সারি সারি মাছ। বৃষ্টির মধ্যেও ক্রেতার ভিড়। বছরের এ সময় মাছের দাম একটু কমে। কিন্তু এ বছর কী হলো কে জানে, মাছের দাম আকাশছোঁয়া। কোনো কোনো মাছের সামনে দাঁড়িয়ে দাম জিজ্ঞেস করা হবে কি হবে না—তা নিয়েই দ্বিধান্বিত কেউ কেউ। হাতের থলেটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছেন একজন। আপনমনেই বললেন তিনি, ‘৫০০ টাকা নিয়ে এসেছি বাজারে। এখন মনে হচ্ছে ব্যাগটা না আনলেই হতো। যে কটা মাছ কিনতে পারব, তার জন্য এত বড় ব্যাগ লাগে না।’কথাটায় মিথ্যে নেই। মাছের বাজার মানেই আগুনে ঝাঁপ দেওয়া। নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া।মোহাম্মদপুর কৃষি মার্কেটের কাঁচা বাজারে মাঝবয়সী এক মাছবিক্রেতার সামনে দাঁড়াই। ছোট-বড় সব ধরনের মাছ নিয়েই বসেছেন তিনি। সেই তালিকায় আছে কাতলা, রুই, বেলে, ট্যাংরা, চিংড়ি, ছোট বাইন।কাতলা মাছ কত করে?‘তিনশ, ভাই।’ তারপর ছেলের দিকে তাকিয়ে বলেন, ‘বড় কাতল আছে আর? ভাইয়াকে বড় কাতল দিমু।’আপনার নাম কী?‘আমার নাম নাজিম।’পুরা নাম কী?‘পুরা নাম? নাজিম মাতবার।’ কত দিন ধরে মাছের ব্যবসা করেন?‘মাছের ব্যবসা করি, আইজ মনে করেন সাত-আট বছর।’ বাড়ি কোথায়?‘পটুয়াখালী।’মাছ কোত্থেকে আসে?’‘মাছ আসে মনে করেন, ঘাটের থিকা নিয়া আসি।’কোন ঘাট?‘গাবতলী।’গাবতলীতে নদীর ঘাট!‘ঘাট মানে আড়ত।’সব সময় গাবতলী থেকেই মাছ আনেন?’‘হ্যাঁ, সব সময়।’এখানে কয় বছর ধরে বসছেন?’‘কৃষি মার্কেটের ভিতরে বসি ২ বছর। এর আগে ছয়-সাত বৎসর চাউলের আড়তের পাশে এক ওষুধের দোকানের সামনে বসতাম।’মাছ কেমন বিক্রি হচ্ছে?‘টুকটাক চলে আর কি!’টুকটাক চলে মানে? এখন তো মাছের দাম অনেক বেশি। মানুষ তো মাছের বাজারে আসলে খালি দীর্ঘশ্বাস ফ্যালে? তাহলে আপনার টুকটাক চলে ক্যামনে?নাজিম মাতবরের মুখে হাসি।—‘অতিরিক্ত দাম মাছের। ঘাটে অনেক দাম।’এবার তিনি তাঁর নিজের অবস্থাটা ব্যাখ্যা করেন। বাজারে ক্রেতারা এসে মাছের দাম শুনে বিক্রেতার সঙ্গেই খারাপ ব্যবহার করে। কিন্তু আড়তে গিয়ে মাছের দাম দেখে আসে না। কী দামে আড়ত থেকে মাছ কিনতে হয়, সেটা যদি ক্রেতারা জানত, তাহলে বিক্রেতাদের ওপর চোটপাট করত না। রোজা রেখেছেন?‘হ্যাঁ রোজা। ইফতার বাসায় করি।’বাসা কোথায়?‘এই তো টিক্কাপাড়া।’কে কে আছে বাড়িতে?‘এই আমরাই আছি। ছেলে আছে।’বউ কোথায়?‘সে দ্যাশে আছে। দ্যাশে যাই দুই মাস-এক মাস পরপর।’টেলিভিশন দ্যাখেন? সিনেমা দ্যাখেন?‘না, ওই সব করি না। বাসায় টেলিভিশনই নাই।’তাহলে সময় কাটে কী করে? পড়াশোনা করেন?‘পড়াশুনা তো করছি হেইকালে, ছোট সময়।’‘এত মাছ নিয়ে বসে আছেন, মাছই কি খান?’‘শুধু মাছ খামু ক্যান? মাছ খাই, গোস্ খাই। সবজিও খাই। সবই খাই।’এরই মধ্যে ক্রেতারা উসখুস করছেন। সবারই তো বাড়ি ফেরার তাড়া আছে। ক্যামেরা-হাতে একজন ক্রেতার সঙ্গে কথা বললে কি নাজিম মাতবারের ব্যবসা চলবে?