'ঘৃণা করি দুর্নীতি'

এ সপ্তাহে নগরের পাঁচটি বিদ্যালয়ে ‘দুর্নীতিবিরোধী শপথ’ শিরোনামের অনুষ্ঠানে প্রায় আট হাজার শিক্ষার্থী দুর্নীতি না করার শপথ গ্রহণ করে
‘আমি দুর্নীতিকে ঘৃণা করি। সব ধরনের দুর্নীতি থেকে নিজেকে বিরত রাখতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। শিক্ষা ও পেশাগত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি যেকোনো অসদুপায় অবলম্বন থেকে বিরত থাকব এবং সততা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করব।’ এভাবেই দুর্নীতির বিরুদ্ধে দৃপ্ত শপথবাক্য উচ্চারণ করল তারুণ্য। এ সপ্তাহে নগরের পাঁচটি বিদ্যালয়ে ‘দুর্নীতিবিরোধী শপথ’ শিরোনামের অনুষ্ঠানে প্রায় আট হাজার শিক্ষার্থী দুর্নীতি না করার শপথ গ্রহণ করে।
দুর্নীতিবিরোধী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত রোববার দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ সপ্তাহের উদ্বোধনী দিনে নগরের কলেজিয়েট স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। শপথবাক্য পাঠ করান ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সনাকের উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ সিকান্দার খান। বুকে হাত দিয়ে শুধু দুর্নীতিমুক্ত বাংলাদেশ নয়, মাতৃভূমির প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনেও অঙ্গীকার করে শিক্ষার্থীরা।
এর পরদিন সোমবার চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা শপথ পাঠ করে। মঙ্গলবার শপথ গ্রহণের আসর বসেছিল চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে। গতকাল নগরের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ করে। আজ সরকারি মুসলিম উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই শপথ গ্রহণের আয়োজন। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই প্রাত্যহিক সমাবেশ শেষে শুরু হয় অনুষ্ঠান। এতেই শপথ গ্রহণ করে শিক্ষার্থীরা। শপথ পাঠ করান সনাক ও টিআইবির সদস্যরা। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বক্তব্য প্রদানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর শিক্ষার্থীদের দৃপ্ত শপথবাক্যে মুখরিত হয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণ।
গত মঙ্গলবার শপথ গ্রহণ শেষে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে ফারিহা তাসনীম প্রথম আলোকে বলে, ‘দুর্নীতি করা ভালো না। এটি আমাদের কষ্টের দিকে নিয়ে যায়, আজকের আয়োজনে আমি এটাই শিখলাম। জীবনে কখনো কোনো দুর্নীতি করব না।’ সনাক সভাপতি প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার প্রথম আলোকে বলেন, ‘দুর্নীতির বিষবৃক্ষ নির্মূূল করতে নতুন প্রজন্মকেই ভূমিকা পালন করতে হবে। তাই নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে আমাদের এমন আয়োজন।’
সনাক সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে চট্টগ্রাম শহরের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ শপথ অনুষ্ঠান পরিচালনা করা হবে, যাতে শিক্ষার্থীদের মনে দুর্নীতির বিরুদ্ধে ঘৃণার সৃষ্টি হয় এবং তারা পেশাগত জীবনে সৎ ও নীতিমান থাকে।