'ঘর বেঁধেছি নাচের সঙ্গে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৃত্যশিল্পী সূচনা বণিক l ছবি: সৌরভ দাশ
নৃত্যশিল্পী সূচনা বণিক l ছবি: সৌরভ দাশ

সূচনা বণিক। নাচ তাঁর প্রাণ। নাচে জয় করছেন দর্শকদের মন। মিলেছে নানা স্বীকৃতিও। ২০১২ সালে জিতেছেন ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’র সেরার খেতাব। নাচ নিয়ে অনেক দূর যাওয়ার স্বপ্ন তাঁর। সাম্প্রতিক কাজ ও নানা বিষয় নিয়ে কথা হয় তাঁর সঙ্গে

আমার ব্যস্ততা...
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ব্যস্ত সময় কাটছে। আমার ইচ্ছা নাট্যকলার ওপর পড়াশোনা করা। সেভাবে এগোচ্ছি। এ ছাড়া মাধুরী নৃত্যকলা একাডেমি নামে নিজের একটি নাচ শেখার প্রতিষ্ঠান চালু করেছি। পড়াশোনার বাইরে নাচের স্কুল আর নিজের অনুশীলনে সময় কাটছে। তবে এর মধ্যে আমার প্রযোজনায় বেশ কিছু গীতিনাট্য তৈরি করেছি, যেগুলো বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করে দর্শকদের ভালো সাড়া পাওয়া গেছে। সর্বশেষ অনুষ্ঠান করলাম নগরের জে এম সেন মিলনায়তন প্রাঙ্গণে শ্যামাপূজার আয়োজনে।
ফিরে দেখা...
পাঁচ বছর বয়সে আর্য সংগীত বিদ্যাপীঠে নাচের ওস্তাদ অর্পিতা সেনের কাছে হাতেখড়ি। এরপর শিশু একাডেমী ও শিল্পকলা একাডেমীতে শিখেছি বিভিন্ন সময়। এখন ভরত নাট্যম ও কত্থকের তালিম নিচ্ছি।
আমার সেরা...

বাংলাভিশনের রিয়েলিটি শো ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’র শিরোপা বড় কোনো আয়োজনে সেরা অর্জন। আগে জিতেছি শিশুশিল্পী হিসেবে। প্রথম পুরস্কার চট্টগ্রামের হাজারী লেনের ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মোৎসবের সাংস্কৃতিক প্রতিযোগিতায়। তখন আমি তৃতীয় শ্রেণির ছাত্রী। স্মৃতিতে এখনো জ্বলজ্বল করে সেই ক্ষণটি। ‘নাচ ময়ূরি নাচ রে/ রুম ঝুমাঝুম নাচ রে’ গানের সঙ্গে নাচ করি। দর্শকদের অভিনন্দন আর করতালির জোয়ারে সিক্ত হয়েছি সেদিন। প্রথম স্থান অর্জন করে ঘরে নিয়ে যাই পুরস্কার। সেই শুরু। এরপর ২০০৮ সালে পেয়েছি নজরুল স্মৃতি স্বর্ণপদক। ২০০৯-এ লোকনৃত্যে বঙ্গবন্ধু শিশু-কিশোর প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম হই। এ ছাড়া স্থানীয়ভাবে জিতেছি অনেক পুরস্কার।
ভবিষ্যতের পথে...
ঘর বেঁধেছি নাচের সঙ্গে। সারা জীবন নাচ নিয়ে থাকব। নাচের বড় একজন শিল্পী হিসেবে নিজেকে দেখার স্বপ্ন আছে। এ জন্য নিজেকে পোক্ত করছি। ওস্তাদদের কাছে তালিম নিচ্ছি মনোযোগ দিয়ে। এ ছাড়া দেশের বাইরে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে গিয়ে নাচের ওপর পড়াশোনা করার ইচ্ছা আছে আমার।
সাক্ষাৎকার: আশরাফ উল্লাহ