'গিনিপিগ' ডাইনোসর শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে ২৫ বছর আগে আবিষ্কৃত গিনিপিগ আকারের একটি বাচ্চা ডাইনোসরের পরিচয় শনাক্ত হয়েছে। আবিষ্কারের পরপরই একে পালকযুক্ত ডাইনোসর প্রজাতির অন্তর্ভুক্ত করেছিলেন বিজ্ঞানীরা। কিন্তু জীবাশ্মবিদেরা এখন বলছেন, বাচ্চা ডাইনোসরটা আসলে বেইবেইলং সিনেসিস প্রজাতির। যার অর্থ ‘চীনা বাচ্চা ড্রাগন’।
যুক্তরাজ্যভিত্তিক নেচার পাবলিশিং গ্রুপের সাময়িকী নেচার কমিউনিকেশনস সম্প্রতি এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। চীন ও কানাডার একদল বিজ্ঞানী গবেষণাটি করেছেন। এর আগে আবিষ্কৃত বিভিন্ন প্রজাতির ডাইনোসরের সঙ্গে তাঁরা তুলনা করেন। পরে বাচ্চা ডাইনোসরটি নতুন প্রজাতির বলে সিদ্ধান্তে পৌঁছেছেন।
১৯৮০ ও ১৯৯০-এর দশকের প্রথম দিকে চীনের হেনান প্রদেশে হাজারো ডাইনোসরের ডিম সংগ্রহ করেন স্থানীয় কৃষকেরা। এর মধ্যে বেশ কয়েকটি বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে পাচারও হয়ে যায়। ‘বেবি লুই’ নামের যে বাচ্চা ডাইনোসরটি নিয়ে আলোচনা চলছে, সে সময় এর কঙ্কাল বেশ আলোড়ন তোলে। এক চিত্রগ্রাহক একটি সাময়িকীর প্রচ্ছদের জন্য এর ছবি তোলার পর এ আলোড়নের সূত্রপাত। পরে ২০১৩ সালে কঙ্কালটি চীনে ফিরিয়ে আনা হয়।
জীবাশ্মবিদেরা বলছেন, পাখির মতো দেখতে এই ডাইনোসরের বাচ্চা আসলে ওভিরাপটোরসর্স প্রজাতির সদস্য। যদিও শিশুটির আকার গিনিপিগের মতো, কিন্তু এই প্রজাতির প্রাপ্তবয়স্ক ডাইনোসরদের ওজন এক হাজার কেজি ছাড়িয়ে যেত।
শুধু চীনেই নয়, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া এবং উত্তর আমেরিকায়ও এ ধরনের ডাইনোসরের সন্ধান মিলেছে। গবেষকেরা বলছেন, এগুলোর সবই আজ থেকে ১০ কোটি বছর আগে পৃথিবী দাপিয়ে বেড়াত।
নেচার কমিউনিকেশনস-এ প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা মন্তব্য করেছেন, ভৌগোলিক বিস্তৃতি আর প্রাচুর্যের বিষয় বিবেচনায় বোঝা যায়, দৈত্যকার ওভিরাপটোরসর্স প্রজাতির ডাইনোসররা পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়েছিল এবং ক্রিটাশাস যুগের শেষ দিকেও এরা ছিল।
স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের স্টিভ ব্রুস্যাট বলেন, পালক আর ঠোঁটবিশিষ্ট দাঁতহীন বিশাল আকারের পাখির মতো ডাইনোসরগুলোর বংশবৃদ্ধি কীভাবে হতো, ডিমগুলো পর্যালোচনা করে তার একটি আভাস পাওয়া যায়। সেই সঙ্গে ছোট্ট শিশু থেকে তারা যে এক টনের বেশি ওজনের প্রাণীতে পরিণত হতো, তারও একটি চিত্র পাওয়া যায়।