'গাজার জন্য' আলোকচিত্র ও চারুশিল্প প্রদর্শনী

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় মানবিক বিপর্যয়ের শিকার মানুষের জন্য তহবিল সংগ্রহে ঢাকায় আলোকচিত্র ও চারুশিল্প প্রদর্শনীর আয়োজন করেছে দৃক। দেশের খ্যাতনামা প্রবীণ ও নবীন শিল্পী-আলোকচিত্রীদের অংশগ্রহণে আগামীকাল মঙ্গলবার থেকে অনুষ্ঠেয় এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
আজ সন্ধ্যা ছয়টায় রাজধানীর ধানমণ্ডিতে দৃক গ্যালারিতে ‘ফর গাজা: অ্যাগেইনস্ট ইসরায়েলি অকুপেশন’ শিরোনামে এ আয়োজনের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত শায়ের এম এইচ আবুইয়াদাসহ ঢাকায় বসবাসরত কয়েকজন ফিলিস্তিনি ছাত্র-ছাত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া কবি-সংগীতশিল্পী কফিল আহমেদসহ কয়েকজন শিল্পী এ অনুষ্ঠানে গান গাইবেন এবং কবিতা আবৃত্তি করবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
দুই দিনের এ প্রদর্শনীতে আলোকচিত্র ও চিত্রকলার পাশাপাশি নানা মাধ্যমের শিল্পকর্ম স্থান পাচ্ছে। পাশাপাশি সংগীত, নাটক, কবিতা ও নির্বাচিত লেখা থেকে পাঠসহ শিল্পী-সংস্কৃতিকর্মীরা কথা বলবেন এ আয়োজনে।
গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করার জন্য এ প্রদর্শনী থেকে আলোকচিত্র ও চিত্রকর্ম কিনতে পারবেন দর্শকেরা। শিল্পকর্ম বিক্রির টাকা ফিলিস্তিনের গাজায় দুস্থ মানুষের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
দুই দিনব্যাপী এ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন শিল্পী কাইয়ুম চৌধুরী, মুস্তাফা মনোয়ার, সমরজিত্ রায় চৌধুরী, আবুল বারক আলভী, আব্দুশ শাকুর শাহ, সৈয়দ জাহাঙ্গীর, মনিরুল ইসলাম, শহীদ কবীর, বীরেন সোম, ফরিদা জামান, রোকেয়া সুলতানা, নাসরিন বেগম, জামাল আহমেদ, শাহজাহান আহমেদ বিকাশ, কনক চাঁপা চাকমাসহ বেশ কয়েকজন চারুশিল্পী।
অংশগ্রহণকারী আলোকচিত্রীদের মধ্যে আছেন নাসির আলী মামুন, শহিদুল আলম, জান্নাতুল মাওয়া, আবীর আবদুল্লাহ, মুনেম ওয়াসিফ, সাইফুল হক অমি, তাসলিমা আখতার, শাহরিয়া শারমিন, শাহাদাত পারভেজ, কামরুজ্জামান, ইন্দ্রনীল কিশোর, শামসুল আলম হেলাল, সুমন ইউসুফ, তানভীর মুরাদ তপুসহ বেশ কয়েকজন আলোকচিত্রী।
ফর গাজা: অ্যাগেইনস্ট ইসরায়েলি অকুপেশন
প্রদর্শনীর স্থান: দৃক গ্যালারি, বাড়ি: ৫৮, সড়ক: ১৫/এ, ধানমণ্ডি আবাসিক এলাকা. ঢাকা-১২০৯।
প্রদর্শনী খোলা থাকবে: ১৯ ও ২০ আগস্ট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।