১৯৭২ কি ৭৩ সাল। পীযূষ বন্দ্যোপাধ্যায় বন্ধু বিপ্লবের আমন্ত্রণে প্রথমবার চট্টগ্রামে এসেছিলেন। আর প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলেন। সে যাত্রায় থেকেছিলেন ১৯ দিন। এরপর থেকে বারে বারে তাঁর চট্টগ্রামে আসা। কখনো নাটকের কাজে, কখনো বা সাংগঠনিক কাজে, কখনো বা শুধুই বেড়াতে। চট্টগ্রামে তাঁর অনেক বন্ধু—মনসুর উল করিম (চিত্রশিল্পী), হাসি চক্রবর্তী, অলক রায়, কাইয়ূম চৌধুরী, কমল সেন গুপ্ত, শিশির দত্ত, স্বপন দত্ত, প্রয়াত ছদরুল পাশা, আকরাম রেজা, সুচরিত চৌধুরী, আবুল মনসুর ও আবুল মোমেন। অনুপম সেনের সান্নিধ্য তাঁকে মুগ্ধ করেছে। প্রবাল চৌধুরীর সঙ্গে বন্ধুত্ব মুক্তিযুদ্ধের সময় থেকে। চট্টগ্রামের সার্সন রোড, জিলাপি পাহাড় ও প্রবর্তক সংঘ তাঁর প্রিয় জায়গা। বহুদিন গভীর রাত পর্যন্ত পতেঙ্গা সমুদ্রসৈকতে আড্ডা দিয়েছেন। বিপণি বিতানের সামনে চিম্বুক রেস্তোরাঁ, রেলওয়ের ওভার ব্রিজে (উড়াল সেতু), পাথরঘাটায় শিশির দত্তের বাসায় বন্ধুদের নিয়ে অনেক সময় কাটিয়েছেন। স্ত্রী জয়ার সঙ্গে প্রথম পরিচয় হয়েছে চট্টগ্রামের আড্ডায়।চট্টগ্রামে একবার বিপদে পড়েছিলেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। ‘ঢাকা থেকে গিয়ে দেখি, বন্ধু হাসি চক্রবর্তীকে পুলিশ ধরে নিয়ে গেছে। কারণ ওর এক বন্ধু চন্দ্র শেখর এক মেয়েকে অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ে করেছেন।’হাসির আছে বড় গোঁফ আর চন্দ্রশেখরের দাড়ি। দাড়িওয়ালা বন্ধুর বিয়ের কারণে গোঁফওয়ালা হাসি আটকে গেলেন। এ নিয়ে হাসি সব সময় মজা করে বলেন, ‘দোষ করে দাড়িওয়ালা, ধরা পড়ে গোঁফওয়ালা।’পীযূষ শুঁটকি ও লইট্যা মাছ খাওয়া শিখেছেন চট্টগ্রামে। মেহেদীবাগে শ্বশুর বিমল কর ও শাশুড়ি মঞ্জুশ্রী করের আদরটা তিনি উপভোগ করেন বেশি। তাঁর মতে, ‘চট্টগ্রামের লোক তো অতিথি পরায়ণ। তবে জামাই আদরটা একটু বেশি করে ফেলে। শাশুড়ি এত ভালো ভালো রান্না করে খাওয়ান। ফলে যতবারই চট্টগ্রাম থেকে ফিরি মনে হয় ওজন বেড়ে গেছে।’ চট্টগ্রামের প্রতি একটা আলাদা শ্রদ্ধাবোধ তাঁর আগে থেকেই ছিল। বিশেষ করে প্রীতিলতা, সূর্য সেন, আব্দুল করিম সাহিত্য বিশারদ, আবুল ফজল, রমেশ শীল, মাহবুব-উল-আলম চৌধুরী, আহমেদ শরীফের মতো মনিষীদের কথা মনে এলেই সম্ভ্রম জাগে।বিশেষভাবে মনে পড়ে জিয়া হায়দারকে। আতাউর রহমান খান কায়সার, ইউসুফ গণিও তাঁকে গভীরভাবে স্নেহ করতেন। তিনি মনে করেন, লিটল ম্যাগ, আবৃত্তি চর্চার ক্ষেত্রে চট্টগ্রামের ভূমিকা রয়েছে। স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলা গানকে জনপ্রিয় করতে সোলসের অবদান স্বীকার করতেই হবে। একসময় তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বুঝতেন না। এখন বোঝেন। বেশি ভালো লাগে যখন লোকজন বলেন,? ‘খাই ফেল বাজি’। মানে খেয়ে ফেলো বাবাজি।