
আন্দরকিল্লা থেকে যাত্রী নিয়ে গত বৃহস্পতিবার বেলা দেড়টায় নগরের জিইসি মোড়ে পৌঁছান রিকশাচালক মো. মোশারফ। প্রচণ্ড গরম আর পরিশ্রমে শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরছে। যাত্রী নামিয়েই রিকশাটা এক পাশে রেখে ক্লান্ত ঘর্মাক্ত শরীরে গিয়ে দাঁড়ান ডাববিক্রেতার কাছে। দাম কত জানতে চাইলে বিক্রেতা উত্তর দেন ২৫ টাকা। দাম শুনে মলিন মুখে তৃষ্ণার্ত মোশারফ অগত্যা পাশের শরবত বিক্রেতার কাছ থেকে পাঁচ টাকায় কিনে নেন এক গ্লাস শরবত।
কথা হয় তাঁর সঙ্গে। জানালেন, আট বছর আগে কুমিল্লার নাঙ্গলকোট থেকে চট্টগ্রাম শহরে আসেন তিনি। তখন থেকেই রিকশাচালনা তাঁর পেশা। রোদ, ঝড়-বৃষ্টি, শীত সবই তাঁর গা সওয়া। তবে এবার যেন কষ্টটা মাত্রাছাড়া। বললেন, ‘একবার খ্যাপ টানলেই গরমে ঘামে কাহিল হইয়্যা পড়ি। সারা দিনে কতবার যে পানি কিন্যা খাইতে হয়! রাইতে ঘরে ফিরলেও শান্তি নাই। ফ্যান না থাকায় ঠিকমতো ঘুমাইতেও পারি না।’
মোশারফের কথার সঙ্গে যোগ দেন পাশে বসে থাকা আরেক রিকশাচালক মিন্টু মিয়া। বলেন, ‘গরমে রিকশা টানতে গেলেই কইলজ্যাডা শুকাইয়া যায়। এক দিন রিকশা নিয়া বাইর হইয়্যা পানি আর রাস্তায় বিক্রি হওয়া শরবতের পেছনেই ৭০ টাকা খরচ হয়্যা গেছিল। এত গরম আমার জন্মে দেখি নাই।’
এত গরম মিন্টু মিয়ার জন্মে না দেখাটা একেবারে অত্যুক্তি নয়। এবার গ্রীষ্ম শুরু হওয়ার পরও বৃষ্টির দেখা পায়নি নগরবাসী। গত সোমবার চট্টগ্রামে ৫৪ বছরের মধ্যে রেকর্ড গরম পড়েছিল। তাপমাত্রা বেড়ে হয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এ ছাড়া অন্য দিনগুলোতেও ৩৬ থেকে ৪০ পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হয়েছে ভাপসা গরম। রাস্তায় তো বটেই, ঘরে থেকেও হাঁসফাঁস করছে মানুষ। এর মধ্যে রাস্তায় খেটে খাওয়া মানুষদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দীর্ঘক্ষণ বাইরে কাজ করায় এদের অনেকেই পানিশূন্যতায় আক্রান্ত হয়েছেন। আবার তৃষ্ণা মেটাতে রাস্তার পানি, শরবত খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে।
ভ্যানচালক মো. কাশেম জানান, গরমে অসুস্থ হয়ে মাঝখানে দুই দিন কাজে যেতে পারেননি তিনি। কিন্তু একদিন ঘরে বসে থাকলেই ছয় সদস্যের পরিবারের না খেয়ে থাকার উপক্রম হয়। তাই পেটের তাগিদে বাধ্য হয়ে অসুস্থ শরীরে কাজে নামতে হয়েছে তাঁকে।
গরমে নগরের পানি-সংকট আরও তীব্র হয়েছে। পানির অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা লাইন ধরে অপেক্ষা করছে নিম্নবিত্তের মানুষ। তীব্র দাবদাহ অনেক শ্রমজীবীর আয়েও প্রভাব ফেলেছে। গরমে যাত্রী কমেছে, কমেছে কাজের সুযোগও। তাপের কারণে অল্প সময়ে নষ্ট হয়ে যাচ্ছে মাছ ও সবজি। মাছ বিক্রেতা হারুন সরকার জানান, তিনি হাটহাজারী থেকে পাইকারি দামে মাছ কিনে এনে শহরে ফেরি করে বিক্রি করেন। বরফ দিয়ে রাখা সত্ত্বেও সেদিন দুপুরের আগেই তাঁর ১২ কেজি মাছ গরমে নষ্ট হয়ে গিয়েছিল।
রিয়াজউদ্দিন বাজারে মুটে বহনের কাজ করেন জসিমউদ্দিন। দিনভর কাজ করে রাতে রেলস্টেশনে ঘুমান। জসিম বলেন, ‘গরিবেরা দুনিয়াতে আসছে খালি কষ্ট পাইতে, এহন কষ্ট পাই গরমে, কয় দিন পর পামু বৃষ্টিতে। এইডাই আমাদের কপাল। তার পরও এই গরম আর সইহ্য হয় না। আকাশের দিকে চাইয়্যা রইছি বৃষ্টি আইব কখন।’
শুধু জসিম নয়, বৃষ্টির প্রতীক্ষায় রয়েছে দেশের প্রতিটি মানুষ। এ অবস্থায় কিছুটা সুখবর দিতে পেরেছে আবহাওয়া অধিদপ্তর। গত শুক্রবার বিকেল থেকে দখিনা হাওয়া বইতে শুরু করায় গরম কমতে শুরু করেছে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে চলতি সপ্তাহে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।