'চট্টগ্রাম মূকাভিনয়ের রাজধানী'
২৮ নভেম্বর ভারতের ন্যাশনাল মাইম ফেস্টিভ্যালে যোগ দিতে সে দেশে যাচ্ছে চট্টগ্রামের মূকাভিনয়চর্চার দল প্যান্টোমাইম মুভমেন্ট। দলটির প্রধান রিজোয়ান রাজন মূকাভিনয়চর্চার বিভিন্ন দিক নিয়ে প্রথম আলোর মুখোমুখি হয়েছেন

ভারতযাত্রা
ইন্ডিয়ান মাইম থিয়েটারের আমন্ত্রণে মূকাভিনয় উৎসবে এ নিয়ে দুবার যাওয়া হচ্ছে। উৎসবে দেশটির ২২টি প্রদেশের মূকাভিনয় দল অংশ নিচ্ছে। সাত দিনের এই উৎসবে সকালে কর্মশালা আর বিকেলে থাকছে মূক নাটক প্রদর্শনী। প্যান্টোমাইম সেখানে অ্যান ইনোসেন্ট ডেথ নামের একটি মূক নাটক মঞ্চায়ন করবে। বাংলাদেশ থেকে প্যান্টোমাইম ছাড়াও ঢাকার রূপঙ্কর কালচারাল সেন্টার উৎসবে যোগ দিচ্ছে।
প্যান্টোমাইমের পথচলা
১৯৯৫ সালের ১৪ এপ্রিল আমাদের যাত্রা শুরু। এই দলটি প্রথম রাজপথে মূকাভিনয় প্রদর্শনীর প্রচলন করে। শুরুতে দেবাংশু হোর, মইনুল শাওন ও এস এইচ সায়মন সংগঠনের নেতৃত্বে ছিলেন। এখন এই দলে ৩০ জন মূকাভিনয় শিল্পী রয়েছেন। এ পর্যন্ত প্যান্টোমাইম প্রায় এক হাজারের মতো প্রদর্শনী করেছে। এর মধ্যে সেলিম আল দীনের প্রাচ্য নাটকের নির্বাক উপস্থাপন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ২০১২ সালে শিল্পকলা একাডেমী ঢাকায় মুক্তিযুদ্ধের জাতীয় নাট্য উৎসবের আয়োজন করে। উৎসবে প্যান্টোমাইম মূক নাটক ফ্রিডম উপস্থাপন করে।
কোন ধারার অনুসারী
আমাদের দলের শিল্পীরা ফ্রান্সের মূকাভিনয় শিল্পী মার্শাল মার্শোর ধারা অনুসরণ করেন। বিশ্বব্যাপী এই ধারার চর্চা হয় বেশি। পাশাপাশি আমাদের কাজে নাটকের উপাদানও আছে।
চট্টগ্রামে মূকাভিনয় চর্চা
দেশে ও দেশের বাইরের শিল্পীরা চট্টগ্রামকে মূকাভিনয়ের রাজধানী বলে সম্বোধন করে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। এখানে বহু বছর ধরে মূকাভিনয়ের চর্চা হচ্ছে। নানা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের কাছে প্রশিক্ষণ নিচ্ছে। প্যান্টোমাইম নামের মূকাভিনয়বিষয়ক পত্রিকাও বের করি আমরা নিয়মিত।
ভবিষ্যৎ পরিকল্পনা
চট্টগ্রামে একটি মূকাভিনয় ইনস্টিটিউট গড়ে তোলার কাজ শুরু করেছি। ইতিমধ্যে এ ব্যাপারে ইন্ডিয়ান ন্যাশনাল মাইম ইনস্টিটিউটের অনুমোদনও পেয়েছি।
সাক্ষাৎকার: আহমেদ মুনির