এতটা বিষণ্ন মুখ দেখিনি কখনো আগে। ইস্টার্ন প্লাজার উল্টোদিকে একটি ভ্যানে অনেক ডাব নিয়ে দাঁড়িয়ে আছেন মো. বিন ইসলাম। চোখের দৃষ্টিতে উজ্জ্বলতা নেই একেবারে। মুখে নেই হাসি। কথা বলতে চাই, জানাতেই বললেন, ‘গরিব মানুষের আর কী কথা থাকতে পারে?’তাঁকে বোঝানো হয়, প্রত্যেকটি মানুষেরই জীবনে গল্প থাকে। মানুষ গল্প শুনতে ভালোবাসে। মো. বিন ইসলামের জীবনের গল্পও যদি পাঠক জানেন, তাহলে হয়তো তাঁকে সাহায্য করবেন না, কিন্তু এই পথ ধরে যাওয়ার সময় কেউ হয়তো একটু ফিরে তাকাবেন, দেখবেন তাঁকে। কিংবা তাঁরই মতো যাঁরা আছেন, তাঁরা বলতে পারবেন, আমার জীবন তো এর ব্যতিক্রম কিছু নয়।কথা বলার জন্য প্রস্তুত হন মো. বিন ইসলাম।সব সময় কি ডাব বিক্রি করেন?‘এ ছাড়া আর কী করমু। দোকানদারিই করি।’কবে থেকে দোকানদারি করেন?‘এই মনে করেন ১০-১২ বচ্ছর।’আগে কী করতেন?‘থাকতাম শরীয়তপুর। ছোটবেলায় বাবা-মা মইরা গেল। ১০ বছর বয়সে চইল্যা আইছি ঢাকায়। তখন চা-টা, হাবিজাবি ব্যাচতাম।’শীতকালে তো ডাব বিক্রি হওয়ার কথা না।‘শীতকালের তিন মাস আমি ভাপা পিঠা বিক্রি করি।’ভাবি, বাচ্চারা কোথায় থাকে?‘আমার দুই ছেলে, এক মেয়ে। জোবায়েদ, বায়োজিদ আর গানিমা।’গানিমা! এ রকম নাম তো আগে শুনিনি কখনো!‘এইটা আরবি নাম। আমার বোনজামাই রাখছে। সে নয় বছর কুয়েতে ছিল। নামের মানে জানি না।’দিনে কয়টা ডাব বিক্রি হয়?‘১০০টা থেকে ১১৫টা।’কত লাভ হয়?‘২০০ টাকা থেকে ২৫০ টাকা। ১০০ টাকা তো লাগে ডেইলির বাড়িভাড়া। বাকি যা থাকে, তা দিয়া কি সংসার চালানো যায়? ছেলে দুইটা নীলক্ষেত স্কুলে পড়ে। মেয়েটা গ্যাদা।’কতক্ষণ দোকান করেন?‘সকাল ১০টা থেইকা রাত ১০টা।’খান কোথায়?‘বাড়িতে গিয়া খাইয়া আসি। দুপুরে ডাবগুলা ঢাইকা রাখি। পাশে পেপারের দোকানদার আমার ভাইগ্না, ও দেইখ্যা রাখে।’কী খাওয়া-দাওয়া করেন?‘রাইতে যে ভাত রান্না হয়, তা ডাইল দিয়া পান্তা বানাইয়া খাই। দুপুর আর রাইতে শাকসবজি।’মাছ-মাংস?‘মাছ-মাংস আমি খামু! কী যে কন!’ডাব কেনেন কোত্থেকে?‘কারওয়ান বাজার থেইক্যা।’এ সময় দুই তরুণ-তরুণী আসে ডাব কিনতে। ‘ডাব কত?’‘২০ টাকা।’‘ডাবের ভিতর নাইরকেল থাকতে হইব। নাইরকেল না থাকলে পয়সা ফিরত।’মো. বিন ইসলাম ঠিকই শাঁসওয়ালা ডাব খুঁজে বের করলেন। ডাবের পানি ও শাঁস খেয়ে ওরা বিদায় নিল। ওরা চলে যাওয়ার পর বললাম, যদি ডাবে নাইরকেল না থাকত, কী করতেন?‘কী আর করতাম!’কী করতেন, তা নিয়ে আসলে ভাবতে চান না মো. বিন ইসলাম। আচ্ছা, একটু আগেই তো আপনি বললেন, সাত দিনই কাজ করেন, তাহলে ভাবিকে সময় দেন কখন? তিনি কি রাগ করেন না?‘রাগ করব ক্যান? এখন কি আর রাগ করার বয়স আছে? বাচ্চা হইয়া গেছে, বয়স হইয়া গেছে।’শরীয়তপুরে যান না?‘না। একদম যাই না। ওই খানে কী আছে আমার? গিয়া কী করুম? ঢাকার বাংলামোটরেই থাকি।’এখানে কী আছে আপনার?‘এই খানেও কিছু নাই। গরিব মানুষের কোথাও কিছু থাকে না।’খুবই নিরসভঙ্গিতে কথা বলেন মো. বিন ইসলাম। ফটোসাংবাদিক খালেদ সরকার ডাব খেয়ে বলেন, খুব মিষ্টি পানি।৫০ বছরের মানুষটি নিজের সব মিষ্টতা কি ডাবের মধ্যেই রেখে দিলেন?এ প্রশ্ন তাঁকে আর করা হয় না।—জা রে নূ