
পারকাশনিস্ট (বাদ্যযন্ত্রশিল্পী) মিঠুন চক্রবর্ত্তী সুনাম কুড়িয়েছেন দেশে-বিদেশে। সান্নিধ্য পেয়েছেন আন্তর্জাতিক অনেক গুণী শিল্পীর। মিঠুনের এই সাফল্যের পেছনে ছিলেন, আছেন তাঁর মা—চট্টগ্রামের মাইজভান্ডারি ও আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী কল্যাণী ঘোষ। মাকে নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন মিঠুন চক্রবর্ত্তী। কথা বলেছেন আশরাফ উল্লাহ
‘আমার কাছে মা-ই সব। রক্তে সুরের ধারা বইয়ে দিয়েছেন তো তিনিই। আমি গর্ভে থাকা অবস্থায় তাঁর হৃৎকম্পনের মধ্যেই যেন ছন্দের সাড়া পেয়েছি। আমার উপলব্ধি পৃথিবীর আলো দেখার আগেই মায়ের কাছে আমার সংগীতের হাতেখড়ি, যা হৃদয়ে গেঁথে গেছে। তাই মায়ের কাছে আমি কৃতজ্ঞ।’
মিঠুন এভাবেই শুরু করেছিলেন মায়ের কথা। মুঠোফোনে কথা হচ্ছিল তাঁর সঙ্গে। সবে যুক্তরাষ্ট্র ভ্রমণ শেষে দেশে এলেন। তাই এখনো চট্টগ্রামে মাকে দেখতে আসা হয়নি। মনটা খচখচ করছিল। বললেন, ‘মায়ের সঙ্গে কথা হয়েছে বেশ কয়েকবার। তার পরও দেখা হলে আরও ভালো লাগত। কিন্তু ব্যস্ততা থেকে অবসর নেওয়া কঠিন। অবশ্য মায়ের কাছে আগে আমার ক্যারিয়ার। কোনো একটি গানে সুর করলে কিংবা গান তুললে মা খুব খুশি হন। তাঁর কাছে এটিই সবচেয়ে বড় পাওয়া।’
আমরা জানি, মিঠুনকে মা বানাতে চেয়েছিলেন আইনজ্ঞ। সে জন্য বিলেতেও পাঠানো হয়েছিল। কিন্তু রক্তের ধারার বাইরে কি যেতে পারে কেউ? ঠিকই মন মজে গেল সংগীতে। ভর্তি হলেন লন্ডনের টেক মিউজিক্যাল কলেজে। এই কথা তুলতে একচোট হেসে নিলেন। বললেন, ‘যদিও মা আমাকে তিন বছর বয়সে পণ্ডিত বিজন চৌধুরীর কাছে তবলা শেখাতে নিয়ে যান। কিন্তু তার পরও চাইতেন না আমি এসবের মধ্যে আসি। হয়তো শিল্পীজীবনের নানা চড়াই-উতরাই দেখে আমাকে নিরুৎসাহিত করতেন। আর আমি নাছোড়বান্দা। ঘরে বাবা যখন (অভিজিৎ চক্রবর্ত্তী) তবলা বাজাতেন, মন্ত্রমুগ্ধের মতো দেখতাম। আবার মায়ের গানের রেওয়াজ করার সময়ও কান পেতে থাকতাম। আর আমাদের বাসায় যাতায়াত ছিল প্রখ্যাত শিল্পী ও গীতিকার আবদুল গফুর হালী, এম এন আখতার, মহিউদ্দিন আহমেদ ও সঞ্জিত আচার্যে্যর। দেখতাম তাঁরা মায়ের গলায় গান তুলে দিচ্ছেন। মায়ের সেকি কঠোর অনুশীলন! ছোটবেলা থেকে তো এভাবে বেড়ে উঠেছি। ফলে সংগীতের সঙ্গে সখ্যটা অনেক পুরোনো। দিনে দিনে আমার আগ্রহ দেখে মা হাল ছেড়ে দিলেন। আমিও বেছে নিলাম ছন্দ ও সুরের পথ।’
