'গানেই থাকতে চাই সারাজীবন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী শাপলা পাল l ছবি: সৌরভ দাশ
সংগীতশিল্পী শাপলা পাল l ছবি: সৌরভ দাশ

সংগীতশিল্পী শাপলা পাল। আধুনিক ও আঞ্চলিক গানে প্রশংসা কুড়িয়েছেন বেশ। এর মধ্যে অংশ নিয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায়। সম্প্রতি কাজ শুরু করেছেন নিজের অ্যালবামের। ৬ জানুয়ারি প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে কথা হয় তাঁর সঙ্গে
এখন ব্যস্ততা...
মঞ্চের গান নিয়ে ব্যস্ত সময় কাটছে। প্রতি সপ্তাহেই অনুষ্ঠান থাকছে। বেসরকারি টেলিভিশন চ্যানেলেও নিয়মিত গান করছি। এ ছাড়া এগিয়ে নিচ্ছি নিজের অ্যালবামের কাজ। এতে বিভিন্ন ধাঁচের গান রাখার পরিকল্পনা আছে। প্রাধান্য পাবে ফোক ও মেলোডিয়াজ গান। তবে কয়েক মাস আগে ব্যস্ততা আরও বেশি ছিল চ্যানেল আই সেরাকণ্ঠ নিয়ে। এবারের প্রতিযোগিতায় সেরা ২০ জনের মধ্যে ছিলাম।
যেভাবে শুরু...
আমার হাতেখড়ি মায়ের (সঞ্জু পাল) হাতে। তখন বয়স সবে চার। স্কুলে যাওয়াও শুরু হয়নি। এর মধ্যে হারমোনিয়াম নিয়ে বসিয়ে দেন মা। অবশ্য ঘরে সুরের পরিবেশ ছিল। মা ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী। এরপর শিখেছি ওস্তাদ রাখাল নন্দী, আবদুর রহিম ও রাজেশ সাহার কাছে। বর্তমানে তালিম নিচ্ছি সুরবন্ধু আশোক চৌধুরী ও নজরুলসংগীতশিল্পী সুজিত মোস্তফার কাছে।
মন মজেছে আঞ্চলিক গানে....
চট্টগ্রামের আঞ্চলিক গানের প্রতি আমার ভালোবাসা সব সময় থাকবে। সেটা হয়েছে কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষের জন্য। কারণ, মঞ্চে আমার প্রথম গান এই গুণী শিল্পীর সঙ্গে। সেদিন তাঁর সামনেই করি ‘ছোড ছোড ঢেউ তুলি পানিত যারগই কর্ণফুলী’। এর পর থেকে মঞ্চে বেশ কয়েকবার তাঁর সঙ্গে গেয়েছি। তিনি মারা যাওয়ায় সেটা বেশি দিন স্থায়ী হয়নি।

আমার অর্জন...
ছোটবেলা থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার জিতেছি অসংখ্যবার। উল্লেখযোগ্য জাতীয় শিশু পুরস্কারে নজরুলসংগীতে তৃতীয় (২০০০), জাতীয় শিক্ষা সপ্তাহে দেশাত্মবোধকে দ্বিতীয় (২০০২), ঊষা স্বর্ণপদক (১৯৯৮), বঙ্গবন্ধু শিশু-কিশোর প্রতিযোগিতায় লোকসংগীতে তৃতীয় (২০০২) ও নবীন মেলা সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন (২০০২)।
ভবিষ্যতের পথে...
বেশির ভাগ শ্রোতা আমাকে চেনেন আঞ্চলিক গানের শিল্পী হিসেবে। যেকোনো অনুষ্ঠানে গাইতে গেলেই আঞ্চলিক গানের অনুরোধ আসে। শ্রোতাদের অনুরোধ রক্ষা করি। আমার ইচ্ছা নিজেকে নজরুলসংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠা করা। এ জন্য তালিম নিচ্ছি। আসা-যাওয়া করতে হচ্ছে ঢাকা-চট্টগ্রাম। পূর্ণ সহযোগিতা করছেন আমার স্বামী। শেষ কথা হলো গানেই থাকতে চাই সারা জীবন।
সাক্ষাৎকার: আশরাফ উল্লাহ