কারণে-অকারণে মানুষ গাছ হত্যা করে। সম্প্রতি নাটোরের লালপুরের ময়না গ্রামে ঘটেছে উল্টো ঘটনা। একাত্তরের স্মৃতিবিজড়িত একটি আমগাছ কেটে ফেলার উদ্যোগ নস্যাৎ করে দিয়েছেন ইসাহাক আলী। আর ঘোষণা দিয়েছেন এটি এখন থেকে মুক্তিযুদ্ধের ‘জীবন্ত স্মৃতিসৌধ’

গাছটি কাটার উদ্যোগ নেওয়া হয়েছিল কবে?
গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ। এটির মালিক গরিব মানুষ। এক ব্যবসায়ীর কাছে গাছটি বিক্রি করে দিয়েছিলেন।
কীভাবে বাঁচালেন?
দেড় যুগ ধরে বলে আসছিলাম গাছটি না বেচার জন্য। কেউ যেন এটা কেটে না ফেলে। অভাবী মানুষ, আমাকে না জানিয়ে গাছটি বেচে দিয়েছিলেন। সেদিন এক ব্যবসায়ী এসে গাছ কাটার তোড়জোড় করছিলেন। তা-ই দেখে স্থানীয় একজন লোক খবরটা আমাকে জানান। সঙ্গে সঙ্গে সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে গাছটি রক্ষা করলাম।
একটি আমগাছকে বাঁচাতে গেলেন কেন?
দেখুন, গাছটার সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িয়ে আছে। একাত্তরের ৩০ মার্চ হানাদার বাহিনী এই ময়না গ্রাম আক্রমণ করে। লাঠিসোঁটা নিয়ে প্রতিরোধ গড়ে তোলে সাধারণ মানুষ। ওই দিন পাকিস্তানিরা কয়েকজন মুক্তিযোদ্ধাকে গাছটির সঙ্গে বেঁধে গুলি করে হত্যা করে। গাছের গায়ে বেয়োনেটের খোঁচা আর গুলির দাগ ছিল একসময়। এসব কথা আমি শুনেছি। শোনার পর থেকেই গাছটিকে বাঁচিয়ে রাখার একটা তাগিদ অনুভব করতাম।
নিজের সম্পর্কে বলুন...
নব্বইয়ের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বেরিয়েছি। তার কয়েক বছর পর ইনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হয়ে গেলাম। ১৪ বছর চেয়ারম্যান ছিলাম। এখন আইন পেশার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি।
গাছ তো বাঁচল, এবার?
গাছের আগের মালিককে বলে দিয়েছি, এটির যত্নআত্তি আপনি করবেন। ফল খাবেন। কিন্তু কাটা যাবে না। ভাবছি, গাছের গোড়ার জমিটুকুও কিনে নেব। সেখানে সৌধ-জাতীয় কিছু একটা করার চিন্তা আছে।
সাক্ষাৎকার: আবুল হাসনাত