মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। প্রথম আফ্রো-আমেরিকান নারী হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। নানা কারণে আলোচিত-সমালোচিত রাইস। সম্প্রতি টাইম ম্যাগাজিনে তাঁকে বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষের করা এই দশটি প্রশ্ন ও তাঁর জবাব ছাপা হয়।প্রশ্ন: অ্যালাবামার বার্মিংহামের মতো জায়গার একটি ধর্মীয় রক্ষণশীল কৃষ্ণাঙ্গ পরিবারের মেয়ে হয়ে কীভাবে সোভিয়েত ইউনিয়ন বিষয়ে বিশেষজ্ঞ হলেন?উত্তর: আমাকে জানতে হলে বা কীভাবে আমি এই জায়গায় এসেছি বুঝতে হলে আমার মা-বাবা জন ও অ্যাঞ্জেলিনা রাইসকে চিনতে হবে। একদিন যখন মা-বাবাকে বললাম, আমি সোভিয়েত বিশেষজ্ঞ হতে চাই; তাঁরা বললেন, বেশ তো, শুরু করো। গায়ের রং আর লৈঙ্গিক সীমাবদ্ধতার জন্য পারা যাবে না—এটা বিশ্বাস করতে রাজি ছিলাম না আমরা।প্রশ্ন: ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্বের কি বাস্তবানুগ ও স্থায়ী একটি সমাধান সম্ভব?উত্তর: একটা সমাধান তো হতেই হবে। আর এ ক্ষেত্রে একটাই সমাধান—দুটি আলাদা স্বাধীন রাষ্ট্র। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনিরা স্বাধীনভাবে বাস করবে।প্রশ্ন: উত্তর কোরিয়া ও ইরানের মধ্যে কোন দেশটি বেশি বিপজ্জনক?উত্তর: উত্তর কোরিয়া সত্যিই বিপজ্জনক। কারণ যে দেশটি এতটা বিচ্ছিন্ন, যে দেশের হাতে পরমাণু প্রযুক্তি রয়েছে আর যারা কিনা যে কারও কাছে যেকোনো কিছু বিক্রি করতে রাজি, তাদের বিপজ্জনক বলতেই হয়। কিন্তু ইরান আন্তর্জাতিক পরিমণ্ডলে সবচেয়ে বিপজ্জনক দেশ। কারণ, তারা সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় মদদের প্রতীকে পরিণত। বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল অঞ্চলে পরমাণু অস্ত্রের অধিকারী হতে চাইছে দেশটি।প্রশ্ন: চীন এশিয়ায় তার প্রভাব বিস্তার করতে চাইছে। সম্প্রতি দেশটি দক্ষিণ চীন সাগর তার এলাকা বলে দাবি করেছে—বিষয়টি যুক্তরাষ্ট্র কীভাবে মোকাবিলা করতে পারে?উত্তর: এ পর্যন্ত অবশ্য দেখা গেছে, বেশির ভাগ ক্ষেত্রেই চীন দায়িত্বশীল আচরণ করেছে। কিন্তু দক্ষিণ চীন সাগরে জলসীমার দাবির ব্যাপারে ওই অঞ্চলের ছোট রাষ্ট্রগুলোকে হুমকি-ধমকি দেওয়ার প্রবণতাটি ভালো লক্ষণ নয়। কারণ সমুদ্রসীমার ওই সব দাবি শত শত বছরের পুরোনো। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান করা উচিত বলে যে মন্তব্য করেছে, তা যথার্থ। কারণ ১৯ শতকের কৌশল ২১ শতকে ব্যবহার করার প্রয়োজন নেই।প্রশ্ন: মার্কিন নেতৃত্বাধীন ইরাক অভিযান ইরানকেই জয়ী করেছে—এ কথাটায় কতটা ভিত্তি আছে?উত্তর: আমি মনে করি না ইরান কোনোভাবে নিজেদের বিজয়ী মনে করে। ইরাক এখনো ইরানের প্রভাববৃদ্ধির বিরুদ্ধে একটা শক্ত সুরক্ষা। কারণ ইরাকিরা জাতে আরব আর ইরানের প্রতি তাদের রয়েছে জোরালো অবিশ্বাস।প্রশ্ন: পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময়কার কোন বিষয় নিয়ে অনুশোচনা হয়?উত্তর: আপনি যখন কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যান, আমরা যেমনটা গিয়েছি, তখন অনেক কিছুই খুব ভালোভাবে করা যায় না। ইরাকে সাদ্দাম ক্ষমতায় থাকলে আমি এখনো তাঁকে ক্ষমতাচ্যুত করতে চাইতাম। তিনি ছিলেন ওই অঞ্চলের ক্যানসার।প্রশ্ন: টি-পার্টি সম্পর্কে আপনার ভাবনা কী?উত্তর: টি-পার্টির নামে যা বলা হয়, তার সবকিছুর সঙ্গে আমি একমত না-ও হতে পারি। কিন্তু আমি মনে করি, মার্কিনিদের এভাবে সংঘবদ্ধ হওয়া উচিত। টি-পার্টি ওয়াশিংটনে এই বার্তাই পাঠিয়েছে যে আমাদের প্রতিনিধিত্ব যাঁরা করছেন, সেই রাজনীতিকদের উচিত সাধারণ মানুষের কণ্ঠে সুর মেলানো। আমি মনে করি, এটা খুব উপকারী।প্রশ্ন: আফ্রিকায় গণতন্ত্রের বিষয়টিকে কীভাবে মূল্যায়ন করবেন?উত্তর: আফ্রিকায় এখন ইতিবাচক নেতৃত্ব রয়েছে। মাত্র এক দশক আগেও এটা ছিল না। তানজানিয়া, বতসোয়ানা, মালি—এসব দেশের নেতারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া রপ্ত করেছেন। দক্ষিণ আফ্রিকা বা নাইজেরিয়ার মতো বড় দেশগুলো সুশাসনের দিকে এগিয়ে গেলে আরও উন্নতি হবে।প্রশ্ন: নিউইয়র্কের গ্রাউন্ড জিরোতে মসজিদ নির্মাণের বিষয়টি কীভাবে দেখছেন?উত্তর: ধর্মীয় স্বাধীনতা ও সহিষ্ণুতার বিষয়টি সবাই মানেন। সেদিক থেকে যেকোনো স্থানে ধর্মীয় স্থাপনার অধিকার অনস্বীকার্য। তবে ‘নাইন-ইলেভেনের’ স্পর্শকাতরতার দিকটিও আমাদের মনে রাখতে হবে।প্রশ্ন: পিয়ানোর কোন সুরটি বাজানো আপনার সবচেয়ে পছন্দের?উত্তর: ব্রামসের ওপাস ১১৮-এর দ্বিতীয় ইন্টারমেজ্জো। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে আমি তাঁর সেকেন্ড পিয়ানো কনসার্টো বাজানোর আশা রাখি। তবে সে জন্য আমাকে আরও চর্চা করতে হবে।ভাষান্তর: মাহফুজ আহমেদ