‘গান করি ভালো মানুষ হওয়ার জন্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লোকে আমাকে অনেক বড় শিল্পী বলবে এই জন্য আমি গান করি না। আমি গান করি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ হয়ে ওঠার জন্য, পৃথিবীর নানা ভাষার, নানা সংস্কৃতির মানুষের সঙ্গে সেতুবন্ধ তৈরি করতে।’—লেবানিজ বংশোদ্ভূত ফরাসি সংগীতশিল্পী আবাজি নিজেকে এভাবেই তুলে ধরতে পছন্দ করেন।২৬ নভেম্বর সন্ধ্যায় আবাজির একক কনসার্ট হয়ে গেল নগরের শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে। আলিয়ঁস ফ্রঁসেজ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি সংস্থার আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন তিনি। ঢাকার পর কনসার্টে অংশ নিলেন চট্টগ্রামেও। এক ফাঁকে তাঁর সঙ্গে জমে ওঠে আলাপ।কনসার্টে আবাজি একাই গান করেন, বাদ্যযন্ত্র বাজান। প্রায় তিন শ বাদ্যযন্ত্র বাজাতে পারেন তিনি। আরবি, ফরাসি, তুর্কি, আর্মেনীয় ও ইংরেজি—এই পাঁচটি ভাষায় গান করেন। আবাজির সংগীতে এই আন্তর্জাতিক আবহ কী করে তৈরি হলো, জানতে চাইলে তিনি বলেন, আমার জন্ম লেবাননে, বেড়ে ওঠা ও পড়াশোনা ফ্রান্সে। মায়ের শরীরে তুরস্কের রক্ত, বাবা আধা আর্মেনীয় আধা গ্রিক। এমন একটা বহুজাতিক পরিবারের জন্ম বলেই আমি নানা অঞ্চলে ছড়িয়ে থাকা সুর এক করতে চেষ্টা করি।’চট্টগ্রামের দর্শকদের সম্মোহিত করেছেন আবাজি। দর্শকদের বাধ্য করেছিলেন তাঁর সঙ্গে গলা মেলাতে। গোটা কনসার্টই যেন গায়কে-শ্রোতায় দ্বৈরথ চলল। আপনি কি বরাবরই এমন জামাতে পছন্দ করেন? আবাজির উত্তর—‘অবশ্যই। দর্শকদের সঙ্গে এই ধরনের বিনিময়ের লোভেই আমি গান করি। সম্প্রতি এক মাসের লম্বা সফরে চীন, ভানুয়াতু আইল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরপর বাংলাদেশে কনসার্ট করেছি। যেখানেই গিয়েছি দর্শকেরা আমার সঙ্গে যোগ দিয়েছেন। সংগীত সবচেয়ে বড় আন্তর্জাতিক ভাষা। এখানে এসেও সেটা বোঝা গেল।’আবাজি বিশ্বের নানা জায়গা থেকে বিচিত্র সব বাদ্যযন্ত্র সংগ্রহ করেছেন। সেগুলোতে খানিকটা অদল-বদল করে নতুন বাদ্যযন্ত্র উদ্ভাবনও করেছেন। এ প্রসঙ্গ উত্থাপন করতেই আবাজি জানালেন, তাঁর আর্মেনীয় দাদি বাজাতেন উদ (এক ধরনের গিটার), তাঁর দাদির মা বাজাতেন কানান (সেতারের মতো বাদ্যযন্ত্র)। খালারা সবাই গান গাইতেন। আশপাশের মানুষেরা একেকজন একেক ভাষায় গাইতেন। ব্যবহার করতেন ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র। এসব দেখেই বিচিত্র বাদ্যযন্ত্রের প্রতি অনুরাগ জন্মে। প্রধানত ব্লুজসংগীত করেন আবাজি। এই ব্লুজের নাম দিয়েছেন তিনি ট্রান্স মেডিটারানিয়ান (ভূমধ্যসাগরীয়) ব্লুজ। এই বিশেষ ব্লুজটি কী ধরনের? এমন প্রশ্নের উত্তরে আবাজি বলেন, ‘ব্লুজ মূলত প্রেম, বেদনা ও দুঃখের সংগীত। এর সঙ্গে আরব ও এশিয়ার সুরের সংমিশ্রণ ঘটিয়ে ব্লুজের আঙ্গিকে নতুনত্ব এনেছি।’আপনার সংগীতের দর্শন কী? ছোটখাটো শরীর আর মাথাভর্তি ঝাঁকড়া-কোঁকড়ানো চুলের আবাজি এমন কথায় হাসলেন। বললেন, ‘আমি মানুষের কাছে একটা অধিকতর সহনীয় ও সুন্দর পৃথিবীর স্বপ্ন নিয়ে যাই। সংগীত আমার কাছে একটা বড় আশ্রয়।’আপনার গান শুনলে প্রশান্তি আর আনন্দে মন ভরে যায়। সংগীতের কী এমন নিরাময়কারী গুণাবলি থাকে? এই প্রশ্নের উত্তর আর দিলেন না আবাজি। বরং প্রশ্নকর্তাকে জড়িয়ে ধরে বললেন, সেটা তোমার হূদয়কে জিজ্ঞেস করো ভায়া।’