'গোপন বৈঠকে' রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতির পরিকল্পনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতি করতে নগরের পতেঙ্গায় ‘গোপন বৈঠকে’ বসেছিলেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা—নয় মাসের তদন্ত শেষে দেওয়া অভিযোগপত্রে এমনটা উল্লেখ করেছে পুলিশ। এতে অভিযুক্ত করা হয়েছে ৩০ জনকে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে অভিযোগপত্রটি জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পতেঙ্গা থানার উপপরিদর্শক মাজহারুল হক।
২০১৬ সালের ৩০ এপ্রিল পতেঙ্গা থানার সমুদ্রসৈকত মোড়ে ‘উড়োজাহাজ’ রেস্টুরেন্টে বৈঠকের সময় ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভাষ্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার পরিকল্পনা করতে তঁারা ‘গোপন বৈঠকে’ বসেছিলেন। ওই সময় ছয়জনকে ধরা গেলেও পালিয়ে যান আরও ২০ থেকে ২৫ জন। এই ঘটনায় পতেঙ্গা থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম বাদী হয়ে ১৬ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।
মাজহারুল হক প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে তদন্তে সত্যতা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে অারও ২৪ জনের নাম। পুলিশ তঁাদের বৈঠককালে ধরতে না পারলে তঁারা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ক্ষতিসাধন করতেন।
আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ডক ইয়ার্ড, তেল শোধনাগার, শিল্পকারখানা, সমুদ্রবন্দর, নৌযান, নেভাল একাডেমি ও বিমানবাহিনীর ঘাঁটিতে ক্ষতি করার পরিকল্পনা করতে ‘গোপন বৈঠকে’ বসেন পতেঙ্গা সমুদ্রসৈকত মোড়ের ‘উড়োজাহাজ’ রেস্টুরেন্টে। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পরিকল্পনা করার কথা স্বীকার করেন। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা সবাই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তদন্তে তঁাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ ছাড়া জড়িত আরও ১৪ জনসহ ৩০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা না পাওয়ায় মো. ইউসুফ মিয়া নামের এক আসামিকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। ৩০ আসামির মধ্যে ১৬ জন কারাগারে, বাকিরা পলাতক রয়েছেন। আসামিরা সবাই জামায়াত–শিবিরের নেতা-কর্মী।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ৩০ জামায়াত-শিবিরের নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্রটি গ্রহণের শুনানির জন্য এখনো তারিখ নির্ধারণ হয়নি আদালতে।