'ঘর ভাঙিলে আঁরা হন্ডে যাইয়্যুম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খাল ভাঙতে ভাঙতে উডানত আইস্যে। যেহোনো সমত ঘর ভাঙি যাইব। ঘর ভাঙিলে আঁরা হন্ডে যাইয়্যুম, আঁরার তো আর হোনো জাগাজমি নাই।’ (নদের ভাঙন উঠান পর্যন্ত এসেছে। যেকোনো সময় ঘর ভেঙে যেতে পারে। ঘর ভাঙলে আমরা কোথায় যাব, আমাদের তো আর কোনো জায়গা-জমি নেই)।
এভাবে নিজের অসহায়ত্বের কথা বলেন আনোয়ারা উপজেলার দক্ষিণ জুঁইদণ্ডীর চৌকিদার বাড়ির গৃহবধূ আনোয়ারা বেগম (৪৪)। আর কয়েক হাত ভাঙলেই তাঁর ঘর চলে যাবে শঙ্খ গর্ভে। এখন নদের ভাঙন উঠান পর্যন্ত এসেছে।
শুধু চৌকিদার বাড়িই নয়, দক্ষিণ জুঁইদণ্ডীর গ্রামের মালিস্যার বাড়ি, বকসি মাঝির বাড়ি, ভোলার বাড়ি ও পেচির বাড়ি এলাকার কয়েক শ ঘর এখন হুমকির মুখে পড়েছে।
সরেজমিন দেখা যায়, ভাঙন কবলিত এলাকায় বেড়িবাঁধের অস্তিত্ব নেই। বেশ কিছু ঘর অর্ধেক ভাঙা অবস্থায় পড়ে আছে। এসব ঘরের বাসিন্দারা ব্যস্ত জিনিসপত্র সরানোর কাজে।
স্থানীয় লোকজন জানান, রোয়ানুর আঘাতে উপজেলার উপকূলীয় অন্যান্য এলাকার মতো জুঁইদণ্ডী ইউনিয়নেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দক্ষিণ জুঁইদণ্ডী ও খুরুস্কুল গ্রামের এক কিলোমিটারের বেশি বেড়িবাঁধ পানিতে ভেসে গেছে। এসব এলাকায় এখন ভাঙা বাঁধ দিয়ে জোয়ার-ভাটা চলছে। এর পাশাপাশি বেড়েছে শঙ্খের ভাঙন। আগামী অমাবস্যায় জোয়ারের সময় স্রোত বাড়লে নদের গর্ভে শতাধিক ঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞানের শিক্ষার্থী আবদুল করিম বলেন, ‘প্রতিটি মানুষের দিন কাটছে আতঙ্কে। আমরা এর থেকে পরিত্রাণ চাই।’
স্থানীয় স্বাস্থ্যকর্মী তৌহিদুল ইসলাম বলেন, ভাঙনে পড়ে কয়েক বছর আগে ইউনিয়নের মাতবর হাটটি তলিয়ে গেছে। এভাবে চলতে থাকলে জুঁইদণ্ডী এক সময় বিলীন হয়ে যাবে।
জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী বলেন, ‘ইউনিয়নের লোকজন মানবেতর জীবন কাটাচ্ছে। এক কিলোমিটারের বেশি জায়গায় বেড়িবাঁধ নেই। তার ওপর এখন শঙ্খের ভাঙনও বেড়েছে। তাই ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবি করছি।’
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী কাইছার উদ্দিন বলেন, জুঁইদণ্ডীর ভাঙন রোধে এখনো বড় কোনো বরাদ্দ আসেনি। তবে আবহাওয়া ভালো হলে জরুরি ভিত্তিতে কিছু মেরামতকাজ করা হবে।