‘চট্টগ্রামে গণহত্যা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘১৯৮৮ সালের ২৪ জানুয়ারির গণহত্যা একটি জাতীয় দুর্ঘটনা। সেদিন শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাতের চেষ্টা করা হয়।’ তিনি ২১ আগস্টের গ্রেনেড হামলাকে ২৪ জানুয়ারির হামলারই দ্বিতীয় সংস্করণ বলে মন্তব্য করেন। আমু আরও বলেন, ওই সময়ের মামলাটি অতীতে নানা কারণে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা হয়েছে। সরকার দ্রুত এই গণহত্যার বিচারকাজ শেষ করার দিকে নজর দেবে। সম্প্রতি চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে সাংবাদিক নিরুপম দাশগুপ্তের চট্টগ্রাম গণহত্যা: প্রত্যক্ষদর্শীর জবানবন্দি বইয়ের প্রকাশনা উত্সবে প্রধান অতিথির বক্তব্যে আমু এসব কথা বলেন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মানবাধিকারকর্মী রানা দাশগুপ্ত, দৈনিক আজাদীর বার্তা সম্পাদক সমীর ভট্টাচার্য, দৈনিক পূর্বকোণ-এর বার্তা সম্পাদক আবু তাহের মুহাম্মদ ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ। আলোচক প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন শুভেচ্ছাপত্রে আলোচ্য গ্রন্থটিকে ইতিহাসের দলিল বলে মন্তব্য করেন। তাঁর লিখিত বক্তব্য পড়েন ভাস্কর রায় চৌধুরী।