এখন তো দেশের তরুণ বাদ্যযন্ত্রশিল্পীদের মধ্যে অন্যতম সেরা মিঠুন। পারকাশনিস্ট হিসেবে আন্তর্জাতিকভাবে সুনাম কুড়িয়েছেন। বিবিসি সেলিব্রেশন কনসার্টে উপমহাদেশের বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক এ আর রহমানের সঙ্গে বাজিয়েছেন। বাজানোর সুযোগ হয়েছে রয়েল একাডেমি অব মিউজিকের অর্কেস্ট্রাতে। নিয়মিতভাবে পারফর্ম করে যাচ্ছেন কুমার বিশ্বজিৎ, নগর বাউল জেমস, হাবিব ওয়াহিদ ও অর্ণবের সঙ্গে। এ ছাড়া সুর করছেন, বিজ্ঞাপনের জিঙ্গেল দিচ্ছেন। কখনো কখনো নিজেও গান করছেন। এখন মায়ের অনুভূতি কী? মুঠোফোনের ওপারে থেকেও মিঠুনের কণ্ঠের উচ্ছ্বাস স্পষ্ট বোঝা যাচ্ছিল। বললেন, ‘আমাকে নিয়ে মা গর্ব করেন। আমি নতুন কোনো সুর তুলে মাকে শোনালে খুব খুশি হন, মতামতও দেন। তবে মা বেশি উচ্ছ্বসিত হন যখন আমি নিজে গান করি। গান খুব বেশি করা হয়নি। চেষ্টা আছে গানও নিয়মিতভাবে করার। অবশ্য মাঝে মাঝে বিষণ্নতা আমাকে গ্রাস করে। তখনো আমার আশ্রয় মা। রাগ করে মা আমাকে বলেন, “তুই গান-বাজনা কেন করতে গেলি?” আমি বলতাম তুমি কেন শিল্পী হলে? পরক্ষণে চুপ মেরে যান। পরে মা-ছেলে মিলে সমাধান করি।’
কল্যাণী ঘোষের অনেক গান শ্রোতাদের হৃদয়ে ঝড় তুলে। মায়ের গানের মধ্যে মিঠুনের প্রিয় কোনগুলো? ‘মায়ের সব গানই আমার ভালো লাগে। তবে মাইজভান্ডারি গানের প্রতি অনুরাগটা বেশি। আমার অন্নপ্রাসনও হয়েছিল মাইজভান্ডার দরবারে। এ জন্য মনে হয় মাইজভান্ডারি গানের ছন্দ আমার ভেতরে খেলা করে। এ ছাড়া বিরহ ধাঁচের গানগুলো বেশ ভালো লাগে। আমার ইচ্ছা আছে মায়ের বাছাই করা কিছু গান আবার নতুন করে শ্রোতাদের সামনে আনব। ইতিমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছি।’ বললেন মিঠুন।
আরও একটু এগিয়ে এবার শৈশবের প্রসঙ্গ। কণ্ঠে দৃঢ়তা এনে বললেন, ‘ছোটবেলা থেকে মা আগলে রেখেছেন। মা নিজে শিল্পী হওয়ায় তাঁর ব্যস্ততা ছিল। তার পরও কখনো কোলছাড়া করেননি। অনুষ্ঠানে ও রেকর্ডিংয়ে আমাকে সঙ্গে নিয়ে যেতেন। এমনও সময় গেছে মায়ের গানের রেকর্ডিং চলছে, এদিকে আমি কোলে ঘুমিয়ে। আমাকে কোলে নিয়ে অসংখ্যবার গান রেকর্ডিং করেছেন। আমিও এই ব্যাপারটিতে আনন্দ পেতাম। এভাবে সংগীতের প্রতি আমার টানটা দিন দিন গাঢ় হয়েছে।’
মিঠুনের কাছে সংগীত এখন বড় সাধনা। জন্মগতভাবেই যে-ই ভিত গড়ে দিয়েছেন মা কল্যাণী ঘোষ। ভবিষ্যতে ছন্দের এই পথে থাকতে চান তিনি। এ ক্ষেত্রে মিঠুনের প্রেরণা মায়ের সেই গান, যেটি তাঁকে কোলে নিয়ে রেকর্ডিং করেছিলেন—‘ঘুম যা রে দুধর বাচা, ঘুম যা রে তুই/ ঘুমুতন উডিলে বাচা বওচ্চু দিয়্যুম মুই।’