‘চট্টগ্রাম দেশের সবচেয়ে সুন্দর শহর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলী যাকের একাধারে নাট্যকর্মী, নাট্যনির্দেশক, উপস্থাপক ও বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের কর্ণধার। ঢাকায় বেড়ে উঠলেও এই শহরেই তাঁর জন্ম। সম্প্রতি তিনি ডেইলি স্টার-দৃষ্টি আয়োজিত ব্রেনস্টর্মিং প্রতিযোগিতা উপলক্ষে চট্টগ্রামে এলে তাঁর সঙ্গে আলাপ হয়। চট্টগ্রামের প্রকৃতি ও মানুষ তাঁকে সব সময় মুগ্ধ করে। তাই চট্টগ্রামে আসার প্রস্তাব পেলে শত ব্যস্ততা থাকলেও ‘না’ বলতে পারেন না। অনেক আগে তিনি গ্যালিলিও নাটকটি নিয়ে এই বন্দরনগরে এসেছিলেন, যার স্মৃতি এখনো নাড়া দেয় তাঁকে। জানালেন, সুযোগ পেলে আবারও চট্টগ্রামে আসবেন নাটকটি নিয়ে। গ্যালিলিও নাটকে অভিনয়ের প্রসঙ্গ তুলতেই হাস্যোজ্জ্বল হয়ে ওঠে তাঁর মুখ। তাঁর মতে, অভিনয়জীবনের সেরাটাই দিয়েছেন এ নাটকে। চট্টগ্রামের নাট্যাঙ্গনে একসময় অনেক ভালো কাজ হয়েছে। অনেক তরুণ-তরুণী নাটকের সঙ্গে জড়িত হয়েছেন। নাটককে ঘিরে একসময় প্রবল উত্তেজনা ছিল। সে উত্তেজনা হ্রাস পেলেও চট্টগ্রামের নাট্যাঙ্গনে আবার সুদিন ফিরে আসবে বলে তিনি মনে করেন। আলী যাকের বলেন, ‘আবার নতুন করে যখন তরুণেরা আসবে, গতির সঞ্চার হবে চট্টগ্রামের নাটকে। এই বিশ্বাস আমার আছে।’ চট্টগ্রামের নাট্যাঙ্গনের অনেকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। তাঁদের অনেকেই নাটকের সঙ্গে এখন আর নেই। এখন যাঁরা সক্রিয় আছেন, তাঁদের মধ্যে আহমেদ ইকবাল হায়দারের সঙ্গে তাঁর সখ্য রয়েছে বলে জানালেন। চট্টগ্রামে তাঁর বহু সুখকর স্মৃতি আছে। ছেলেবেলায় ডিসি পাহাড়ে ভাই-বোনদের সঙ্গে খেলতে যেতেন। পাহাড়ের ওপর সবুজ ঘাসের গালিচা খুব টানত তাঁকে। তাঁর পছন্দের খাবারের তালিকায় আছে চট্টগ্রামের শুঁটকি। সামুদ্রিক মাছের শুঁটকি তাঁর ভীষণ প্রিয় বলে জানালেন। মাছের মধ্যে প্রিয় চট্টগ্রামের লইট্টা মাছ। চট্টগ্রামকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর বলে মনে করেন তিনি। এই শহরের সৌন্দর্য রক্ষায় নগরবাসীকে সচেতন থাকার অনুরোধ জানান তিনি। এখানকার পরিবেশদূষণ ও পাহাড় কাটার সংবাদ শুনলে বিচলিত বোধ করেন তিনি। পাহাড় কাটার মতো পরিবেশবিনাশী কার্যক্রম বন্ধ হওয়া উচিত বলে তিনি মনে করেন। চট্টগ্রামের মানুষকে তিনি অতিথিপরায়ণ ও বন্ধুবৎসল মনে করেন। এখানকার বাসিন্দারা প্রগতিশীল সংস্কৃতিচর্চাকে সব সময় এগিয়ে নিয়ে গেছেন বলে তিনি জানান। অনেক সময় বিভিন্ন বিষয়ে পরামর্শ নেওয়া জন্য এখানকার পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তাঁর মতে, চট্টগ্রাম ব্যবসা-বাণিজ্য, রাজনীতি ও সংস্কৃতিতে দেশকে নেতৃত্ব দিচ্ছে। তাই এই শহরের মানুজনের প্রতি বরাবরই শ্রদ্ধা পোষণ করেন তিনি।