'গন্ডগোল হলে ভোটই দেব না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভোটার মো. কালাচাঁন (৫৫)। তাঁর চোখেমুখে আতঙ্ক। নির্বাচন নিয়ে খুব একটা কথা বলতে চাচ্ছেন না। শুধু এইটুকু বলেছেন, ‘আমরা ভয়ের মধ্যে আছি। কখন কী ঘটে যায় বলা যায় না।’
হুমায়ুন কবীর (৩২) নামে আরেক ভোটার বলেন, ‘নজরুলের খুনের পর আতঙ্ক ভর করেছে সবার ওপর।’
কালাচাঁন ও হুমায়ুনের কথার প্রতিফলন পাওয়া যায় ৪ নম্বর ওয়ার্ডের ফতেমা আক্তার (২৫), আশরাফ আলী (৪০), মো. আলী আজম (৭৫), ৫ নম্বর ওয়ার্ডের নূর জাহান বেগম (৪৫), ১ নম্বর ওয়ার্ডের শান্তিময় ত্রিপুরার (৫০) কণ্ঠেও। তাঁদের এক কথা, ‘খুনের ঘটনা সব পাল্টে দিয়েছে। গন্ডগোল হলে ভোটই দেব না’
গত শুক্রবার সরেজমিনে ঘুরে ভোটারদের সঙ্গে আলাপে এই আশঙ্কার কথা জানান তাঁরা।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার নির্বাচনী প্রচারণার শুরুতে শান্তিপূর্ণই ছিল। সবকিছু ওলট-পালট হয়ে গেছে ২২ ডিসেম্বর রাতে ৪ নম্বর ওয়ার্ডের কেরানীপাড়ার কৃষক নজরুল ইসলাম খুন হওয়ার পর। খুনের ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। তবে প্রশাসন বলছে, ভোটারদের আতঙ্কিত হওয়ার কিছুই নেই। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন প্রশাসন সে ব্যবস্থা নেবে।
৩ নম্বর ওয়ার্ডের ভোটার মাসুদা বেগম (৪৫)। তাঁর মধ্যে ভোট নিয়ে কোনো উচ্ছ্বাসই নেই। নির্বাচনের দিন সংঘাতের আশঙ্কা করছেন এই নারী ভোটার। তিনি বলেন, ‘ভোটের আগে একটি খুনের ঘটনা ঘটে গেল। ভবিষ্যতে যে ঘটনা ঘটবে না তা বলা যায় না। প্রশাসনকে সতর্ক থাকতে হবে। নারী ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে হবে।’
অবশ্য আরও কয়েকজন ভোটারের মধ্যে ভয় কাজ করলেও নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে আশাবাদ তাঁদের। ১ নম্বর ওয়ার্ডের ভোটার আলো বিকাশ ত্রিপুরা (২৮) ও আব্দুর রাজ্জাক (৫৫) বলেন, ‘এলাকায় যেহেতু একটি খুনের ঘটনা ঘটে গেছে। একটু ভয় তো আমাদের মধ্যে কাজ করবেই। তার পরও আশা করছি ভোট শান্তিপূর্ণ হবে।’ একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুলতান আহম্মেদের দাবি, ‘ভোট সুষ্ঠু করতে হলে প্রথমে বহিরাগত ঠেকাতে হবে।’
এ প্রসঙ্গে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, নজরুল ইসলাম খুনের ঘটনা নিয়ে সাধারণ ভোটারদের আতঙ্কিত হওয়ার কিছুই নেই। হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভোটের দুই দিন আগে থেকে মাটিরাঙ্গায় কোনো বহিরাগত থাকতে পারবে না। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সে জন্য প্রশাসন নিরাপত্তা দেবে।