‘গ্রাম পুলিশের খবর কেউ রাখেন না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গ্রামে কোন পরিবারে শিশুর জন্ম হলো কিংবা কোন লোক মারা গেল তার হিসাব রাখতে হয়। ভিজিএফ, ভিজিডি কার্ড বিতরণের সময় শৃঙ্খলা বজায় রাখা, গ্রাম-মহল্লায় ঘুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে জারি করা বিভিন্ন নোটিশ পৌঁছে দেওয়া ছাড়াও আরও কত কী কাজ! এতসব কাজ নিয়ে যাঁদের জীবন সেই গ্রাম পুলিশের খবর কেউ রাখেন না।’ এভাবেই নিজেদের নানা সমস্যার কথা জানাতে গিয়ে দীর্ঘশ্বাস ফেললেন সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়নের দফাদার হিমাংশু বিমল নাথ। তিনি সীতাকুণ্ড গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক। শুধু সীতাকুণ্ড নয়, সবগুলো উপজেলার গ্রাম পুলিশের জীবনচিত্র একই।হিমাংশু বিমল জানান, ‘উপজেলার নয়টি ইউনিয়নে ৯০ জন গ্রাম পুলিশ থাকার কথা। বর্তমানে আছেন ৭৪ জন। ইতিমধ্যে যাঁরা মারা গেছেন বা চাকরি ছেড়ে দিয়েছেন তাঁদের স্থলে নতুন লোক নিয়োগ করা হয়নি। ইউনিয়ন পরিষদ থেকে গ্রাম পুলিশের পোশাক, জুতা ও টর্চলাইট সরবরাহ করার কথা থাকলেও নিজেদের অর্থে তা আমাদের সংগ্রহ করতে হচ্ছে। দেখবেন অনেকের পরনে এখনো চার বছর আগের পোশাক।’ মুরাদপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সালেহ আহমদ বলেন, ‘আমাদের মাসিক বেতন এক হাজার ৪০০ টাকা। এর মধ্যে সরকার থেকে দেওয়া হয় ৭৫০ টাকা। ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয় ৬৫০ টাকা। সরকারের অংশ নিয়মিত পাওয়া গেলেও ইউনিয়ন পরিষদের অংশ দুই বছর ধরে বকেয়া রয়েছে। এ অবস্থায় বর্তমান বাজারে কীভাবে সংসার চলে তা আপনারাই বিচার করেন।’ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি দফাদার আনোয়ার হোসেন বিভিন্ন তথ্য দিয়ে জানান, প্রতিটি ইউনিয়নে দুটি করে বাইসাইকেল, গ্রাম পুলিশদের জন্য কল্যাণ তহবিল গঠন, সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ইউনিয়ন পরিষদ থেকে প্রদেয় অংশের বেতন প্রদান এবং ১৯৬৮ সালের গ্রাম পুলিশ ফোর্স রুলস সংশোধন করার কথা থাকলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। ভাটিয়ারী ইউনিয়নের গ্রাম পুলিশ খোদেজা বেগম বলেন, ‘মাসে যে টাকা পাই, তা দিয়া পেট চলে না। স্বামী আবুল হোসেন মারা গেছেন চার বছর আগে। রোজগাইরা আমি একা। সংসারে আটজন মানুষ। টানাটানিতে কয় দিন বাঁচব জানি না।’ সীতাকুণ্ড গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সহসভাপতি দফাদার মো. ইউসুফ বলেন, ‘আমরা চতুর্থ শ্রেণীর কর্মচারীর মর্যাদা পেলে এক প্রকার চলতে পারতাম।’ বেতনের যে অংশ ইউনিয়ন পরিষদ দেয় তা বকেয়া আছে বলে স্বীকার করেন সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুদ্দিন মো. জাহাঙ্গীর। তিনি বলেন, ‘পরিষদের পর্যাপ্ত তহবিল না থাকায় অনেক সময় দেরি হয়।’সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘গ্রাম পুলিশের দিকে কেউ নজর দেয় না। আমাদের সীমাবদ্ধতার কারণে আমরাও কিছু করতে পারি না। তাঁরা আমাদের গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। তাঁদের সুযোগ-সুবিধা বাড়ানো দরকার।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রউফ প্রথম আলোকে বলেন, গ্রাম পুলিশের দাবি যুক্তিসংগত। তাঁরা দিন-রাত পরিশ্রম করেন। বিনিময়ে যা পান, তা দিয়ে দুজনের সংসারও চালানো সম্ভব নয়। তাঁদের বেতন-ভাতা বাড়ানো উচিত। তাঁদের কষ্টের কথা লেখালেখি হলে সরকার অবশ্যই তা দেখবে।