'গাড়িতে উঠলে বুক কাঁপে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে মরিয়মনগর চৌমুহনী-রানীর হাট ডিসি সড়ক। ছবিটি  শান্তিনিকেতন এলাকা থেকে তোলা  প্রথম আলো
যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে মরিয়মনগর চৌমুহনী-রানীর হাট ডিসি সড়ক। ছবিটি শান্তিনিকেতন এলাকা থেকে তোলা প্রথম আলো

‘হেঁটে গেলে পোহাতে হয় কাদাপানির বিড়ম্বনা। প্রায় সময় জামা-কাপড় নষ্ট হয় যায়। আর গাড়িতে উঠলে বুক কাঁপে। পুরো রাস্তায় গাড়ি দুলতে থাকে। কখন উল্টে যায় সেই ভয়ে থাকি। এ দুর্ভোগ কত দিন সইতে হবে জানি না।’
রাঙ্গুনিয়ার মরিয়মনগর চৌমুহনী-রানীর হাট ডিসি সড়কে চলাচলকারী উত্তর রাঙ্গুনিয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আয়েশা সুলতানা ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেন। মোগলের হাট থেকে কলেজে আসা-যাওয়া করেন তিনি। শুধু আয়েশা নন, এ কষ্ট এখন ছয় ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষের।
সরেজমিনে দেখা গেছে, ১৫ কিলোমিটারের সড়কটির কমপক্ষে ৯৩টি স্থানে খনাখন্দে ভরা। এসব স্থানে পিচ উঠে গিয়ে ইট-সুরকির অস্তিত্ব পর্যন্ত নেই। কিছু স্থানে গর্ত, ছোটখাটো জলাশয়ের রূপ নিয়েছে। গর্তে জমে থাকা কাদাপানি গাড়ি চলাচলের সময় আশপাশের পথচারীদের গায়ে ছিটকে পড়ছে।
জানা যায়, এ সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার ছয়টি ইউনিয়ন—স্বনির্ভর, রাজানগর, দক্ষিণ রাজানগর, ইসলামপুর, লালানগর ও হোছনাবাদের দেড় লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। প্রতিদিন চলাচল করে যাত্রীবাহী বাস, ট্রাক, অটোরিকশা ও রিকশা। সড়কের দুরবস্থার কারণে এখন আধা ঘণ্টার পথ যেতে সময় লাগছে আড়াই ঘণ্টার বেশি। এ কারণে দ্বিগুণ ভাড়া হাঁকেন সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাচালকেরা।
অটোরিকশা চালক দুলা মিয়া (৪৩) বলেন, এ সড়কে দিনে দুই থেকে তিন বার আসা-যাওয়া করলে গাড়ির কোনো না কোনো যন্ত্রাংশ নষ্ট হয়। তাই ভাড়া কিছুটা বাড়তি নেওয়া ছাড়া আমাদেরও উপায় নেই। স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহিম উদ্দীন চৌধুরী বলেন, সড়কটির করুণ দশার কথা কয়েকবার উপজেলার মাসিক সমন্বয় সভায়ও বলা হয়েছে। কিন্তু এখনো কোনো কাজ হয়নি।
সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম কার্যালয় সূত্র জানায়, ২০০৮ সালে সড়কটির ১৫ কিলোমিটারেই সংস্কারকাজ করা হয়। কিন্তু বেপরোয়াভাবে ভারী যানবাহন চলাচল করায় সড়ক দ্রুত ভেঙে গেছে। কারণ রাঙ্গুনিয়ার বেশির ভাগ ইটভাটার অবস্থান এই সড়কের আশপাশের এলাকায়। ফলে ইটবাহী ট্রাক চলাচলের কারণে সড়ক সংস্কার করলেও বেশি দিন টিকছে না।
এ প্রসঙ্গে সড়ক ও জনপথ বিভাগের রাঙ্গুনিয়া কার্যালয়ের সুপারভাইজার রাসেল দেওয়ান বলেন, সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে একাধিকবার জানানো হয়েছে। এ সপ্তাহে কাজ শুরু করবে বলে ঠিকাদার জানিয়েছেন। এ সপ্তাহে কাজ শুরু না করলে নোটিশ দেওয়া হবে।