক্ষককে আগে গণিতে সৃজনশীল পদ্ধতির প্রশিক্ষণ দেওয়া হোক। তারপর সিদ্ধান্ত বাস্তবায়ন করলে ভলো হয়।
কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন বলেন, গণিতে সৃজনশীল বোঝেন, এমন শিক্ষকের অভাব রয়েছে। গণিত শিক্ষকদের সৃজনশীল বিষয়ে আগেভাগে প্রশিক্ষণ দেওয়া হলে এই সমস্যা দেখা দিত না। বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক সৈয়দ করিম একই মত প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আরও দুটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, গত প্রথম সাময়িক পরীক্ষায় প্রায় সব বিদ্যালয়ে গণিতে দুই থেকে তিনজন করে শিক্ষার্থী পাস করেছে। বার্ষিক পরীক্ষাতেও এই সমস্যা দেখা দেবে। কারণ গণিতে সৃজনশীল নিয়ে শিক্ষার্থীদের পাঠদান দেওয়া সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় গণিতে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।