'গ্রামের মানুষদের চিকিৎসা করতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুন মিয়া
মামুন মিয়া

মেধা আর দারিদ্র্যকে সঙ্গী করে অনেকটা পথ হেঁটেছেন মামুন মিয়া। পথ এখনো ফুরায়নি। তবে দারিদ্র্যকে পাশ কাটিয়ে মামুন মেধার স্বাক্ষর রেখেছেন ছোটবেলা থেকেই। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন অভাবের সঙ্গে যুদ্ধ করা মামুন। সর্বশেষ তিনি মেধার পরিচয় দিয়েছেন মেডিকেলে ভর্তির সুযোগ পেয়ে

মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাওয়ার পর কেমন লাগছে?
খুবই ভালো লাগছে। আমি কখনো মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাব ভাবিনি। এ জন্য আমি আমার স্কুল ও কলেজের স্যার এবং স্থানীয় জ্ঞানগৃহ কোচিং সেন্টারের পরিচালক জ্যোতিশ চন্দ্র স্যারের কাছে কৃতজ্ঞ। তাঁদের উৎসাহ এবং সহযোগিতায় আমি এত দূর আসতে পেরেছি।

এখন আপনার পারিবারিক অবস্থা কেমন?
আগে যেমন ছিল এখনো সে রকমই আছে। আমার বাবা একজন ভ্যানচালক। ভিটে ছাড়া নিজেদের কোনো জমি নেই। বাবা যা আয় করেন তা দিয়ে পুরো সংসার চলে। আমার বড় ভাই বিয়ে করে আলাদা থাকেন। তবে এত দিন আমার পড়াশোনা করার পেছনে অনেকে সহযোগিতা করেছেন। যেমন অষ্টম শ্রেণীতে বৃত্তি পাওয়ার পর নবম ও দশম শ্রেণীতে স্কুল ও স্থানীয় কোচিং সেন্টারে ফ্রি কোচিং করেছি। তারপর এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার পর ঢাকার প্রাইম সিটি ইন্টারন্যাশনাল কলেজে আবাসিক ব্যবস্থায় পড়ার সুযোগ পাই। এ ছাড়া ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তি পেয়েছিলাম এত দিন। এই দিয়ে পড়ার খরচ কোনো রকমে চলে যেত। সামনের দিনগুলো নিয়ে কিছুটা চিন্তায় আছি।

ডাক্তার হয়ে কী করতে চান?

ডাক্তার হয়ে আমার গ্রামের মানুষদের চিকিৎসা করতে চাই। বিশেষ করে গরিবদের সেবায় নিজেকে নিয়োজিত করার ইচ্ছা আছে। কারণ আমি বুঝি, গরিবেরা এ দেশের চিকিৎসাসেবা থেকে কতটা বঞ্চিত। তাই আমি সব সময় তাদের পাশে দাঁড়াতে চাই।

সাক্ষাৎকার: মো. রুবেল